বিব্রতকর হারের পর...

মামুনুলকে দেখেই সহাস্যে জড়িয়ে ধরলেন নিকোলা কাবাজোভিচ। বাংলাদেশ অধিনায়কে জানালেন শুভেচ্ছা, আগের সন্ধ্যায় মালয়েশিয়া যুবদলের কাছে বিব্রতকর হারের সান্ত্বনাও দিলেন শ্রীলঙ্কার কোচ। এটি সাধারণ সৌজন্যবোধ, কিন্তু আসলে ছড়াল অন্যরকম বার্তা। টিম হোটেলে দুজনের সংবাদ সম্মেলনের ঠিক আগে-পরে দৃশ্যটা ধারণ করতে ফটোসাংবাদিকদের ক্যামেরার ফ্ল্যাশগান জ্বলল অনেকক্ষণ।
২ ফেব্রুয়ারি ঢাকায় বাংলাদেশ-শ্রীলঙ্কা মুখোমুখি। মালয়েশিয়ার কাছে হার বঙ্গবন্ধু কাপ অভিযানে বাংলাদেশকে দাঁড় করিয়েছে খাদের কিনারে। ঘুরে দাঁড়াতে হলে ওই ম্যাচ জিততেই হবে। মামুনুল ইসলাম সেই বাঁচা-মরার ম্যাচে তিন পয়েন্ট পাওয়ার প্রতিজ্ঞাই করলেন।
এমন প্রতিজ্ঞা বেশির ভাগ ম্যাচেই রাখতে পারছেন না বাংলাদেশের ফুটবলররা। নতুন কিছু নয়। তার পরও মালয়েশিয়া যুবদলের সঙ্গে জয়েরই আশা করা হয়েছিল। সেই আশার বেলুন ফুটো হওয়ার পর কাল সকালে সাংবাদিকের অনুরোধে কথা বলতে এলেন বাংলাদেশ অধিনায়ক। সেটি মুহূর্তেই রূপ নিল সংবাদ সম্মেলনে। মালয়েশিয়া যুবদলের কাছে ঘরের মাঠে গ্যালারিভর্তি দর্শকের সামনে হারের ব্যাখ্যা কী?
কোচ লোডভিক ডি ক্রুইফের মতো মামুনুল এটা স্বীকার করেননি যে স্নায়ুচাপেই ভেঙে পড়েছে দল। কোচের সঙ্গে অধিনায়কের ভাবনার বিস্তর ফারাক। কোচ খেলোয়াড়দের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেও অধিনায়ক তা মানতে রাজি নন। একটা চাপান-উতোরই যেন চলছে!
অধিনায়ক বরং হারের কয়েকটি কারণ দেখালেন এভাবে,‘ আমরা বাজে গোল খেয়েছি (দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের বাইরে থেকে দুর্দান্ত বাঁকানো শটে গোল, বাজে গোল হয় কীভাবে!)। নিজেরা অনেক মিস করেছি।’ তাঁর দাবি, ‘প্রথম ২০-২৫ মিনিট বাদে বাকি সময়টা আমরা বেশ ভালো খেলেছি।’
সবাইকে হতাশ করে এমন আত্মতৃপ্তি খোঁজা! তবে একটা ব্যাপার মামুনুল কবুলই করলেন। খেলোয়াড়দের মানসিক শক্তি বাড়াতে দলে একজন মনোবিদ হলে ভালো হয় বলছেন কোচ, অধিনায়কও তাতে একমত, ‘টিম ম্যানেজমেন্ট চাইলে মনোবিদ দিতে পারে। মানসিকভাবে আরও শক্তিশালী হতে কাজে আসবে এটা।’
সিলেটের মাঠও নাকি সমস্যা হয়ে দাঁড়িয়েছিল স্বাগতিকদের জন্য! মামুনুলের ব্যাখ্যা,‘ সিলেটের মাঠ অনেক দ্রুতগতির। এখানে অনুশীলনের সুযোগ পাইনি। আমরা বিকেএসপিতে অনেক ঘাসের মাঠে অনুশীলন করেছি, সেটা ছিল ধীর। কাজেই আমাদের একটু সমস্যা হয়েছে। মালয়েশিয়া তো এমন দ্রুতগতির মাঠে খেলতে অভ্যস্ত।’
এটা ঘটনা, মালয়েশিয়াকে শুরুতেই ভড়কে দিতে চেয়ে উল্টো বাংলাদেশই গেছে ভড়কে! উঁচুমানের আক্রমণাত্মক ফুটবল খেলল মালয়েশিয়া। এতে মামুনুল বেশ অবাক। তবে সেই অধ্যায় ভুলে এখন তাঁর চোখ শ্রীলঙ্কা ম্যাচে। ওই ম্যাচ ‘ফাইট’ করবেন এবং জয় নিয়েই সালাউদ্দিনকে দেওয়া সেমিফাইনালে ওঠার প্রতিশ্রুতি রাখতে চান অধিনায়ক।
সেমিতে উঠতে না পারলে জাতীয় দল ছাড়বেন, এই ঘোষণা আগেই দিয়েছেন মামুনুল। কাল পুনরাবৃত্তি করলেন। সত্যিই সেটা ঘটলে মালয়েশিয়ার অধিনায়ক নাজারুল নাঈম একটু ‘অপরাধবোধ’ করতেই পারেন। এই তরুণ বাংলাদেশকে জানাচ্ছেন একটু সহমর্মিতা, ‘শুরুতে আমরা যেমন চাপ দিয়েছি, তাতে ম্যাচটা একটু কঠিন হয়ে উঠেছিল তাদের জন্য।’ মালয়েশিয়ার কোচ রাজিপ ইসমাইলের কণ্ঠেও সমবেদনা, সম্ভবত ওদের ওপর চাপ ছিল। এটা হতেই পারে।
কিন্তু এই দেখে বিস্মিত জর্জ কোটান। বাংলাদেশের ২০০৩ সাফজয়ী কোচ সিলেটে এসেছেন খেলা দেখতে। আরও প্রস্তুতি ম্যাচ ছাড়া বাংলাদেশ কীভাবে এমন টুর্নামেন্ট খেলছে, সেটি নাকি তাঁর মাথায়ই ঢুকছে না। তুললেন নানা প্রশ্নও, ‘বাংলাদেশ সেরা একাদশ বেছে নিতে পারেনি। বাঁ প্রান্ত থেকে গোটা ম্যাচে দেখলাম একটা মাত্র আক্রমণ। রক্ষণ ধীর, মাঝমাঠ ধসে পড়েছে, দ্বিতীয়ার্থে ঘুরে দাঁড়ালেও অনেক দেরি হয়ে গেছে। তা ছাড়া এত লম্বা বল কেন?’
হোটেল লবিতে তখন ঢাকার একঝাঁক কর্মকর্তা। কারও কারও চোখ-মুখে অন্ধকার। বাফুফের সহসভাপতি ও জাতীয় দল কমিটির সদস্য তাবিথ আউয়াল অবশ্য সেই দলে নন। দলের পারফরম্যান্স নিয়ে এক প্রশ্নে উল্টো সাংবাদিকদের দোষারোপ করলেন, ‘আমরা সন্তুষ্ট। আপনারা এসব প্রশ্ন করে মনে হয় একটা ক্যাওস লাগাতে চান!’
ওই ভিড়ে দাঁড়িয়ে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন অবশ্য নিজেকে রাখলেন হতাশাবাদীদের দলেই, ‘ভোর ছটায় উঠে গেছি। বুঝে নিন সব...।’ এটা বলেই দলের সঙ্গে একই বিমানে সিলেট ছাড়লেন। প্রথম ম্যাচে অধরা জয়টির জন্য পড়ে রইল হাহাকার।