বিলবাও-ভূত তাড়াতে পারবেন মেসিরা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুশীলনে ঘাম ঝড়িয়ে যাচ্ছেন মেসি নেইমার। ছবি: এএফপি
অনুশীলনে ঘাম ঝড়িয়ে যাচ্ছেন মেসি নেইমার। ছবি: এএফপি

মাত্র এক সপ্তাহ সময়ের মাঝেই কত তফাৎ। ঠিক নয় দিন আগে সান মেমেসে খেলতে এসেছিল বার্সেলোনা। মাত্রই সেভিয়াকে হারিয়ে ইউরোপিয়ান সুপার কাপ জিতে নিয়ে আত্মবিশ্বাসে টগবগ করছিল বার্সা শিবির। মৌসুমের পঞ্চম শিরোপাও খুব অনায়াসে জিতবে বলেই ভেবেছিল সবাই। কিন্তু আরিজ আদুরিজ ভেবে রেখেছিলেন অন্য কিছু। তাঁর হ্যাটট্রিকের ওপর ভর করে বার্সেলোনাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল বিলবাও। আজ সেই মেমেসে লা লিগার প্রথম খেলায় আবারও মুখোমুখি হচ্ছে দুই দল। 
আজ রাত সাড়ে দশটায় (বাংলাদেশ সময়) বিলবাওর আতিথ্য নিতে যাচ্ছে বার্সেলোনা। লা লিগার শিরোপা রক্ষার লড়াইয়ে আজকেই প্রথম মাঠে নামছে তাঁরা। কিন্তু সুপার কাপের সেই ম্যাচের ভূত নিশ্চয় এখনো তাড়িয়ে ফিরছে মেসিদের! টার স্টেগানের সেই অবিশ্বাস্য বোকামি কিংবা মাত্র ১৫ মিনিটের মধ্যে আদুরিজের হ্যাটট্রিক অনেক দিন পোড়াবে কাতালানদের। আজকের এই ম্যাচ তাই সুপার কাপের হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ। মেসি, সুয়ারেজরা জয় দিয়েই শিরোপা ধরে রাখার মিশন শুরু করতে চাইবেন। বিলবাও চাইবে ১৪ তারিখের স্মৃতি ফিরিয়ে আনতে। সব মিলিয়ে এক জমজমাট লড়াইয়ের অপেক্ষা। এই জমজমাট লড়াই দেখার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের দর্শকেরাও। বাংলাদেশে খেলাটি দেখাবে সনি সিক্স ও সনি এইচডি। 
আজকের এই ম্যাচে অবশ্য রক্ষণের গুরুত্বপূর্ণ সেনানী জেরার্ড পিকে থাকছেন না। বিলবাওর বিপক্ষেই লাল কার্ড দেখে চার ম্যাচের নিষেধাজ্ঞা জুটিয়েছেন এই ডিফেন্ডার। মেসিদের ছয় শিরোপা স্বপ্নে বাগড়া দেওয়া বিলবাওকে যুতসই জবাব দিতে মরিয়া বার্সেলোনা। কিন্তু মেসিরা কি পারবে বিলবাও-ভূত তাড়াতে? জবাব মিলবে খানিক পরেই।