বিদেশিরাই জেতালেন শেখ রাসেলকে

বিদেশিরাই জেতালেন শেখ রাসেলকেছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়েন্ট তালিকার একেবারে তলানিতে থাকা আরামবাগকে প্রতিনিয়তই চোখ রাঙাচ্ছে অবনমন। প্রিমিয়ার লিগের শেষ পর্যায়ে এসে তাই পয়েন্টের জন্য মরিয়া আরামবাগ। পুরো লিগে একটা মাত্র জয়, তা–ও সর্বশেষ ম্যাচে। সেটি ছিল অঘটনই। শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ১১ মে হারিয়েছিল ৩-১ গোলে। আজ শেখ রাসেলের বিপক্ষেও অঘটনের আশায় মাঠে নেমেছিল আরামবাগ।

কিন্তু কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে সেই সুযোগ আর দিল কোথায় শেখ রাসেল ক্রীড়াচক্র? আজ আরামবাগকে ৩-০ গোলে হারিয়েছে শেখ রাসেল। ১টি করে গোল করেছেন নাইজেরিয়ান স্ট্রাইকার ওবি মনেকে, উজবেক ডিফেন্ডার সিওভুশ আসরোরভ ও কিরগিজস্তানের মিডফিল্ডার বখতিয়ার দুশোবেকভ।

এর আগে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ঘাসের মাঠে লিগের ম্যাচগুলো খেলতে হয়েছে এই দুই দলকে। কিন্তু আজই প্রথম তারা খেলেছে টার্ফে। কমলাপুরের কৃত্রিম টার্ফের গতি ও বাউন্সের সঙ্গে মানিয়ে নিতে তাই একটু কষ্টই হচ্ছিল ফুটবলারদের।

এমনিতেই করোনায় আক্রান্ত হয়ে আরামবাগের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার মাঠের বাইরে। দল গড়তে তাই বেশ হিমশিম খেতে হয়েছে আরামবাগ কোচ শেখ জাহিদুর রহমানকে। তারপরও শেখ রাসেলের সঙ্গে সমানতালেই লড়েছে তাঁরা। বিশেষ করে আরামবাগের উজবেক মিডফিল্ডার খলমুরোদভ সিরিদিন, দিলশন নাজিরভ বেশ কয়েকবার চেষ্টা করেছেন বক্সে ঢোকার। কিন্তু দুর্বল ফিনিশিংয়ের জন্য শেষ পর্যন্ত গোল হয়নি। যদিও শেষ দিকে এসে আরামবাগ যেন খেই হারিয়ে ফেলে।

আরামবাগকে সুযোগই দেয়নি শেখ রাসেল
ছবি: প্রথম আলো

সেই তুলনায় শেখ রাসেলের মনেকে ও বখতিয়ার পোস্টে শট নিয়েছেন একাধিক। মিডফিল্ডার ফাহিম আহমেদের একটা শট তো অল্পের জন্য গোল হয়নি!

ম্যাচের সাত মিনিটেই এগিয়ে যেতে পারত শেখ রাসেল। বখতিয়ারের শট সে যাত্রায় ঠেকিয়ে দেন আরামবাগ গোলকিপার আবুল কাশেম। এরপর ১০ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া আবদুল্লাহর ফ্রি কিকও মুঠোবন্দী করেন কাশেম।

অবশেষে ৩৩ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় শেখ রাসেল। বখতিয়ারের বাড়িয়ে দেওয়া বল থেকে দুর্দান্ত এক শটে আরামবাগ গোলকিপার কাশেমের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান মোনেকে।

৪৩ মিনিটে একইভাবে আরেকবার শট নেন মোনেকে। ওই সময় আরামবাগ গোলরক্ষক কাশেম এগিয়ে আসনে পোস্ট ছেড়ে। কিন্তু গোলকিপারের মাথার ওপর দিয়ে গিয়ে বল লাগে সাইডপোস্টে।

৭৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আশরোরভ। বক্সের বাইরে থেকে বখতিয়ারের নেওয়া ফ্রি–কিক মানবদেয়ালের ওপর দিয়ে পড়ে কাশেমের সামনে। কিন্তু বলটা ধরতে গিয়ে সামান্য দেরি করে ফেলেন। ততক্ষণে সামনে দাঁড়ানো আশরোরভ আলতো টোকায় বল পাঠিয়ে দেন জালে।

ম্যাচের একেবারে শেষ সময়ে পেনাল্টি পায় শেখ রাসেল। বল নিয়ে বক্সের মধ্যে ঢোকা ফাহিমকে ফেলে দেন আরামবাগ ডিফেন্ডার আল আমিন। পেনাল্টি থেকে গোল করেন বখতিয়ার।

১৯ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে উঠে এল শেখ রাসেল। আর ১৮ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে সবার নিচে আরামবাগ।