বিদেশেও বসুন্ধরা চিনে নিল সাফল্যের পথ

মালদ্বীপের মাজিয়াকে হারিয়ে এএফসি কাপে বিদেশের মাটিতে শুরুটা দুর্দান্ত বসুন্ধরারছবি: এএফসি ওয়েবসাইট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি প্রিমিয়ার লিগ সহ টানা তিনটি টুর্নামেন্ট জিতে বাংলাদেশের ফুটবলে এখন বড় শক্তি বসুন্ধরা কিংস। ঘরোয়া ফুটবলে তাদের মাঠে নামা মানেই জয়। দেশের ফুটবলের পাঁচটি শিরোপা জয়ের পর দেখার বিষয় ছিল বিদেশের মাটিতে তারা কেমন করে? গত রাতে মালদ্বীপের মাঠে মালদ্বীপ চ্যাম্পিয়ন মাজিয়া স্পোর্টসকে ২-০ গোলে হারিয়ে তারা জানিয়ে দিয়েছে তাদের দাপট বিদেশেও কমছে না।

বিশ্ব ফুটবলে বাংলাদেশ ১৮৮ আর মালদ্বীপ ১৫৮। দ্বীপ দেশটির সর্বশেষ প্রিমিয়ার লিগের অপরাজিত চ্যাম্পিয়নদের ২-০ গোলে হারিয়ে এএফসি কাপ শুরু করাটা তো খবরই। আরও বড় ব্যাপার যেভাবে খেলে বসুন্ধরা কাল জিতেছে।। বসুন্ধরার একটি গোল ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন দা সিলভার , অন্যটি আত্মঘাতী।

দেশি–বিদেশি মিলিয়ে বসুন্ধরা দারুণ দলই
ছবি: এএফসি ওয়েবসাইট

দেশের সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে বসুন্ধরা নাম লেখানোর পর থেকেই দলটির কোচ স্পেনের অস্কার ব্রুজোন। মালদ্বীপে কোচিং করানোর সুবাদে সেখানকার ফুটবলের অলি গলি তাঁর ভালোই জানা ছিল। কাল সেভাবেই পরিকল্পনা সাজিয়েছিলেন তিনি।

ম্যাচ শেষে এএফসি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে ব্রুজোন বলেন ,‘আমরা জানতাম মাজিয়া খেলা তৈরির জন্য মাঠে ফাঁকা জায়গা তৈরি করতে চাইবে। কিন্তু গুরুত্বপূর্ণ হলো ৯০ মিনিট আমার দল সঠিক দায়িত্ব পালন করেছে। আমরা মাজিয়াকে মরিয়া হয়ে খেলার সুযোগ দিয়েছিলাম। তাদের অনেক খেলোয়াড় আক্রমণে উঠে আসে। প্রতি আক্রমণে আমরা অনেক বিপজ্জনক হয়ে উঠি। ’

প্রতি আক্রমণে বারবারই বিপজ্জনক হয়ে উঠেছে বসুন্ধরা কাল
ছবি: এএফসি ওয়েবসাইট

কাল প্রথম দিনে ‘ডি’ গ্রুপের চারটি দলই মাঠে নেমেছিল। বসুন্ধরার সঙ্গে জয় পেয়েছে ভারতের মোহনবাগানও। নিজেদের প্রথম জয়ের পর পরবর্তী রাউন্ডের টিকিট পাওয়ার লড়াইয়ে এগিয়ে গেল জয়ী দুটি দল। গ্রুপ পর্বের লড়াইয়ের ছবি এখন পরিষ্কার ব্রুজোনের কাছে ,‘ এখন একটা বিষয় পরিষ্কার, আমরা শেষ ম্যাচ পর্যন্ত টুর্নামেন্টে টিকে আছি। মাজিয়া যদি পরবর্তী রাউন্ড খেলতে চায়, তাদের দুটি ম্যাচই জিততে হবে। বেঙ্গালুরুর অবস্থাও তাই। আমরা আর মোহনবাগান যদি দ্বিতীয় ম্যাচ হেরেও যায়, আমরা শেষ ম্যাচ পর্যন্ত টিকে থাকব। এটা দারুণ ব্যাপার।’

২১ আগস্ট নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বেঙ্গালুরুর বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বসুন্ধরা। মাজিয়া ম্যাচের তুলনায় বেঙ্গালুরুর বিপক্ষে নিজের দলকে বেশি এগিয়ে রাখছেন ব্রুজুন , ‘বেঙ্গালুরুর বিপক্ষে আজকের ( কাল) ম্যাচের থেকে বেশি সুযোগ থাকবে আমাদের।’

এএফসি কাপের অন্যতম সফল একজন কোচ বলা মাজিয়ার রিসতো ভিদাকোভিচকে। হেরে বসুন্ধরাকে ম্যাচ জয়ে কৃতিত্ব দিয়েছেন সার্বিয়ান এই কোচ ,‘ তারা আমাদের চেয়ে শক্তিশালী ও গতিসম্পন্ন দল। আমরা জানতাম কঠিন একটি ম্যাচ হবে। প্রথমার্ধে আমরা ভালো খেলতে পারিনি। আমরা স্নায়ুর চাপে ছিলাম। অনেক লম্বা পাসে খেলেছি। দ্বিতীয়ার্ধে খেলায় উন্নতি হলেও সেটি যথেষ্ট ছিল না। ’