বিবিসি নেই? ইসকো তো আছেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয় এনে দেওয়া গোলের পর ইসকোর উল্লাস। ছবি: রয়টার্স।
জয় এনে দেওয়া গোলের পর ইসকোর উল্লাস। ছবি: রয়টার্স।

আর কত ভালো খেললে মূল একাদশে নিয়মিত হওয়া যায়! 

ইসকো চাইলে এখন জিনেদিন জিদানকে প্রশ্নটা করতেই পারেন। আগামী মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের সঙ্গে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ, রিয়াল মাদ্রিদ কোচ তাই আজ রোনালদো-বেল-বেনজেমাদের বাইরে রেখেই দল সাজান। দ্বিতীয় একাদশই বলা চলে! তাতে পয়েন্ট হারানোর শঙ্কাও পেয়ে বসেছিল রিয়ালকে, দুবার পিছিয়ে পড়ে ম্যাচে সমতা ফেরায় জিদানের দল। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটা ৩-২ গোলে জিতেছে রিয়াল। কারণ তাদের আছে একজন ইসকো। ৯০ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করেই দলকে জিতিয়েছেন স্প্যানিশ মিডফিল্ডার।
রিয়াল মাদ্রিদের মূল দলে এই সুযোগ পাচ্ছেন বটে, তবে এর বেশির ভাগই হয় বদলি হিসেবে, নতুবা এমন ‘দ্বিতীয় একাদশে’। আজও যেমন হলো। কিন্তু অন্য আরও অনেক বারের মতোই আজও সুযোগটা দুহাত ভরে নিলেন ইসকো। ম্যাচজুড়ে মাঝমাঠ দাপিয়ে বেড়িয়েছেন। দুর্দান্ত ড্রিবলিং, বুদ্ধিদীপ্ত পাসিংয়ে মুগ্ধ করেছেন। তাতে বাড়তি মাত্রা যোগ করেছে দুটি গোল। ৯০ মিনিটে জয়সূচক গোলটির আগে রিয়ালকে প্রথমবার সমতায়ও ফিরিয়েছেন ইসকো।
১৪ মিনিটেই দুজে কপের গোলে ঘরের মাঠে এগিয়ে যায় স্পোর্টিং গিজন। তবে রিয়ালও জবাব দিতে সময় নেয় মাত্র তিন মিনিট। বক্সের মধ্যে স্পোর্টিংয়ের তিন ডিফেন্ডারকে এড়িয়ে বাঁ পায়ের দুর্দান্ত শটে বল জড়িয়ে দেন জালে। ১-১ সমতা নিয়েই বিরতি, বিরতির পর আবার এগিয়ে যায় স্পোর্টিং। মিকেল ভেসগার বুদ্ধিদীপ্ত হেড যেন বড় ধাক্কাই দেয় মাদ্রিদকে। কিন্তু মাদ্রিদ বেশিক্ষণ স্পোর্টিংকে এগিয়ে থাকতে দিলে তো! এবার সময় লাগল সাত মিনিট। ডান দিক থেকে দানিলোর ক্রসে হেড করে ম্যাচে সমতা ফেরান আলভারো মোরাতা।
কিন্তু ২-২ নিয়ে তো সন্তুষ্ট থাকলে চলে না রিয়ালের! পয়েন্ট হারালেই যে কাঁধের ওপর গরম নিশ্বাস ফেলতে শুরু করত পয়েন্ট তালিকার দুইয়ে থাকা বার্সেলোনা। রিয়াল ড্র করলে, আর বার্সা রাতে পরের ম্যাচে রিয়াল সোসিয়েদাদের সঙ্গে জিতলে এক ম্যাচ বেশি খেলে এক পয়েন্ট এগিয়ে যেত কাতালানরা।
শেষ দিকে তাই আরেকটি গোলের জন্য প্রাণান্ত চেষ্টাই করছিল মাদ্রিদ। মোরাতার গোল বাতিল হলো অফসাইডে, হামেস রদ্রিগেজ-দানিলোরা সুযোগ কাজে লাগাতে পারলেন না। অবশেষে প্রার্থিত গোলটা এল ৯০ মিনিটে। এনে দিলেন ইসকো! বক্সের বাইরে মার্সেলোর কাছ থেকে বল পেয়েছিলেন। দুই পা এগিয়ে এসে ২০ গজ দূর থেকেই নিলেন নিচু শট, বাঁ পোস্ট ঘেঁষে জড়িয়ে গেল জালে।
এই জয়ে ৩১ ম্যাচে ৭৫ পয়েন্ট রিয়ালের। দুইয়ে থাকা বার্সেলোনার পয়েন্ট এই মুহূর্তে ৩১ ম্যাচে ৬৯। রাতে রিয়াল সোসিয়েদাদের সঙ্গে ঘরের মাঠে খেলবেন মেসিরা। টেন ওয়ান।