বিপুল আয়োজনে বাফুফের বিশেষ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনৈতিক সংকটে সিলেট ফুটবল একাডেমি বন্ধ প্রায় ছয় মাস। ‘টাকার অভাবে’ আরও অনেক কিছুই করা যাচ্ছে না। তবে আগামী মে মাসে ফেডারেশনের নির্বাচন সামনে রেখে বিশেষ সাধারণ সভা (ইজিএম) নিয়ে বাফুফেতে এখন চলছে বিশাল তোড়জোড়। আগামী পরশু চট্টগ্রামের আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হবে আলোচিত এই সভা। এ বাবদ ব্যয় হবে প্রায় ৩০ লাখ টাকা, যার পুরোটাই বহন করবে বাফুফে।
ইজিএমে ডেলিগেট থাকবেন ১৪৩ জন। হাতে গোনা কয়েকজন বাদে ১৩০ জনকে ঢাকা থেকে চট্টগ্রামে আনা-নেওয়া হবে বিমানে। সবার জন্য থাকার ব্যবস্থা করা হবে দুটি অভিজাত হোটেলে। শনিবার কংগ্রেস শেষে থাকবে বিশেষ মধ্যাহ্নভোজ। তবে এই বিপুল আয়োজনে শরিক হতে গতকাল পর্যন্ত প্রতিনিধির নাম জমা দেয়নি শেখ জামাল ধানমন্ডি, ঢাকা মোহামেডান, আরামবাগ ও দিলকুশা ক্লাব।
ইজিএমে আলোচ্যসূচি একটিই—অডিট রিপোর্ট অনুমোদন। ২০১২-২০১৪ তিন বছরের আয়-ব্যয়ের অডিট রিপোর্ট অনুমোদন করতেই মূলত এমন বিশাল আয়োজন। ২০১৫ সালের হিসাব অনুমোদন করা হবে মে মাসে অনুষ্ঠেয় ফেডারেশনের নির্বাচনের আগে ঢাকায় আয়োজিতব্য বার্ষিক সাধারণ সভায়।
বাফুফের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১২ সালে প্রতিষ্ঠানটির আয় ছিল ২২ কোটি ৯২ লাখ টাকার কিছু বেশি। ব্যয় ২১ কোটি ২০ লাখের ওপর। ২০১৩ সালে আয় কমে যায় ৮ কোটি টাকার মতো। তবু আয়ের চেয়ে খরচ হয়েছে বেশি! আয় ১৪ কোটি ২৬ লাখ। ব্যয় ১৫ কোটি ১৫ লাখ। ২০১৪ সালে ১৫ কোটি ৩৫ লাখ টাকা আয়, ব্যয় ১৩ কোটি ৯৭ লাখ। গত বছর আবারও আয়ের চেয়ে ব্যয় বেশি হয়েছে। আয় ১৪ কোটি ২৬ লাখ, ব্যয় ১৫ কোটি ১৫ লাখ।
আগের চেয়ে কয়েক গুণ বেড়েছে বাফুফের আর্থিক কলেবর। তবে জাতীয় দলের মাঠের পারফরম্যান্সে এর কোনো প্রতিফলন নেই।