বিপ্লব করতে চান না আনচেলত্তি
এমন শুভেচ্ছা হয়তো কার্লো আনচেলত্তি আশাই করেননি। দায়িত্ব নেওয়ার পর গত সোমবারই ক্লাবে প্রথমবারের মতো পা রেখেছেন বায়ার্ন মিউনিখ কোচ। ক্লাব কর্মকর্তা, খেলোয়াড়েরা তো ছিলেনই, আনচেলত্তিকে স্বাগত জানাতে ছিল ছোট্ট একটি চিঠিও। ইতালিয়ান কোচের উদ্দেশে তাঁর মাতৃভাষাতেই লেখা চিঠির ভাষা, ‘সর্বোচ্চ শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছি, শুভকামনা, কার্লো!’ লেখক? পেপ গার্দিওলা!
উত্তরসূরিকে শুভেচ্ছা জানাতে ছোট্ট এই চিঠিটা আগেই লিখে রেখেছিলেন গার্দিওলা। শুভেচ্ছাটা খুশিমনেই গ্রহণ করেছেন আনচেলত্তি। মাঠের ফুটবলেও গার্দিওলার কাছ থেকে একটা জিনিস ‘গ্রহণ’ করছেন—বায়ার্নে গার্দিওলার গড়ে দেওয়া আক্রমণাত্মক ফুটবলের ভিত্তি।
‘কোনো বিপ্লব ঘটাতে আসিনি আমি। গার্দিওলা এখানে দুর্দান্ত কাজ করে গেছেন। আমিও তাঁর ধরনটা অনুসরণ করব। আমার মনে হয় না এই বছর আমাদের খেলার কৌশল গত বছরের চেয়ে খুব বেশি বদলাবে’—সোমবার আলিয়াঞ্জ অ্যারেনায় পরিচিতি অনুষ্ঠানে ‘আনচেলত্তির বায়ার্নে’র একটা রূপরেখাই দিয়ে রাখলেন ৫৭ বছর বয়সী কোচ।
গার্দিওলার পর বায়ার্নের কোচ হচ্ছেন আনচেলত্তি, ঘোষণাটা আসার পর থেকেই বায়ার্ন মিউনিখ সমর্থকদের মধ্যে ছিল সংশয়, এবার ঠিক কী কৌশলে খেলবে জার্মান চ্যাম্পিয়নরা? গার্দিওলার টিকিটাকাই থাকবে, নাকি আনচেলত্তি নতুন কোনো দর্শনে সাজাবেন দলকে? আনচেলত্তি এই প্রশ্নের উত্তর দিয়েছেন এভাবে, ‘খুব ভালো করেই জানি, বায়ার্নের খেলার ধরন সব সময়ই আক্রমণাত্মক। আমরাও আক্রমণাত্মক ফুটবল খেলতে চাই। আক্রমণাত্মক খেলতেই ভালোবাসি আমি।’
এমনিতে আনচেলত্তিকে নির্দিষ্ট কোনো দর্শনে বাঁধা যায় না। যে ক্লাবে গেছেন, হাতে কেমন খেলোয়াড় আছে তা বুঝে সেই অনুযায়ীই কৌশল সাজিয়েছেন। সাফল্যও পেয়েছেন, তিনবার জিতেছেন চ্যাম্পিয়নস লিগ। যে কীর্তি আছে আর শুধু ইংল্যান্ডের বব পেইসলির। বায়ার্নও খুব বেশি করে চ্যাম্পিয়নস লিগটা জিততে চাইছে। তিন মৌসুমে তিনটি বুন্দেসলিগা এনে দিলেও, গার্দিওলার সময়ের একমাত্র ব্যর্থতা তো ইউরোপে সফল হতে না পারাই। আনচেলত্তি পারবেন?
নিশ্চয়তা তো দেওয়া সম্ভব নয়। ইতালিয়ান কোচ সেটি দিচ্ছেনও না, ‘সবাই-ই চ্যাম্পিয়নস লিগ জিততে চায়, কিন্তু মাত্র একটি দলই সেটি জিততে পারে। জানি, বুন্দেসলিগা ও চ্যাম্পিয়নস লিগে বায়ার্নের ইতিহাস দুর্দান্ত। কিন্তু ফলাফলটা তো আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। সেটি করতে পারলে তো আমি জাদুকরই হতাম, কিন্তু আমি শুধুই একজন কোচ।’
কোচ হিসেবে আনচেলত্তি কেমন, রেকর্ডের পাতাতেই লেখা আছে তা। জুভেন্টাস, এসি মিলান, চেলসি, রিয়াল মাদ্রিদ, পিএসজি—ইউরোপের বড় বড় ক্লাবে ছিলেন। জুভেন্টাস ও রিয়াল ছাড়া বাকি সব ক্লাবের হয়েই লিগ শিরোপা জিতেছেন, চ্যাম্পিয়নস লিগ জিতেছেন মিলান (২০০৩, ২০০৭) ও রিয়ালে (২০১৪)।
বায়ার্ন তাই আনচেলত্তির কাছে চেনা চ্যালেঞ্জই। শুধু এবার একটা ভিন্ন দেশ, এই যা! রয়টার্স।