বিপ্লবের জায়গায় আতিকুর
এশিয়ান গেমসের অনুশীলন ক্যাম্পে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের গোলরক্ষক কোচ হিসেবে যোগ দিয়েছিলেন বিপ্লব ভট্টাচার্য। ৩ আগস্ট থেকে অস্থায়ীভাবে দায়িত্ব পালন করছিলেন জাতীয় দলের এই গোলরক্ষক। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেই দায়িত্ব ছেড়ে বিকেএসপি থেকে চলে এসেছেন বিপ্লব।
তাঁর বদলে নতুন কোচ হিসেবে বাফুফে নিয়োগ দিয়েছে জাতীয় দলের আরেক সাবেক গোলরক্ষক আতিকুর রহমানকে। ইচ্ছা থাকা সত্ত্বেও দলের সঙ্গে ইনচনে যেতে পারছেন না বিপ্লব। কাল বললেন, ‘শেখ রাসেল ক্রীড়াচক্রের সঙ্গে এই মৌসুমে চুক্তি করছি না। এ মুহূর্তে দলের সঙ্গে দেশের বাইরে গেলে অন্য ক্লাবগুলোর সঙ্গে দলবদল নিয়ে কোনো আলোচনা করতে পারব না। তাই নিজেই এই দায়িত্ব থেকে সরে এসেছি।’
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল আজ আর্মি স্টেডিয়ামে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে। আর নেপালের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ২৬ ও ২৯ আগস্ট।