বিবিসির গোলের রেকর্ড কেড়ে নিলেন লিভারপুলত্রয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই ত্রয়ীর দুর্দান্ত ফর্ম লিভারপুলকে এনে দিয়েছে চ্যাম্পিয়নস লিগ জেতার সুযোগ। ছবি: টুইটার
এই ত্রয়ীর দুর্দান্ত ফর্ম লিভারপুলকে এনে দিয়েছে চ্যাম্পিয়নস লিগ জেতার সুযোগ। ছবি: টুইটার

এক দশক পর ইউরোপের সবচেয়ে মর্যাদাকর ট্রফির ফাইনালে লিভারপুল। ২০০৭ সালের পর এই প্রথম চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলছে লিভারপুল। লিভারপুলের অসাধারণ খেলার পেছনের মূল কারিগর তাদের আক্রমণভাগ। আরও পরিষ্কার করে বললে মোহাম্মদ সালাহ, সাদিও মানে ও রবার্তো ফিরমিনো। তিনজনের সম্মিলিত প্রচেষ্টা দলকে যেমন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে নিয়েছে, তেমনি ভেঙে দিয়েছে সব রেকর্ডও।

চলতি মৌসুমে ইংলিশ লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কারজয়ী সালাহ লিগের পাশাপাশি অসাধারণ খেলছেন চ্যাম্পিয়নস লিগেও। এ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে তাঁর গোল ১০টি। অন্যদিকে, ‘নাম্বার ৯’ ফিরমিনোর গোলও ১০। লিভারপুলত্রয়ী ‘ফেব থ্রি’–এর আরেক সদস্য সেনেগালের তারকা সাদিও মানে কাল পেয়েছেন নবম গোল।

লিভারপুলের আক্রমণের ত্রিফলার গোল ২৯টি। যা ছাড়িয়ে গিয়েছে রিয়াল মাদ্রিদত্রয়ী ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা ও গ্যারেথ বেলের রেকর্ডকে। ২০১৩-১৪ মৌসুমে রিয়াল মাদ্রিদের ‘বিবিসি’ত্রয়ীর গোল ছিল ২৮টি। সেই মৌসুমে রোনালদো করেছিলেন একাই ১৭ গোল। আর বেল ও বেনজেমা করেছিলেন যথাক্রমে ৬ ও ৫ গোল। সেবার রিয়াল করেছিল ৪১টি গোল। এমন গোলবন্যাই ১২ বছর পর চ্যাম্পিয়নস লিগ এনে দিয়েছিল রিয়াল মাদ্রিদকে।

এবার লিভারপুল ফাইনালের আগেই ৪০ গোল করে ফেলেছে। ফলে চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙার সুযোগ তাদের সামনে। নতুন রেকর্ডটা গড়ে ফেললেই হয়তো ১৩ বছর পর চ্যাম্পিয়নস লিগ জেতাটাও হয়ে যাবে লিভারপুলের।