বিপিএলের প্রচারণা নেই ময়মনসিংহে
আজ শেষ হবে প্রিমিয়ার লিগের চট্টগ্রাম পর্ব। পরশু থেকে শুরু হবে ময়মনসিংহের খেলা। ১৭ আগস্ট পর্যন্ত ১২টি ম্যাচ হবে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে। ব্রহ্মপুত্রপারে প্রথমবারের মতো বসছে জাতীয় পর্যায়ের ফুটবল আসর। কিন্তু দেশের সর্বোচ্চ পর্যায়ের ফুটবলকে সামনে রেখে চোখে পড়ার মতো কোনো প্রচারণাই হচ্ছে না শহরে। এ নিয়ে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) কর্মকর্তাদের মধ্যেও আছে অসন্তোষ।
কাল বিকেলে মাঠ পরিচর্যার কাজ চলছিল স্টেডিয়ামে। চলছিল গ্যালারি ঝাড়া-মোছা। স্টেডিয়ামের বাইরে নতুন রং লাগানো হয়েছে। তবে স্টেডিয়ামের সীমানার বাইরে ফুটবলের আর কোনো আমেজই নেই। শহরের কোথাও নেই খেলা নিয়ে প্রচারণা। সদরের বাইরে জেলার আরও ১২টি উপজেলায় অসংখ্য ফুটবলপ্রেমী মানুষ থাকলেও প্রচারণা নেই সেসব জায়গায়ও। এ ব্যাপারে ময়মনসিংহ ডিএফএর সাধারণ সম্পাদক মুর্শেদ জাহানের ব্যাখ্যা, ‘স্পনসর প্রতিষ্ঠান থেকে প্রথমে বলা হয়েছিল, ছোট ট্রাকে করে মাইকিং করা হবে। কিন্তু সেটা হচ্ছে না। রিকশায় করে মাইকিং চলছে। জাতীয় শোকের মাস হওয়ায় জাঁকজমকপূর্ণভাবে প্রচারণা না করতে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে। তবে আশা করি, আগামী দুই দিনের প্রচারণায় সবাইকে বিষয়টি জানানো সম্ভব হবে।’
ওদিকে মুদ্রণ-বিভ্রাটের কারণে গতকাল সন্ধ্যা পর্যন্ত খেলার টিকিট পৌঁছায়নি ডিএফএর হাতে। শহরের গাঙ্গিনারপাড়, চরপাড়া, পুলিশ লাইনের বুথে টিকিট বিক্রির কথা। এ ছাড়া ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের দুটি কাউন্টার থেকেও টিকিট বিক্রি হবে। ১৫ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামের সাধারণ গ্যালারির টিকিটের মূল্য ৪৫ টাকা। ভিআইপি গ্যালারির টিকিট ১০০ টাকা করে।