বিবিসি, না এমএনএস?

বেল-বেনজেমা-ক্রিস্টিয়ানো। রিয়াল মাদ্রিদ আক্রমণভাগের ত্রিফলা। ভালোবেসে ক্লাবের সমর্থকেরা যাঁদের ডাকেন ‘বিবিসি’।
এত দিন এই ত্রিফলার সঙ্গে পাল্লা দিতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার ছিল জোড়া বারুদ, মেসি-নেইমার। কিন্তু লড়াইতে তিনের সঙ্গে তিনের না হয়ে দুই হওয়ায় যেন মন ভরছিল না বার্সেলোনার। মৌসুমের শুরুতে তাই ন্যু ক্যাম্পের অস্ত্রভান্ডারে যোগ হলো আরও এক মারণাস্ত্র—লুইস সুয়ারেজ। আনা হলো বটে, তবে বিশ্বকাপে ইতালির ডিফেন্ডার জর্জো কিয়েলিনিকে কামড়ে পাওয়া নিষেধাজ্ঞায় প্রতিযোগিতামূলক ম্যাচে খেলা হচ্ছে না সুয়ারেজের। সেই নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ২৪ অক্টোবর। লা লিগায় মৌসুমের প্রথম এল ক্লাসিকোটা এর পরদিনই, ২৫ অক্টোবর। প্রীতি ম্যাচে খেলে সুয়ারেজও বুঝিয়েছেন, ওই ম্যাচেই মাঠে নামার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়ে গেছে তাঁর। প্রথমবারের মতো ত্রিফলাকে একসঙ্গে লড়াইয়ের ময়দানে দেখার অপেক্ষায় রোমাঞ্চিত বার্সা সমর্থকেরাও। ত্রিফলার জন্য একটা ভালোবাসার নাম ঠিক করেছেন তাঁরাও। মেসি-নেইমার-সুয়ারেজ থেকে সংক্ষেপে ‘এমএনএস’।
বিবিসিকে কি টেক্কা দিতে পারবে এমএনএস? স্প্যানিশ দৈনিক মার্কা ঠিক এমনই একটা প্রশ্ন রেখেছিল পাঠকদের কাছে। সেখানে অবশ্য বেশির ভাগ ভোট পড়েছে বেল-বেনজেমা-রোনালদো ত্রয়ীর বাক্সে। ৫৬৭ ভোট পেয়েছেন বিবিসি, এমএনএসকে বেছে নিয়েছেন ২৭৮ জন। এটাই কিছুটা অনুমিত ছিল। রোনালদো-বেল-বেনজেমা এরই মধ্যে একটা মৌসুম একসঙ্গে খেলেছেন। শুধু খেলেছেন বললে ভুল হবে, দলকে ইউরোপ সেরাও বানিয়েছেন। এই মৌসুমেও শুরু থেকেই তাঁদের ফর্ম দুর্দান্ত। লা লিগায় এরই মধ্যে ১৩ গোল হয়ে গেছে রোনালদোর, ৪ গোল করেছেন বেল, ৩টি বেনজেমা। বেল-বেনজেমা দুজনই আবার করিয়েছেন ৩টি করে গোল।
এতটা না হলেও কম যান না মেসি-নেইমারও। লা লিগায় নেইমারের ৭ গোল, লিওনেল মেসির ৬টি। এ ছাড়া মেসি একাই করিয়েছেন ৬ গোল। বার্সেলোনার জন্য সুখবর হচ্ছে, সম্প্রতি আন্তর্জাতিক ম্যাচগুলোতেও দেশের হয়ে আলো ছড়িয়েছেন এমএনএসত্রয়ী। জাপানের জালে নেইমার একাই দিয়েছেন ৪ গোল, হংকংয়ের সঙ্গে মাত্র আধঘণ্টার মতো খেলেই জোড়া গোল করেছেন মেসি, ওমানের বিপক্ষে প্রীতি ম্যাচে উরুগুয়ের হয়ে ২ গোল করেছেন সুয়ারেজও। বার্সা ত্রিফলার এ অসাধারণ পারফরম্যান্সের পর স্প্যানিশ পত্রিকা মুন্দো দেপোর্তিভো লিখেছে, ‘বার্নাব্যুতে আসছে বিস্ফোরক ককটেল। ক্লাসিকোর আগে বাড়ল বার্সার ধার।’
বসে নেই বিবিসিও। ডেনমার্কের সঙ্গে শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে জিতিয়ে নায়ক রোনালদো। ওয়েলসকে জিতিয়ে মাদ্রিদে ফিরেছেন বেলও। পর্তুগালের বিপক্ষে প্রীতি ম্যাচে গোল পেয়েছেন ফ্রান্সের বেনজেমা।
সবকিছু মিলিয়ে আভাসটা পরিষ্কার—বার্নাব্যুতে ধুন্ধুমার এক লড়াই অপেক্ষা করছে ফুটবলপ্রেমীদের জন্য। রয়টার্স।