বিভ্রান্ত হয়ে মোহনবাগানের কাছে চট্টগ্রাম আবাহনীর হার

মাঠে নামার আগেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যায় চট্টগ্রাম আবাহনীর। তাই মোহনবাগানের কাছে হারে ক্ষতি কিছু হয়নি। সেই হার ১-০ গোলে। তবু গ্রুপসেরা হয়েই শেখ কামাল ক্লাব কাপের সেমিফাইনালে উঠেছে স্বাগতিক দল।
চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে আজ চট্টগ্রাম আবাহনী-মোহনবাগান ম্যাচের একমাত্র গোলটি হয়েছে ম্যাচের ৬০ মিনিটে। কেরালার ফুটবলার সুহাইর বক্সের ভেতর থেকে দারুণ এক ভলিতে গোলটি করেছেন। এই গোলই গ্রুপ রানার্সআপ হিসেবে মোহনবাগানকে তুলে দিয়েছে টুর্নামেন্টের সেমিফাইনালে। মোহনবাগান ও চট্টগ্রাম আবাহনীর সমান ৬ পয়েন্ট পয়েন্ট পেলেও গোলগড়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে লাওসের তারুণ্যনির্ভর দল ইয়ং এলিফ্যান্ট।
চট্টগ্রাম আবাহনীর হাতেই বাঁধা ছিল ইয়ংয়ের ভাগ্য। স্বাগতিক দল না হারলেই লাওসের দলটি চলে যেত শেষ চারে। তবে চট্টগ্রাম আবাহনীর খেলা দেখে নিশ্চিত মন খারাপ করেছে ইয়ং এলিফ্যান্ট। কারণ, ভরা গ্যালারির সামনে নিজেদের সেরাটা দিতে পারেনি আকাশি নীলরা। অধিনায়ক জামাল ভূঁইয়া, স্ট্রাইকার চিনেদু ম্যাথিউসহ নিয়মিত একাদশের ছয় খেলোয়াড়কে বাইরে রাইরে রেখে দল নামান কোচ মারুফুল হক। পরে অবশ্য দলের এলোমেলো অবস্থা দেখে জামাল, ম্যাথিউদের মাঠে পাঠান কোচ। ততক্ষণে অবশ্য গোল খেয়ে বসে আছে দলটি। এরপর সুযোগ পেলেও আর ম্যাচে ফিরতে পারেনি স্বাগতিকেরা।
সেই গোল খাওয়ার কারণ কী? মোহনবাগান পরিকল্পিত আক্রমণ গড়ে গোলটি পেয়েছে, সাদা চোখে এটাই সহজ উত্তর। স্ট্রাইকার সুহাইর দারুণ নৈপুণ্য দেখান। চট্টগ্রাম আবাহনীর ডিফেন্ডার পিটার তাঁকে টেনে ধরলেও শরীরের ভারসাম্য রাখেন সুহাইর। তিনি পড়ে গেলে নিশ্চিত পেনাল্টি। রেফারি খেলা থামাননি, বাজাননি পেনাল্টির বাঁশিও। সুহাইর একটু এগিয়ে লক্ষ্যভেদ করেন। তবে গোল খাওয়ার কারণ হিসেবে চট্টগ্রাম আবাহনীর কোচ মারুল হক যা বললেন, তাতে বিস্ময় জাগতে বাধ্য, ‘আমরা তো জানতাম এই ম্যাচ হারলেও সেমিফাইনালে যাচ্ছি। তাই সেরা দলটি নামাইনি। কিন্তু বিরতির পর এক কর্মকর্তা বললেন, এই ম্যাচ হারলে চট্টগ্রাম আবাহনী বাদ, এটা শুনে আমরা বিচলিত হয়ে গোলটা খেয়ে বসি। এই বিভ্রান্তি আমাদের ক্ষতি করেছে।’ তার মানে বিভ্রান্ত হয়েই দুই বাংলার লড়াইয়ে মোহনবাগানের কাছে চট্টগ্রাম আবাহনীর হার!