বিদেশিদের সঙ্গে এনামুলের লড়াই
শিরোপার জন্য ঝাঁপাবে শীর্ষ ছয় দল—শেখ জামাল ধানমন্ডি, মোহামেডান, ব্রাদার্স, শেখ রাসেল, মুক্তিযোদ্ধা ও আবাহনী। দলগুলোর তীব্র লড়াইয়ের মধ্যেও দেখা যাবে আরেকটি লড়াই। আজ শুরু প্রিমিয়ার ফুটবল লিগের দ্বিতীয় পর্বটা অন্য রকম চ্যালেঞ্জ নিয়ে আসছে স্ট্রাইকারদের সামনেও।
এমনিতে বিদেশি স্ট্রাইকারদের সঙ্গে পেরে উঠছেন না স্থানীয়রা। দু-একটি ব্যতিক্রম বাদে প্রতিবছর তাই দেশের সর্বোচ্চ ঘরোয়া ফুটবলে সর্বোচ্চ গোলদাতার আসনে দেখা যায় বিদেশি মুখই। তবে এবার প্রথম পর্বে দারুণভাবে সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে আছেন মুক্তিযোদ্ধার অধিনায়ক এনামুল হক।
১১ গোল নিয়ে শীর্ষে থাকা ব্রাদার্সের অগাস্টিনের চেয়ে এনামুলের গোল দুটি কম। এই ব্যবধানটা ঘুচিয়ে লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়ার ব্যাপারে আশাবাদীই তিনি, ‘এবার নিজের প্রতি আমার আত্মবিশ্বাস অনেক বেড়েছে। কাজেই বিদেশিদের পেছনে ফেলে অবশ্যই চেষ্টা করব সর্বোচ্চ গোলদাতা হয়েই লিগটা শেষ করতে।’
২০০৯ সালে আবাহনীর হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার বছরে এনামুল ২২ গোল করে লিগে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। চারটি লিগ পর এই অষ্টম পেশাদার লিগে স্থানীয়দের মধ্যে উজ্জ্বল নাম এনামুল। শেখ রাসেলের স্ট্রাইকার এমিলির গোল পাঁচটি। তাঁর পক্ষে আসলে সবার ওপরে থাকার বাস্তব সম্ভাবনা খুবই কম।
স্থানীয়দের মধ্যে মূলত এনামুলই ভরসা। তাঁকে লড়তে হবে মোহামেডানের ইসমাইল বাঙ্গুরা (৮ গোল) এবং শেখ জামালের ওয়েডসন ও এমেকাদের (দুজনেরই ৬ গোল) সঙ্গেও। ওয়েডসন গত লিগে করেছিলেন সর্বোচ্চ ২৬টি। এবার তুলনামূলক একটু পিছিয়েই তিনি। তবে ভেতরে-ভেতরে ফুঁসে আছেন, ‘অবশ্যই দ্বিতীয় পর্বে আমার গোলক্ষুধা আরও বাড়বে। বেশি বেশি গোল করতে চাই।’ এমেকার কথা, ‘গতবার অল্পের জন্য হলো না। এবার সেভাবে গোল না পেলে চেষ্টা তো করেই যাব।’
ওয়েডসনরা গোল পাওয়া মানে শেখ জামাল ছুটবে সামনের দিকে। অগাস্টিন গোল করে চাইবেন ব্রাদার্সকে আরও ওপরে তুলতে। এঁদের সঙ্গে এনামুলের লড়াইটাও হতে পারে উপভোগ্য।