বিদেশি কোচ নয়, খেলোয়াড় তৈরিতে নজর দিন

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ফুটবলে ফিরে এসেছে সেই চেনা দৃশ্য। জাতীয় দলের কোচ হয়ে কোনো বিদেশি এসেই বাফুফে ভবনে ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে দেখা করেন। সেই ছবি পরদিন ছাপা হয় বিভিন্ন দৈনিকে।

নতুন কোচে মুগ্ধ সালাউদ্দিন সংবাদমাধ্যম কাঁপিয়ে বক্তব্য দেন। তারপর নতুন কোচকে পরিচয় করিয়ে দেওয়া হয় সংবাদমাধ্যমের সামনে। তাতে উচ্ছ্বাসের ঢেউ বয়ে যায় কর্তাদের মধ্যে।

আজ যেমন নতুন কোচ হাভিয়ের কাবরেরাকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। এ উপলক্ষে বাফুফে ভবনে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

হাভিয়েরের পূর্বসূরি জেমি ডে, ফাবিও লোপেজ, লোডভিক ডি ক্রুইফদের নিয়েও এভাবে ঘটা করে সংবাদ সম্মেলনে করা হয়। নতুন কোচকে বাফুফে ভবনে বরণ করতে কিছু আয়োজনও থাকে।

এসব দেখে পুরোনো স্মৃতি মনে পড়ে। অস্টো ফিস্টার, সামির শাকির, জর্জ কোটান, জোরান জর্জেভিজদের বেলাও একই রকম উচ্ছ্বাস দেখা গেছে বাফুফের কর্তাদের মধ্যে। কাজী সালাউদ্দিন ২০০৮ সালে বাফুফে সভাপতি হওয়ার পর ব্রাজিলিয়ান কোচ এডসন সিলভা ডিডোকে ঢাকঢোল পিটিয়ে, ফুল ছিটিয়ে বাফুফে ভবনে সাদর অভ্যর্থনা জানানোর ছবিটা কখনো ভোলার নয়। সেদিন এক হুলুস্থুল কাণ্ডই হয়েছিল।

জাতীয় ফুটবল দলের নতুন কোচ হাভিয়ের কাবরেরা
ছবি: বাফুফে

বিদেশি কোচ এনে সংবাদমাধ্যমে সঙ্গে তাঁর পরিচয় পর্বে বাফুফের কর্তাদের উচ্ছ্বাসের ঢেউ নজর কাড়ে আলাদাভাবে। কর্তাদের মুখে দেখা যায় জয়ের হাসি। একজন বিদেশি কোচ আনতে পারাকেই তাঁরা জয় হিসেবে প্রচার করেন। ভাবেন, এই বুঝি কোনো এক দেবদূত চলে এসেছেন। তিনি আমাদের উদ্ধার করবেন। সাফ চ্যাম্পিয়নশিপ এনে দেবেন। ১৯০ ফিফা র‍্যাঙ্কিং ছুঁই ছুঁই অবস্থা থেকে দেশকে নিয়ে আসবেন অন্তত ১৫০-এর আশপাশে। বাস্তবতা হলো, কিছুই হয় না।

তবে সব কোচের শুরুটা হয় দারুণ এক আন্তরিক পরিবেশে। দুই পক্ষে এমন বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি হওয়ায় মনে হয়, এই কোচ বুঝি অনন্তকাল থেকে যাবেন!

কিন্তু দুঃখজনকভাবে দ্রুতই কোচ-বাফুফে সম্পর্কের ইতি ঘটে। কোচের সঙ্গে ‘প্রেমপর্ব’ চুকে গেলে বেশির ভাগ ক্ষেত্রেই সেটা রূপ নেয় অকালবিচ্ছেদে। কোচ তাড়াতে উঠেপড়ে লাগেন বাফুফের অন্দরের কেউ কেউ। এ কারণে অচিরেই প্রয়োগ করা হয় সেই মোক্ষম অস্ত্র—কোচ ছাঁটাই।

ব্রাজিলিয়ান কোচ ডিডোর বিদায়ের ক্ষণটা এখনো চোখে ভাসে। জাতীয় দলের জন্য বেশ কিছু খেলোয়াড় তৈরি করা ডিডো ঢাকা ছাড়ার দিন গুলশানের বাসা থেকে যখন বেরোন, এই প্রতিবেদকও সেখানে ছিলেন।

সেদিন ডিডো ছাপার অযোগ্য ভাষায় বাফুফের কোনো কোনো কর্মকর্তাকে তুলাধোনা করেন। দেশের ফুটবল ধ্বংসের জন্য তাঁদের দায়ী করেন। এভাবে কোচ আসা–যাওয়ার মিছিলে স্বাধীনতার পর এ পর্যন্ত ২৩ জন বিদেশি কোচ দেখে ফেলেছে জাতীয় দল।

ভালো মানের ফুটবলার তৈরি করতে পারছে না বাফুফে
ফাইল ছবি

কোচরা কোথাও চিরস্থায়ী নন, এটা ঠিক। কিন্তু বিদেশি কোচ এনে তাঁকে সময় না দিয়ে অল্প দিনেই অধৈর্য হয়ে পড়ে বাফুফে। একবারও ভাবে না, একজন কোচ ততটাই ভালো, যতটা তাঁর দল। মাঠের খেলায় নিজেদের ভালো করার ক্ষমতা নেই, অথচ কোচের কাছে বড় প্রত্যাশা।

ফলে, প্রত্যাশা আর প্রাপ্তির যোগফল না মেলায় ‘এই কোচ চলে না’ সিদ্ধান্ত নিয়ে নতুন কোচের সন্ধানে নামে বাফুফে।

এরই ধারাবাহিকতায় অনভিজ্ঞ কোচ এনে বসিয়ে দেওয়া হচ্ছে জাতীয় দলের চেয়ারে। কোনো জাতীয় দল দূরের কথা, ক্লাব পর্যায়েই কোচিং না করানো হাভিয়ের কাবরেরা বাংলাদেশের কোচ হিসেবে নিয়োগ পেয়েই আসলে বর্তে গেছেন।

তাঁকে পাশে বসিয়ে যথারীতি আজও আশার বেলুন ফোলাবেন বাফুফের কর্তারা। এমন ভাব করবেন যেন কোচের হাতে জাদুর কাঠি আছে। তিনি জাদুদণ্ড ছোঁয়ালেই জেগে উঠবে বাংলাদেশের জাতীয় দল।

কিন্তু কোচ এনে কী লাভ যদি না দেশে আন্তর্জাতিক মানের ফুটবলার তৈরি হয়! বাংলাদেশে আন্তর্জাতিক মানের ফুটবলার নেই, কর্তারা ভালো করেই জানেন। সেই মানের ফুটবলার তৈরির চেষ্টাও নেই। তাই প্রশ্ন আসে, কোচ এনে আসলে কতটা লাভ? মাঠে তো কোচ খেলবেন না। ফুটবলারদেরই খেলতে হবে।

বাংলাদেশের ফুটবলে নেই বড় কোনো তারকা
ফাইল ছবি

কোচ হয়তো তাঁর কৌশল ও কোচিং–মেধা দিয়ে জাতীয় দলের খেলায় ১০ শতাংশ উন্নতি আনতে পারেন। সেটার জন্যও সময়ের প্রয়োজন। কিন্তু কোচকে সময় না দিয়ে বড় কিছু আশা করলে তো হবে না। হাভিয়েরের সঙ্গে আপাতত চুক্তি মাত্র ১১ মাসের। এই সময়ে তিনি বাংলাদেশকে সাফের ফাইনালে নেবেন বা কাজী সালাউদ্দিনের ভাষায় ‘শেষ চার মিনিটে গোল খাওয়া’ আটকাতে পারবেন কি না, সংশয় থাকছেই।

সংশয় থাকছে, কারণ ফুটবলারদের সামর্থ্যের ঘাটতি। ফুটবলীয় আড্ডায় অনেকে বলেন, জোসে মরিনহোর মতো কোচ এনেও লাভ হবে না বাংলাদেশের ফুটবলে, যদি ফুটবলার তৈরির কার্যকর পথে না যায় ক্লাবগুলো। সেই পথ খোঁজা হচ্ছে না। তবে একের পর এক বিদেশি কোচ আনা হচ্ছে।

ফুটবলার তৈরিতে ক্লাবগুলোর নজর নেই। প্রিমিয়ার লিগ নিয়েই তারা ব্যস্ত। দু-একটি বাদে বাকি ক্লাবগুলো প্রিমিয়ার লিগে খেলতে বড় অঙ্কে খেলোয়াড় কেনে। কিন্তু নিজেরা খেলোয়াড় তৈরি করছে না। দিন দিন তাই খেলোয়াড় তৈরির সিঁড়ি ভেঙে পড়ছে।

বড় তারকা না থাকায় গ্যালারিতে দর্শকও তেমন দেখা যায় না
ফাইল ছবি

ঢাকার বাইরে লিগগুলো ঠিকমতো হয় না। বাফুফে দেখেও দেখে না এসব। বাফুফে রয়ে গেছে ‘ঢাকা ফুটবল ফেডারেশন’ হিসেবেই। সারা দেশের ফুটবল উন্নয়নে ভূমিকা রাখছে না তারা। এ কারণে ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন’ও আর হয়ে উঠতে পারেনি দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

বাফুফে, ক্লাব, জেলা—সবাই গড্ডলিকাপ্রবাহে গা ভাসিয়েছে। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) চাপে পড়ে ক্লাবগুলোর বয়সভিত্তিক ফুটবল চালু করলেও সেটা মুখ থুবড়ে পড়েছে। বয়সভিত্তিক টুর্নামেন্টটি অনিয়মিত। বয়সভিত্তিক দল গঠনে (দু–একটি ক্লাব বাদে) আগ্রহী নয় বেশির ভাগ ক্লাব।

বাফুফের আজ পর্যন্ত ক্লাবগুলোকে এসব ব্যাপারে জবাবদিহির আওতায় আনতে পারেনি। অথচ বাফুফের নেতৃত্বে ক্লাব কর্মকর্তারাই। সেই কর্মকর্তাদের বেশির ভাগই যেকোনো টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে থাকতে পেরেই খুশি। বিদেশ সফরে যেতে পারলে তো কথাই নেই। ফুটবলের সত্যিকারের উন্নয়ন নিয়ে তাঁরা ভাবেন কী? প্রশ্ন থাকছেই।

এই যখন অবস্থা, সবকিছুর আগে দরকার ক্লাবগুলোকে শক্তিশালী করা। ক্লাবই ফুটবলের প্রাণ। ক্লাবের আর্থিক বনিয়াদ শক্ত না হলে টিকতে পারবে না জাতীয় দল। কিন্তু দুর্বল ক্লাব কাঠামোর মধ্যে বারবার বিদেশি কোচ আনলে কাজের কাজ কিছুই হবে না। মাঝখান থেকে জলে যায় দেশের কোটি কোটি টাকা।

বিদেশি কোচ আনায় ক্লান্তি নেই বাফুফের
ফাইল ছবি

প্রচারণা আছে, বিদেশি কোচ আনায় মধ্যস্বত্বভোগীরা লাভবান হয় আর্থিকভাবে। যে কোচকে ১০ থেকে ১২ হাজার ডলার দিয়ে আনে বাফুফে, সেই কোচ এর অর্ধেক বেতনে অন্যত্র কাজ পেলে বর্তে যান। ডাচ্‌ কোচ লোডভিক ডি ক্রুইফ যেমন কিছুদিন আগে বিকেএসপিতে কোচের চাকরি পেতে আবেদন করেন। শোনা যায়, বাফুফের সঙ্গে তাঁর যে চুক্তি ছিল, সেটার অর্ধেক টাকায় রাজি ছিলেন বিকেএসপিতে যোগ দিতে।

সে যা–ই হোক, কাজী সালাউদ্দিন বরাবর বলে আসছেন, ফুটবলার তৈরি বাফুফের কাজ নয়। তাঁর এই কথার সঙ্গে দ্বিমত করার কিছু নেই। তবে ক্লাবগুলোকে দিয়েও তিনি ফুটবলার তৈরি করাতে পারলেন না। এই জায়গায় তিনি নিদারুণভাবে ব্যর্থ। ক্লাবগুলোকে এ নিয়ে কোনো তাগিদও দিচ্ছেন না।

ক্লাব যখন কিছু করছে না, বাফুফের উচিত কার্যকর কিছু উদ্যোগ নেওয়া। দেশে আজ পর্যন্ত একটা কার্যকর ফুটবল একাডেমি করেনি বাফুফে। ভারতের কথা বাদই দেওয়া যাক, নেপালের মতো দেশেও তিনটি ফুটবল একাডেমি আছে।

এগুলো চালায় দেশটির ফুটবল ফেডারেশন। ছোট্ট মালদ্বীপও বেশ কয়েকটি একাডেমি করেছে। এসব দেশ বিদেশি কোচের পেছনে এত দৌড়ায় না, যতটা দৌড়ায় বাফুফে। ফুটবলের সত্যিকারের অবকাঠামো তৈরি না করে শুধু বিদেশি কোচের পেছনে দৌড়াতে বাফুফে যেন ক্লান্তিহীন। এ দেশে সবকিছু যেন জাতীয় দলকেন্দ্রিক।

ভালো মানের ফুটবলার তৈরি করতে না পারায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভালো করতে পারছে না বাংলাদেশ
ফাইল ছবি

বিদেশি কোচিং স্টাফের পেছনে মাসে ৩০ থেকে ৪০ লাখ টাকাও খরচ করেছে বাফুফে। গরির দেশের ফেডারেশন কোচের পেছনে টাকা খরচে কসুর করছে না। যত উদাসীনতা খেলোয়াড় তৈরিতে, ক্লাবগুলোকে শক্তিশালী করতে। তৃণমূলের ফুটবল উন্নয়নে নজর দিলে তবেই দেশের ফুটবলের মঙ্গল। বাফুফে কবে সেটা বুঝবে!