বিবর্ণ দেশের প্রাচীনতম এক ক্লাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এভাবে দাঁড়িয়ে আছে ঐতিহ্যবাহী ময়মনসিংহ মোহামেডান স্পোর্টিং ক্লাব ভবন l শামসুল হক
এভাবে দাঁড়িয়ে আছে ঐতিহ্যবাহী ময়মনসিংহ মোহামেডান স্পোর্টিং ক্লাব ভবন l শামসুল হক

ক্লাব ভবনের খানিক দূরে ব্রহ্মপুত্র। বর্ষার ভরাযৌবন ব্রহ্মপুত্রের বুকে বইছে পালতোলা নৌকা। কিন্তু ময়মনসিংহের মোহামেডান স্পোর্টিং ক্লাব যেন গতযৌবন!

সার্কিট হাউস মাঠের পাশে টাউন হল মোড়ে দাঁড়িয়ে ময়মনসিংহ মোহামেডান। ময়মনসিংহবাসীর দাবি, ঢাকা মোহামেডানের ৩৮ বছর আগে ১৮৯৮ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটিই দেশের প্রাচীনতম ফুটবল ক্লাব। দেশের প্রাচীনতম ফুটবল ক্লাব বললে ঢাকার ওয়ারী ক্লাবের নামই উঠে আসে। তবে ইতিহাস বলছে, ঢাকায় ব্রিটিশদের হাত ধরে ১৮৩৮ সালে প্রতিষ্ঠিত ওয়েলিংটন ক্লাব পরবর্তীকালে ১৮৯৮ সালে ওয়ারী ক্লাব নামে আত্মপ্রকাশ করে।

সাফল্যখরায় ভুগতে থাকা ঢাকা মোহামেডানের মতোই ময়মনসিংহের ক্লাবটি। ফুটবল, ক্রিকেট ও হকিতে একসময় ময়মনসিংহ লিগে দাপট ছিল তাদের। ক্লাব কর্মকতাদের দাবি, স্থানীয় ফুটবলে লিগ জয়ের রেকর্ডও তাদের। কিন্তু কাগজে-কলমে কোনো তথ্যই নেই।

ক্লাবের কার্যালয়ের দেয়ালে টাঙানো ছবিগুলোই বলে দেয় ইদানীং কোনো সাফল্য নেই। দেয়ালে ঝুলছে ১৯৬৭ ও ১৯৮৯ সালের প্রথম বিভাগ হকি লিগের চ্যাম্পিয়ন দলের ছবি।

প্রতিষ্ঠাতাদের কারও নাম সংরক্ষিত নেই। অযত্ন-অবহেলায় নিচতলার একটি কক্ষে পড়ে আছে বিভিন্ন সময়ে জেতা ট্রফিগুলো। ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক এ কে এম শফিকুল ইসলাম প্রতিষ্ঠাতাদের সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেননি। তবে মুকুল নিকেতনের প্রতিষ্ঠাতা এবং জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আমির আহমেদ চৌধুরী বললেন, ‘তৎকালীন জমিদার খান বাহাদুর ইসমাইল হোসেন ও টাঙ্গাইলের ধনবাড়ীর জমিদার হাসান আলী চৌধুরীর বাবা মোহামেডান ক্লাবের উদ্যোক্তা। ক্রীড়া সংগঠক আব্বাস উদ্দিন আহমেদ, সিরাজ উদ্দিন হোসেন ও ফজলুল হক পরে ক্লাবের কলেবর বৃদ্ধি করেন। বিভিন্ন তথ্য-উপাত্ত ঘেঁটে দেখেছি, এটাই বাংলাদেশের সবচেয়ে পুরোনো ক্লাব।’

ঢাকার মতো এই ক্লাবেও চলে জুয়ার আড্ডা। কাল দুপুরে ক্লাব ঘুরে দেখা গেল, দোতলার একটি কক্ষের টেবিলে টেবিলে বসেছে জুয়ার আসর। এই জুয়ার বোর্ড থেকে সামান্য টাকা ক্লাবের খরচ বাবদ উঠে আসে।

সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের আক্ষেপ, ‘ময়মনসিংহের বিত্তবানেরা পৃষ্ঠপোষকতা করতে আগ্রহী নন। ১০ হাজার টাকার বিনিময়ে ক্লাবের আজীবন সদস্যপদ দিতে চাইলেও অনেকে কিস্তিতে সেই টাকা শোধ করেন।’

এই ক্লাবে একসময় ক্রিকেট খেলেছেন জাতীয় দলের সদরুল আনাম খান। ফুটবল খেলেছেন সহোদর মনোয়ার হোসেন নান্নু ও শামসুল আলম মঞ্জু। এই ক্লাবের জার্সিতে খেলে গেছেন চিহ্লা মং চৌধুরী মারী।

নব্বইয়ের দশকে ক্লাবের দুর্দশার শুরু। চ্যাম্পিয়ন ট্রফির চেয়ে জেলার বিভিন্ন প্রতিযোগিতায় রানার্সআপ ট্রফিই বেশি ওঠে শোকেসে।

গত মৌসুমে জেলা ফুটবল লিগে রানার্সআপ মোহামেডান। সর্বশেষ চ্যাম্পিয়ন তারা দুই মৌসুম আগে। ক্রিকেটে গত বছর অবনমন এড়িয়েছে। হকিতে সর্বশেষ চ্যাম্পিয়ন ২০০৯ সালে। ক্লাবের আরেক কর্মকর্তা ও সাবেক ফুটবলার মাহবুব আলম বলেন, ‘১৯৯৮ সাল থেকে ফুটবল লিগে ১৩ বার রানার্সআপ মোহামেডান। দুবার যুগ্ম চ্যাম্পিয়ন। একবার চ্যাম্পিয়ন।’

ঢাকা মোহামেডানের মতো অবশ্য পাঁড় সমর্থক ময়মনসিংহেও রয়েছে। এখনো দলের পারফরম্যান্স খারাপ হলে ক্লাব ভাঙচুরের মতো ঘটনা ঘটে। পৃষ্ঠপোষকতার অভাবে হারিয়ে যেতে বসেছে দেশের পুরোনো এই ক্লাবটি। সাদা-কালো সমর্থকদের হৃদয়জুড়ে তাই শুধুই হাহাকার।