গত শুক্রবারের ঘটনা। প্রিমিয়ার লিগের দল ফেনী সকারের কর্মকর্তা সাখাওয়াৎ হোসেন টেলিভিশনে সংবাদ দেখছিলেন। হঠাৎ একটা শিরোনামে চোখ আটকে গেল তাঁর। গত মৌসুমে ফেনী সকারে খেলে যাওয়া তিন বিদেশি ইসমাইল জাগনে, কোইটা লামিন ও মোহাম্মদ আবদুল্লাহ পুলিশের হাতে গ্রেপ্তার!
সেদিন মোট ৩১ জন আফ্রিকান নাগরিককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। চারজন পেশাদার ফুটবলার, যাঁরা গত মৌসুমের প্রিমিয়ার লিগে খেলেছেন ফেনী সকার ও চট্টগ্রাম আবাহনীর জার্সি গায়ে। আটক হওয়া আরও ১২ ফুটবলার কোনো ক্লাবে খেলেন না। দেশের বিভিন্ন জেলায় খ্যাপ খেলে বেড়ানোই এঁদের একমাত্র পেশা।
অনেকের ভিসার মেয়াদ শেষ হলেও বাংলাদেশে অবৈধভাবে আছেন। সম্প্রতি এসব আফ্রিকানকে দেশে পাঠাতে ব্শে তৎপর হয়ে উঠেছে সরকার। কারণ, এঁরা নানা সামাজিক সমস্যা তৈরি করছেন। অনেকের শরীরে দুরারোগ্য ব্যাধি। দুই মৌসুম আগে বিজেএমসির নাইজেরিয়ান ফুটবলার আবদুল রশিদের শরীরে তো এইচআইভি ভাইরাস ধরা পড়েছে।
তাতে কী, এই সেদিনও ঢাকায় বিদেশি ফুটবলার আসতেন ঝাঁকে ঝাঁকে। গোপীবাগের ব্রাদার্স মাঠে এঁদের হাট বসত। সেই স্রোত কমছে সম্প্রতি। বাফুফের বিদেশি কোটা কমানোর সিদ্ধান্ত এবং সরকারের অভিবাসন দপ্তরের নির্দেশনার ফল মিলছে।
আগে পর্যটক হিসেবে এসেও খেলার সুযোগ ছিল। অভিবাসন দপ্তর থেকে বাফুফেকে দেওয়া নতুন নির্দেশনা অনুসারে পর্যটক ভিসায় এসে আর খেলা সম্ভব নয়। বর্তমানে নির্দিষ্ট খেলোয়াড়কে আনার অনুমতি নিতে ক্লাব প্রথমে বাফুফেকে চিঠি দিয়ে জানায়। বাফুফে সংশ্লিষ্ট দেশে বাংলাদেশি দূতাবাসে চিঠি পাঠালে সব পরীক্ষা করে শুধু প্রকৃত খেলোয়াড়দের ভিসা দেয় দূতাবাস।
এই প্রক্রিয়াই বলে দিচ্ছে, আগের মতো অবাধে বিদেশি আসার সুযোগ কমে গেছে এখন। ব্রাদার্সের ম্যানেজার আমের খান বিষয়টি দেখছেন ইতিবাচকভাবেই, ‘কয়েক মৌসুম আগেও বিদেশি খেলোয়াড় এনে ট্রায়ালে দেখতে দেখতে ক্লান্ত হয়ে উঠতাম। কিন্তু গত দুই মৌসুম ট্রায়ালের আয়োজনই করতে পারিনি। বিদেশি যে কমছে, এটা তার প্রমাণ। নিম্নমানের বেশি বিদেশি খেলানোর চেয়ে ভালো মানের দু-একজনই দলের জন্য যথেষ্ট।’
কথাটা ঠিক। কিন্তু বাস্তবতা হলো, ঢাকায় কয়েক বছর ধরে থাকা বিদেশিরা সরকারের জন্য একটা ‘বোঝা’ হয়ে দাঁড়িয়েছেন। এঁদের সম্পর্কে তেমন কোনো তথ্যও নেই কারও কাছে। মৌসুম শুরু হলে শুধু চুক্তিবদ্ধ বিদেশির তালিকা ও তথ্য পুলিশের বিশেষ শাখায় পাঠায় বাফুফে। চুক্তির বাইরের অবৈধ বিদেশিদের ব্যাপারে বাফুফে ও সরকার থাকে অন্ধকারেই। সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বললেন, ‘আমরা শুধু নিবন্ধিত ফুটবলারদের দায়িত্বই নিতে পারি। অন্যরা কোথায় কী করছে, তা আমাদের দেখার কথা নয়।’
যুক্তি যা-ই থাকুক, দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা সব দেখে কি চোখ বন্ধ করে থাকতে পারে?