বিবিসি-এমএসএনের পর এবার সিআইএ!

এবার তাহলে ফুটবল মাঠে গুপ্তচরগিরি? কেন নয়? রিয়াল মাদ্রিদ যদি ‘বিবিসি’ এনে হাজির করতে পারে, বার্সেলোনা যদি ‘এমএসএন’-এর ঝলক দেখিয়ে দেয়, কেনইবা বসে থাকবে পিএসজি? এবার তারা হাজির হচ্ছে সিআইএ নিয়ে। নাম শুনলে মার্কিন গোয়েন্দা সংস্থার কথা মনে পড়ে। কাভানি-ইব্রা-অ্যাঙ্গেল ত্রয়ী সেরকম দুর্ধর্ষ হয়ে উঠবে, এটাই প্রত্যাশা ফরাসি ক্লাবটির।
ফুটবল বিশ্বকে গত মৌসুম শাসন করেছে এমএসএন জুটি। মেসি-সুয়ারেজ-নেইমার। আগের মৌসুমে ফুটবলে ছড়ি ঘুরিয়েছে বিবিসি। বেনজেমা-বেল-ক্রিস্টিয়ানো। এবার নতুন এক ত্রিমূর্তির দেখা মিলবে। ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে এই মৌসুমে পিএসজিতে নাম লিখিয়েছেন অ্যাঙ্গেল ডি মারিয়া। এডিনসন কাভানি আর জ্লাতান ইব্রাহিমোভিচ আগেই ছিলেন। অ্যাঙ্গেল-এর ‘এ’ যুক্ত হওয়ায় এই ত্রয়ীকে ডাকা হচ্ছে ‘সিআইএ’ নামে।
শুরুটা হয়েছিল দুই মৌসুম আগে। টটেনহাম থেকে দলবদলের বিশ্ব রেকর্ড গড়ে রিয়ালে যোগ দেন গ্যারেথ বেল। রিয়ালের আক্রমণভাগে আগে থেকেই মজুত ছিল ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমার মতো অস্ত্র। বেল যোগ দেওয়ার পর এই ত্রিফলার আদ্যক্ষর দিয়ে ভক্তরা বানিয়ে নিলেন বিবিসি। এক যুগ পরে রিয়ালের দশম ইউরোপ সেরার ট্রফি আসে এই বিবিসির হাত ধরেই।
রিয়াল বিবিসি বানালে বার্সেলোনাও কি বসে থাকবে? গত মৌসুমের উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজকে লিভারপুল থেকে নিয়ে আসে কাতালান ক্লাবটি। ভক্তরাও পেয়ে গেল নতুন এক অস্ত্র। মেসির এম, সুয়ারেজের এস আর নেইমারের এন দিয়ে বানিয়ে নিল এমএসএন। গত মৌসুমে ভক্তদের ট্রেবল জিতিয়ে ভক্তদের মন জিতে নিয়েছেন এই ত্রয়ী।
ইউরোপের ফুটবলে পরাশক্তি হওয়ার স্বপ্ন অনেক দিন ধরেই দেখছে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই। গত কয়েক মৌসুমজুড়ে অর্থের ঝনঝনানি শুনিয়ে সমীহ জাগানিয়া দলও হয়ে উঠেছে। কিন্তু চ্যাম্পিয়নস লিগে কোনোভাবেই কোয়ার্টার ফাইনালের গেরো খুলছিল না পিএসজির। সে জন্যই এবার রিয়ালকে চ্যাম্পিয়নস লিগ জেতানো আরেক খেলোয়াড় ডি মারিয়াকে ওল্ড ট্রাফোর্ড থেকে উড়িয়ে এনেছে। ব্যস, ভক্তরাও পেয়ে গেলেন তাঁদের নতুন ত্রয়ী—সিআইএ।
দেখা যাক, বিবিসি-এমএসএনের মতো সিআইএ বিশ্ব কাঁপাতে পারে কি না।