বিদেশিদের নিয়েই জিতল রাসেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বিদেশি খেলোয়াড় নামানোর সুযোগ থাকলেও মাঝে একজনকে নিয়েও দল গড়েছেন দ্রাগান দুকানোভিচ। দলও পয়েন্ট হারিয়েছে। শেখ রাসেলের কোচ বলেছিলেন, তাঁর বিদেশিরা সব অচল। গত ম্যাচে ফরাশগঞ্জের সঙ্গে ২-২ ড্রয়ের পর অধিনায়ক মিঠুন চৌধুরী সব দায় চাপান দুই বিদেশির ওপর।
কাল সেই অচল বিদেশিদের তিনজনকেই নামিয়ে দেন দুকানোভিচ—পল এমিলি, আকিম সাইদ ও কিংসলে। সঙ্গে স্থানীয় এমিলি। এই শক্তিশালী আক্রমণভাগের সঙ্গে পেরে ওঠেনি ফেনী সকার। এক ম্যাচ পরই আবার জয়ে ফিরেছে শেখ রাসেল (২-১)।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে শেখ রাসেল প্রথম গোলটা করল জ্যামাইকান আকিমের সৌজন্যে। ১৪ মিনিটে তাঁর দারুণ শটটা পাঞ্চ করেন সকারের গোলকিপার সলিম উল্লাহ। ফিরতি বল জালে ঠেলে এই লিগে প্রথম গোলটি করেন হেমন্ত। কিন্তু ১৯ মিনিটেই পেনাল্টি থেকে ১-১ করে ফেলেন সকারের গাম্বিয়ান ফরোয়ার্ড জাত্তা মোস্তফা।
৬০ মিনিটে দুই এমিলির সমন্বয়ে ২-১। জাহিদ হাসান এমিলির ক্রসে পল এমিলির হেডে লক্ষ্যভেদ। ম্যাচে ফেরার সাধ্য আসলে আর ছিল না সকারের। মাঝমাঠের নিয়ন্ত্রণ রেখে দুই প্রান্ত ভালোই ব্যবহার করে বরং তৃতীয় গোলের অভিযান চালিয়ে গেছে শেখ রাসেল। চোট কাটিয়ে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমেছেন উইঙ্গার জাহিদ। এতে আক্রমণের ধার বাড়ে শেখ রাসেলের।
পঞ্চম জয়ে পয়েন্ট তালিকায়ও ওপরের দিকে উঠল দুকানোভিচের দল। ৮ ম্যাচে মুক্তিযোদ্ধার (৯ ম্যাচ) সমান ১৬ পয়েন্ট হলেও এখন দ্বিতীয় স্থানে শেখ রাসেল। চার হারে ৮ পয়েন্ট নিয়ে ফেনী সকার আটে।