বিরক্ত এনরিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচের ৭৪ মিনিটে সবার চোখ ছানাবড়া। নেইমারকে উঠিয়ে নামানো হচ্ছে জাভিকে! অথচ দুর্দান্ত একটা ফ্রি-কিকে বার্সেলোনাকে ২-০ গোলে এগিয়ে দিয়েছিলেন নেইমারই। লুইস এনরিকের সিদ্ধান্তটা সহজভাবে নেননি বার্সার ব্রাজিলিয়ান স্ট্রাইকার। মাঠ ছেড়ে যাওয়ার সময় হাতের আঙুলে একটা মুদ্রা ফুটিয়ে তুলেছিলেন, পরে লকার রুমের মেঝেতে বুটজোড়া ছুড়ে ফেলেও বুঝিয়েছেন নিজের ক্ষোভটা। নেইমার অবাক হয়েছেন, বার্সার সহসভাপতি জর্দি মেস্ত্রে পর্যন্ত বিস্মিত এনরিকের এমন সিদ্ধান্তে। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনেও এনরিকেকে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে এটা নিয়ে। বার্সা কোচ এমনিতে ঠান্ডা মাথার মানুষ, কিন্তু এই প্রসঙ্গে যেন খানিকটা মেজাজই হারিয়ে ফেললেন, ‘এসব ফালতু কথা শোনার সময় আমার নেই। আজকাল এসব নিয়ে কথা বলাটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। আমি শুধু দলের জয় নিয়েই ভাবি, অন্যকিছুতে আমার আগ্রহ নেই।’ এনরিকে কি নেইমারের ওপর বিরক্ত হয়েই কথাগুলো বলেছেন? গোলডটকম।