বিলম্বিত ঘরোয়া ফুটবলে ফ্র্যাঞ্চাইজি-হাওয়া
২৮ জানুয়ারি শুরু হওয়া মাসব্যাপী দলবদলে এখনো কোনো ক্লাবই খেলোয়াড় নিবন্ধন করেনি। বাফুফে ভবনে তাই দলবদলের উত্তাপ লাগছে না এতটুকু। যদিও শিরোপাপ্রত্যাশী বড় ক্লাবগুলো দল গুছিয়ে ফেলেছে আগেই। কিন্তু খেলোয়াড় নিবন্ধন করে প্রস্তুতিতে নামার ব্যাপারে তাদের মধ্যে দেখা যাচ্ছে ‘কচ্ছপগতি’।
নিজেদের তাগিদে ভগ্ন দল নিয়েও শেখ জামালই শুধু প্রস্তুতিতে নেমেছে। ২৩ ফেব্রুয়ারি সিঙ্গাপুরে এএফসি কাপের প্রথম ম্যাচটা খেলতে ১৯ তারিখ দলটির ঢাকা ছাড়ার কথা। অন্য বড় দলগুলোর সেই তাড়া নেই বলেই এখনো প্রাণ পায়নি ঘরোয়া ফুটবল। বাফুফের নতুন বর্ষপঞ্জিও দলগুলোকে ধীরে চলতে উৎসাহিত করছে।
অন্য বছরগুলোতে আরও আগেই ঘরোয়া আয়োজন শুরু হয়ে যেত বলে বঙ্গবন্ধু স্টেডিয়াম সরগরম থাকত এই ফেব্রুয়ারিতে। এবার দেরি হচ্ছে বরাবরের মতো ক্লাব ও জাতীয় দলের আন্তর্জাতিক সূচিটাই অগ্রাধিকার পাওয়ায়। ২৫ ফেব্রুয়ারি শেখ জামাল ঢাকায় ফিরলে তবেই আলোর মুখ দেখার কথা নতুন ফুটবল মৌসুম। তবে বাফুফে এখনো খেলা শুরুর তারিখটা চূড়ান্ত করেনি, যা পেশাদার যুগের সঙ্গে একেবারে বেমানান।
ব্যতিক্রম আছে আরও। ফেডারেশন কাপ দিয়ে ফুটবল মৌসুম শুরু করাটা ঐতিহ্যই হয়ে গিয়েছিল। এবার মার্চে মৌসুমের প্রথম টুর্নামেন্ট হওয়ায় স্বাধীনতার মাসের সঙ্গে সামঞ্জস্য রেখে মৌসুম শুরুর টুর্নামেন্টটি হবে স্বাধীনতা কাপ। ২৮ বা ২৯ ফেব্রুয়ারি এই টুর্নামেন্ট দিয়ে নতুন মৌসুমের পর্দা উঠতে পারে বলে কাল জানিয়েছে বাফুফে।
অবশ্য খেলা শুরু হয়েই কদিন পর বন্ধ হয়ে যাবে! ৮ ও ১৫ মার্চ ঢাকায় এএফসি কাপে শেখ জামালের দুটি ম্যাচ আছে। এর পরপরই স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের জন্য ১৭-২৬ মার্চ বঙ্গবন্ধু স্টেডিয়াম নিয়ে নেবে ঢাকা জেলা প্রশাসন। এই ফাঁকেই ১৬ মার্চ জাতীয় দল আরব আমিরাত উড়াল দেবে। ১৮ মার্চ আমিরাতের সঙ্গে প্রীতি ম্যাচের পর ২৪ মার্চ জর্ডানের সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ে শেষ ম্যাচ লাল-সবুজের। ওই মিশন শেষে জাতীয় দল ফিরলে হবে স্বাধীনতা কাপের বাকি ম্যাচগুলো। ফলে স্বাধীনতা কাপ শেষ করতে করতেই এপ্রিল লেগে যাবে। তারপর লিগ।
লিগও অবশ্য বাধাহীন চলবে না। এএফসি কাপে শেখ জামালের বাকি তিন ম্যাচের বিরতির ফাঁকে ফাঁকে ফেডারেশন কাপের গ্রুপ ম্যাচগুলো আয়োজনের চিন্তা আছে। এবার ঐতিহ্য পাল্টে ফেডারেশন কাপের নকআউট ম্যাচগুলো হতে পারে লিগ শেষে।
ঘরোয়া ফুটবল এবার অনেকটা বিলম্বিত হলেও একটা বড় আয়োজনের অদৃশ্য হওয়া বইছে ভেতরে-ভেতরে। অক্টোবর-নভেম্বরে প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি লিগ শুরুর ঘোষণা এসেছে আগেই। ভেন্যু হতে পারে আটটি, প্রস্তাবিত তালিকায় আছে আটটি বিভাগীয় শহর। কদিন পরই ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারকে নিয়ে খুলনা, বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ ভেন্যু পরিদর্শন করার কথা সংশ্লিষ্ট কর্মকর্তাদের। তবে ঢাকা, চট্টগ্রাম, সিলেট পরিদর্শনের প্রয়োজন তাঁরা দেখছেন না। এগুলো ‘ঠিকঠাক’ই আছে।