বিবিসির বিপক্ষে শুধু এমএস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্প্যানিশ সুপার কাপের জন্য প্রস্তুত হচ্ছেন রিয়ালের বেল, বেনজেমা, ক্রিস্টিয়ানো রোনালদো (বিবিসি)। বার্সার এমএস (মেসি-সুয়ারেজ) আছেন, পাশে নেই এন (নেইমার) l এএফপি ও রয়টার্স
স্প্যানিশ সুপার কাপের জন্য প্রস্তুত হচ্ছেন রিয়ালের বেল, বেনজেমা, ক্রিস্টিয়ানো রোনালদো (বিবিসি)। বার্সার এমএস (মেসি-সুয়ারেজ) আছেন, পাশে নেই এন (নেইমার) l এএফপি ও রয়টার্স

এল ক্লাসিকো অবশ্য এরই মধ্যে একটা হয়ে গেছে। গত মাসে মায়ামির সেই ম্যাচে বার্সেলোনা ৩-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদকে। কিন্তু আজ ন্যু ক্যাম্পে আরও একবার মুখোমুখি হওয়ার আগে ওই ম্যাচের ফল মনে হয় না মাথায় থাকবে কোনো দলের। ওটা ছিল প্রীতি ম্যাচ, আর এটা স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগ। লড়াইটা যেহেতু ট্রফির জন্য, ন্যু ক্যাম্পে আজ এল ক্লাসিকোর ঝাঁজটাও হবে অন্য রকম। আগামী বুধবার ফিরতি লেগটা হবে সান্তিয়াগো বার্নাব্যুতে।

রিয়াল মাদ্রিদ অবশ্য এরই মধ্যে একটা ট্রফি জিতে গেছে। ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে পাওয়া উয়েফা সুপার কাপের ট্রফি দিয়েই শুরু হয়েছে জিনেদিন জিদানের নতুন মৌসুম। প্রাক-মৌসুম প্রস্তুতিতে একটাও ম্যাচ জেতেনি রিয়াল। কিন্তু উয়েফা সুপার কাপের ওই ম্যাচেই রামোস-বেল-ইসকোরা বুঝিয়ে দিয়েছেন, নতুন মৌসুমের জন্য তাঁরা তৈরি।

এই জায়গাটাতেই বার্সেলোনার বড় চ্যালেঞ্জ। একে তো লুইস এনরিকের বিদায়ের পর নতুন কোচ আর্নেস্তো ভালভার্দে দায়িত্ব নিয়েছেন বেশি দিন হয়নি। তার ওপর অনেক নাটকের জন্ম দিয়ে কয়েক দিন আগে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার বার্সা ছেড়ে যোগ দিয়েছেন পিএসজিতে। বিখ্যাত ‘এমএসএন’ত্রয়ী ভেঙে গেছে। নেইমারের জায়গায় লিভারপুল থেকে কুতিনহো আর বরুসিয়া ডর্টমুন্ড থেকে উসমান ডেম্বেলেকে আনার চেষ্টা করছে বার্সা। কিন্তু এখনো সফল হয়নি।

নেইমারকে ছাড়া বার্সেলোনার আক্রমণভাগ তাই কীভাবে মানিয়ে নেয়, সেটা দেখার একটা কৌতূহল থাকবে। বার্সেলোনারই সাবেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিভালদো যদিও মনে করেন, খুব একটা সমস্যা হবে না কাতালানদের। তাঁর মতে, ‘বার্সেলোনা এটা সমাধান করে ফেলবে। যারা আছে তারা নিজেদের প্রমাণের জন্য আরও মরিয়া হবে, ক্লাবও নেইমারকে বিক্রি করে পাওয়া টাকায় কয়েকজন নতুন খেলোয়াড় কিনবে।’

গত সপ্তাহে শাপেকোয়েনসের বিপক্ষে হুয়ান গাম্পার ট্রফির ম্যাচে নেইমারের জায়গায় খেলেছিলেন এভারটন থেকে এই মৌসুমে বার্সায় ফেরত আসা জেরার্ড দেলোফু। কোচ ভালভার্দে আজও হয়তো তাঁর ওপরই আস্থা রাখবেন। প্রাক-মৌসুম ম্যাচগুলোয় দারুণ খেললেও এখানে নতুন করে শুরু করতে হবে বলে মনে করেন ভালভার্দে, ‘রোববার (আজ) থেকেই আসল মৌসুম শুরু হচ্ছে। ওগুলো ছিল প্রীতি ম্যাচ। এটা তো শিরোপার লড়াই, সেটাও আমাদের সবচেয়ে বড় প্রতিপক্ষের সঙ্গে।’ নেইমারকে হারানোর ধাক্কার পর আজ একটা জয় বার্সেলোনাকে চাঙা করে দিতে পারে অনেকটাই।

ওদিকে ট্রফি জিতে মৌসুম শুরু করা রিয়াল এমনিতেই বেশ চাঙা। উয়েফা সুপার কাপে ক্রিস্টিয়ানো রোনালদো নেমেছিলেন শেষ কয়েক মিনিটের জন্য। তাঁকে ছাড়াই বাকি ম্যাচটা দুর্দান্ত খেলেছে রিয়াল। আজ অবশ্য রোনালদোর শুরু থেকেই খেলার কথা। লম্বা ছুটি কাটিয়ে ফেরা পর্তুগিজ উইঙ্গার ম্যাচে নিজের একটা ছাপ তো রাখতে চাইবেনই। তবে নিয়মিত একাদশে একটা পরিবর্তন জিদানকে করতে হবে বাধ্য হয়েই। নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে খেলতে পারবেন না ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মডরিচ। তাঁর জায়গা নিতে পারেন তাঁরই স্বদেশি মাতেও কোভাচিচ। এএফপি।