বিনা মূল্যে তিন লাখ মাস্ক বিতরণ করেছেন ইন্টার সভাপতি

>ইউরোপে করোনাভাইরাসের প্রকোপ ইতালিতেই সবচেয়ে বেশি। মারা গেছেন হাজারেরও বেশি লোক। করোনার এই প্রভাব ঠেকাতে এগিয়ে এসেছেন ইন্টার মিলানের সভাপতি স্টিভেন ঝ্যাং
করোনার প্রকোপে কাঁপছে বিশ্ব। এর মধ্যেই এই জীবনঘাতী ভাইরাসের ছোবলে পাঁচ হাজারেরও বেশি মানুষ মারা গিয়েছে। ইউরোপে এই ভাইরাসের রোষানলে ইতালি পড়েছে সবচেয়ে বেশি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইতালিতে করোনায় প্রাণহানি হয়েছে ১৮৯ জনের। এ নিয়ে দেশটিতে মৃত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৬-তে। কয়েক কোটি মানুষকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। দেশের এই সঙিন অবস্থায় এগিয়ে এসেছেন ইতালির ক্লাব ইন্টার মিলানের সভাপতি স্টিভেন ঝ্যাং। বিনা মূল্যে তিন লাখ মাস্ক বিতরণ করেছেন তিনি।
ইন্টার আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে জানিয়েছে এই খবর, ‘করোনাভাইরাস মোকাবিলা করার জন্য ইতালির সিভিল প্রটেকশনকে তিন লাখ মাস্ক ও অন্যান্য স্বাস্থ্যসামগ্রী দিয়ে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে এফসি ইন্টারন্যাজিওনালে মিলানো (ইন্টারের কেতাবি নাম) ও সুনিং ইন্টারন্যাশনাল (ইন্টারের চীনা মালিকপক্ষ)। আশা করব, চীন যেভাবে করোনা মোকাবিলা করেছে, ইতালিও সেভাবে করতে পারবে।’
এদিকে স্টিভেন ঝ্যাং বলেছেন, ‘করোনা প্রতিরোধে যা করা সম্ভব তাই করে আমরা ইতালিকে সাহায্য করব। ইতালির সিভিল প্রটেকশনের সঙ্গে একত্রে কাজ করে যাব।’
এর আগে করোনাভাইরাসের প্রথম শিকার চীনের উহান প্রদেশেও তিন লাখ মাস্ক বিতরণ করেছিলেন স্টিভেন ঝ্যাং। ঝ্যাংয়ের এই বদান্যতার প্রতি সম্মান জানিয়েছেন ইতালির শহর ফ্লোরেন্সের মেয়র দারিও নারদেল্লি, ‘আমরা করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধ করছি এখন। আমাদের সবাইকে একসঙ্গে এই যুদ্ধে অংশ নিতে হবে। আমি ধন্যবাদ জানাতে চাই ইন্টারের সভাপতি স্টিভেন ঝ্যাংকে। যিনি তিন লাখ মাস্কের পাশাপাশি বিভিন্ন আর্থিক সহায়তা করে আমাদের পাশে দাঁড়িয়েছেন।’