বিদেশি ফুটবলার কোটা কমল
প্রিমিয়ার ফুটবল লিগের দলগুলো এত দিন চারজন বিদেশি নিবন্ধন করে তিনজন মাঠে নামাতে পারত। ফুটবলের অধোগতির জন্য বিদেশির আধিক্যকে অনেকেই দায়ী করে আসছিলেন। এবার ‘ফুটবলের স্বার্থে’ বিদেশি কোটা কমিয়ে তিনজন নিবন্ধন ও দুজন খেলানোর নিয়ম করা হয়েছে কাল বাফুফের নির্বাহী কমিটির সভায়। তবে দলগুলোর ‘ক্ষতি’ কমাতে এক বিদেশির বদলি হিসেবে আরেক বিদেশি নামানোর নিয়মও করেছে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।
বাফুফের এই ম্যারাথন সভায় সিদ্ধান্ত হয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপের ব্যাপারেও। ফেডারেশনের বর্ষপঞ্জিতে ১১ মার্চ এটি শুরু হওয়ার কথা থাকলেও দল ও স্পনসরের সংকটে তা সময়মতো হয়নি। তবে অনিশ্চয়তা দূর করে আগামী মাসের শেষ সপ্তাহে ছয়টি জাতীয় দল নিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে বলে সভা শেষে জানিয়েছেন বাফুফের জ্যেষ্ঠ সহসভাপতি সালাম মুর্শেদী।
মুর্শেদীর দেওয়া তথ্য, এবার পেশাদার লিগের দ্বিতীয় স্তরে নতুন দল হবে বসুন্ধরা কিংস। দলটির আবেদনে সাড়া দিয়েছে নির্বাহী কমিটি। তবে প্রিমিয়ার লিগ থেকে অবনমিত ফেনী সকার ও উত্তর বারিধারার এই লিগে টিকে থাকার আবেদন নাকচ করা হয়েছে। তাই ফরাশগঞ্জ, ইয়ংমেন্স ফকিরেরপুল ও সাইফ স্পোর্টিংকে যোগ করে এবারের প্রিমিয়ার লিগ হবে ১৩ দলের।