বিদেশিদের ভিড়ে আসলামরা পেরেছেন, এমিলিরা পারেন না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৮৮ সালের ফেডারেশন কাপ ফাইনালের ছবি। আবাহনীর গোলমুখে হেড করতে লাফিয়েছেন মোহামেডানের ইরানি স্ট্রাইকার ভিজেন তাহিরি। তাহিরি সে মৌসুমে ২৪ গোল করেছিলেন। এখন ঘরোয়া ফুটবলে এ মানের বিদেশি খেলোয়াড় দেখা যায় না বললেই চলে। ছবি: সংগৃহীত।
১৯৮৮ সালের ফেডারেশন কাপ ফাইনালের ছবি। আবাহনীর গোলমুখে হেড করতে লাফিয়েছেন মোহামেডানের ইরানি স্ট্রাইকার ভিজেন তাহিরি। তাহিরি সে মৌসুমে ২৪ গোল করেছিলেন। এখন ঘরোয়া ফুটবলে এ মানের বিদেশি খেলোয়াড় দেখা যায় না বললেই চলে। ছবি: সংগৃহীত।

ঢাকার বিমানবন্দরে নেমেই বেচারা পড়লেন বিপদে। প্রয়োজনীয় ভিসা না থাকায় গতকাল তাঁকে সাত ঘণ্টা বসে থাকতে হলো। শেষমেশ ভিসা মিলল এবং চেনচো গেইলসেন এলেন শহরে।
নামটা চেনা লাগছে? হ্যাঁ, ভুটানের ফরোয়ার্ড। সাত নম্বর জার্সিধারী এই চেনচোই ১০ অক্টোবর থিম্পুতে বাংলাদেশ ‘খুন’ করলেন। ৩-১ গোলে ভুটানের জয়ে তাঁর দুই গোল। থাইল্যান্ড লিগে খেলা চেনচোকে চট্টগ্রাম আবাহনী এনেছে প্রিমিয়ার লিগে খেলাতে। একসময় ভুটানকে গুনে গুনে গোল দিত বাংলাদেশ। কী পরিহাস, সেই ভুটানের ফুটবলারই এখন বাংলাদেশের ক্লাবে খেলতে আসেন!
বাংলাদেশের ক্লাবগুলো এক-দুজন নয়, ঝাঁকে ঝাঁকেই বিদেশি আনছে। আসলে আনছে বড় শরীরের আফ্রিকান। কেউ লিগে টিকে থাকতে, কেউ শিরোপাজয়ের স্বপ্ন পূরণে আনে। কিন্তু অনেকের মতে, এই বিদেশিরাই বাংলাদেশের ফুটবল উন্নয়নে বড় বাধা!
সত্যিই বাধা কি না, তা নিয়ে তর্ক-বিতর্ক হতে পারে। তবে এটা ঠিক, বিদেশিদের কারণে ঘরের ছেলেদের অনেককেই ডাগ আউটে বসে থাকতে হয়। প্রতিটি দলের গুরুত্বপূর্ণ জায়গায় বিদেশিরা খেলার কারণে ভালো মানের ফুটবলার তৈরির প্রক্রিয়াটাও যেমন থমকে আছে। জাতীয় দলে স্ট্রাইকার সংকট বোধ হয় এই অভিযোগের সত্যতাই প্রমাণ করে।
সমস্যাটা অনেক দিনের। কিন্তু প্রশ্ন হচ্ছে, দায়টা কি শুধু বিদেশিদের? স্থানীয় ফুটবলারদের কোনো দায় নেই? যাঁরা সুযোগ পান দলে, তাঁরা কী করছেন? তাঁরাও তো দাগ কাটতে পারেন না। তা ছাড়া ভুলে গেলে চলবে না, বিদেশিদের কাছে ঘরের ছেলেদের শেখার আছে অনেক। অনেকেই অবশ্য তাচ্ছিল্যভরে বলেন, শিখবে আর কী! বিদেশিদের যা ছিরি!
এটা ঠিক, ছোট বা মাঝারি দলগুলোর বিদেশিদের সবাই অতটা মানসম্পন্ন নন। কিছু নিম্নমানের বিদেশি, অর্থাৎ আফ্রিকান আসছেনই। তাঁরা আবার দল বেঁধে ঢাকার বাইরে খেপ খেলে বেড়ান। তবে সত্যিটা হলো এ-ই, তাঁদের টপকেও ঘরের ছেলেরা নিজ দলে জায়গা করে নিতে ব্যর্থ।
মূল সত্যিটা হলো, বিদেশি যে মানেরই আসুক, বাংলাদেশের ফুটবলারদের চেয়ে তাঁরা ঢের এগিয়ে। তা ছাড়া এখন বড় ক্লাবগুলো ভালো মানের বিদেশি আনছে। সাম্প্রতিক বছরে আসা হাইতির দুরন্ত ফরোয়ার্ড সনি নর্দের কথা আসছেই। তাঁর খেলা দেখতে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু কিনা একদিন বঙ্গবন্ধু স্টেডিয়ামে হাজির! কদিন আগে তিনি বলছিলেন, ‘ভালো ফুটবলার এখন আর আসে না তা নয়। নইলে আমি সনি নর্দের খেলা দেখতে গেলাম কীভাবে!’
আরও পেছনে চোখ ফেরালে স্মৃতিকাতরতায় ভোগাবে অনেক মুখ। সামির শাকির, করিম মোহাম্মদ আলভি, এমেকা ইজিউগো, ভিজেন তাহিরি, নালজেগার, মোর্তজা, বোরহানজাদেহ, সের্গেই ঝুকভ, ওলেগ জিভতনিকভ, আজামত রহিমভ এমন কত কত নাম! কত প্রিয় মুখ! বঙ্গবন্ধু স্টেডিয়ামের ঘাসে তাঁরা রেখে গেছেন মন কাড়া ফুটবলের ছোঁয়া। আজ তেমন সাড়া হয়তো পড়ে না কোনো বিদেশিকে ঘিরে। তবে ওয়েডসনের মতো গোল মেশিন কিন্তু ঠিকই আসে। শেখ জামালের আক্রমণভাগে তাঁর সঙ্গে ল্যান্ডিং, এমেকার রসায়ন দলটিকে বিদেশেও সাফল্য এনে দিয়েছে। আবাহনীর ব্রিটিশ ফরোয়ার্ড লি টাকও নিজেকে প্রমাণ করেছেন দারুণভাবে।
সত্যি বলতে, ঢাকায় আসা বিদেশিরা টাকা নেন ঘাম ঝরিয়ে, বাড়তি পরিশ্রম ঢেলে। মাসে এক-দেড় হাজার ডলার থেকে আট হাজার ডলার তাঁদের মূল্য। অথচ স্থানীয়রা তাঁদের চেয়ে ঢের বেশি টাকা পান। সর্বোচ্চ মানের একজন বিদেশি সাত মাস খেলে না হয় ৪০ হাজার ডলারই পেলেন, বাংলাদেশি টাকায় ৩২ লাখ। আর স্থানীয় একজন পেলেন ৫০ লাখ বা তারও বেশি। অথচ দলের প্রতি স্থানীয়দের বেশির ভাগেরই আনুগত্য প্রশ্নবিদ্ধ। তাঁরা শ্রমবিমুখ। ফাঁকিবাজ। বিদেশিরা এটা করেন না কখনোই। তাঁরাই আসলে দলগুলোকে টেনে নিয়ে যান। অবস্থা এমন যে বিদেশি ছাড়া দলই গঠন করতে পারে না বাংলাদেশের ক্লাবগুলো।
স্থানীয়দের মধ্যে এমন ফুটবলার নেই, যাঁর খেলা দেখতে লোকে মাঠে যাবে। লোকের চোখ কিন্তু খোঁজে লি টাক বা ওয়েডসনদেরই, এমিলি-এনামুলদের নয়। তবু ভুটান-লজ্জায় গর্তে পড়ে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন দুদিন আগে ঘরোয়া আড্ডায় বলেই ফেললেন, বিদেশি বন্ধ করে দিলে কী হয়! দেখি না একবার! তবে উপস্থিত কেউই পুরোপুরি বন্ধ করার পক্ষে মত দেননি। কেউ কেউ বললেন, চারজন নিবন্ধন আর তিনজন খেলার নিয়ম পাল্টে তিন আর দুই করা যেতে পারে।

তবে সালাউদ্দিনের সঙ্গে আগে যতবারই কথা হয়েছে, ততবারই তিনি বিদেশি ফুটবলারে দুয়ার আরও খুলে দেওয়ার পক্ষে বলেছেন। একবার তো সাতজন নিবন্ধন আর পাঁচজন খেলার সুযোগ দেন। স্থানীয় খেলোয়াড়সংকট থাকায় ক্লাবগুলো আসলে বিদেশি কোটা বাড়িয়ে নিতে চায় সব সময়ই। আর এ নিয়ে সালাউদ্দিনের যুক্তি অনেকবারই শোনা, ‘আমি চাই বিদেশিদের সঙ্গে লড়াই করে দলে জায়গা নেবে স্থানীয় ফুটবলাররা। লড়াই না করলে ওরা কিছুই শিখবে না। আরও নিষ্প্রভ হয়ে আরামসে খেলবে। ক্লাবগুলো জিম্মি হয়ে যাবে ওদের কাছে।’

অথচ অতীতে বিদেশিদের সঙ্গে লড়ে শেখ মোহাম্মদ আসলাম, ইমতিয়াজ আহমেদ নকীবরা লিগে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। ১৯৮৪-৮৭ টানা চারবার লিগে সর্বোচ্চ গোলদাতার নাম আসলাম। গোলসংখ্যা—১৭, ১৮, ২০, ১৪। ১৯৮৯-৯০ লিগে ১১ গোল করে পাঁচবার লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড আজও তাঁরই। টানা সাত মৌসুমে আবাহনীর হয়ে আসলামের গোল ১০৩টি। শতাধিক গোলের রেকর্ড প্রথম গড়েছিলেন কাজী সালাউদ্দিন। আসলাম সেটিকে টপকে এগিয়ে গেছেন বীরদর্পে।
তাঁর উত্তরসূরি হয়ে ১৯৯৫ (১৩), ’৯৬ (১৪), ’৯৭ (১৩), ’৯৯ (১২) লিগে সর্বোচ্চ গোলদাতা নকীব। সে সময় লিগ অনিয়মিত হওয়ায় অল্পের জন্য তাই টানা পাঁচবার লিগে সর্বোচ্চ গোলদাতা হয়ে আসলামের গড়া রেকর্ড ছোঁয়া হয়নি। ২০০০ সালে মোহামেডানের জার্সিতে তাঁর ১৬ গোল, মাত্র একটি গোল বেশি নিয়ে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন আবাহনীর এক বিদেশি ফুটবলার কেনেডি। এই পরিসংখ্যান কিন্তু এটিই বলছে, প্রতিভা আর চেষ্টা থাকলে বিদেশিদের ভিড়েও গোল করা যায়!
অথচ দেখুন, গত আটটি পেশাদার লিগে শুধু একবার এনামুল হক ছাড়া ঘরের ছেলেরা আর সর্বোচ্চ গোলদাতা হয়নি। এবারও গোলদাতার তালিকার প্রথম আটজনই বিদেশি। এমিলিরা লিগে পাঁচ-ছয়টির বেশি গোল পান না। জাতীয় দলের সাবেক কোচ ফাবিও লোপেজ এক নম্বর স্ট্রাইকার হিসেবে সুযোগ দিয়েছিলেন যাকে, সেই নাবিব নেওয়াজ জীবন এই মৌসুমে ভয়ানক নিষ্প্রভ! সব প্রতিযোগিতা মিলে আবাহনীর জার্সি গায়ে ১৮টি ম্যাচ খেলে এখনো গোলের খাতাই খুলতে পারেনি। অথচ তাঁর সতীর্থ সানডে চিজোবা লিগে ১০টিসহ মৌসুমে মোট গোল করে ফেলেছেন ১৮টি।
তাহলে কি বিদেশিদের কারণে স্থানীয়রা গোলের রাস্তা চেনেন না! সালাউদ্দিন নিজের উদাহরণ টানেন, ‘হংকংয়ে আমাদের দল কেরোলিন হিলে ১০জন বিদেশি ছিল। ওদের সঙ্গে ফাইট করে আমি একাদশে নিয়মিত খেলতাম।’ সালাউদ্দিন, আসলাম, নকীবরা আসলে ব্যতিক্রমই। আজকের স্ট্রাইকাররা পথ হাতড়ে বেড়াচ্ছেন। ফুটবলের অধঃপতনের জন্য বিদেশিরা কতটা দায়ী, পাঠক আপনারাই সিদ্ধান্ত নিন!