
দেশসেরা দলের তকমাটা আগেই পেয়েছে শেখ জামাল ধানমন্ডি। দেশের বাইরেও দেখিয়ে আসছে দাপট। কলকাতার আইএফএ শিল্ডে নজরকাড়া নৈপুণ্য, ভুটানের কিংস কাপ জয়—ঢাকার এই পরাশক্তি ভালোই সমীহ কেড়েছে এই অঞ্চলে। এবার কিরগিজস্তানের মাটিতে উড়ছে জয়ের পতাকা। এএফসি কাপের প্রাক-বাছাইয়ের প্রথম ম্যাচেই মামুনুলদের কাছে বিধ্বস্ত ম্যাকাওয়ের সিএসএসএ বেনফিকা। ৪-১ স্কোরলাইনই বলে দিচ্ছে শেখ জামাল কতটা প্রাধান্য নিয়ে শুরু করল টুর্নামেন্টটা।
কোচ যোসেফ আপুসি এমন জয়ের সব কৃতিত্ব দিলেন খেলোয়াড়দের। ফোনের ও প্রান্তে বারবারই বলছিলেন, ‘দুর্দান্ত খেলেছে ছেলেরা, অসাধারণ।’ তাঁর আনন্দটা কয়েক গুণ বেড়ে গেছে দল প্রথমার্ধের মাঝামাঝি গোল হজম করেও দারুণভাবে ফিরে আসায়। কর্নার থেকে হেডে প্রতিপক্ষ এগিয়ে যেতেই জ্বলে উঠল শেখ জামাল। ম্যাচে আর দাঁড়াতে পারেনি ম্যাকাওয়ের দলটি।
বিরতির ঠিক আগে এমেকার প্লেসিংয়ে ১-১। এরপর শুরু মামুনুল-ঝলক। টানা দুটি গোল করে ম্যাচটা হাতের মুঠোয় ভরে দেন এই প্লে-মেকার। শেষ গোলটা শাখাওয়াত রনির। কোচ জানালেন, মামুনুলের কর্নার কিকে বক্সে মাথা ছোঁয়ানোর প্রাণপণ চেষ্টা করছিলেন রনি, কিন্তু বল বাঁক খেয়ে কর্নার থেকেই সরাসরি জালে (২-১)! তৃতীয় গোলটা ফ্রি-কিক থেকে এসেছে, এবারও রনি মাথা ছোঁয়াতে লাফিয়ে ওঠেন। রনির মাথায় নাকি ছোঁয়া লেগেছে। তবে রেফারি গোল দিয়েছেন মামুনুলকেই। শেষ দিকে এমেকা গোলরক্ষককে একা পেয়েও বাইরে মেরেছেন।
জানা গেল, কম উচ্চতার কারণে ম্যাচে সুবিধা করতে পারছিলেন না তকলিচ, শাখাওয়াত রনি নেমেই খেলাটা বদলে দিয়েছেন। প্রতিপক্ষ রক্ষণকে ভারসাম্যহীন করতে রনি রেখেছেন বড় ভূমিকা। রক্ষণ আর মাঝমাঠের সেতু হিসেবে ভালো খেলেছেন জামাল ভূঁইয়া। লিংকন ওভারল্যাপ করে আক্রমণে বল ভালোই জোগান দিয়েছেন। সব মিলিয়ে শেখ জামালকে রোখার সাধ্য ছিল না ম্যাকাওয়ের দলটির।
দ্বিতীয়ার্ধে দলের খেলা দেখে মুগ্ধ আশরাফউদ্দিন আহমেদ চুন্নু। বিশকেক থেকে ফোনে শেখ জামালের এই কর্মকর্তা বলছিলেন, ‘দ্বিতীয়ার্ধে ওয়ান-টু টাচে নজরকাড়া ফুটবল খেলেছে আমাদের দল। যা সবারই আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।’ ক্লাব সভাপতি মনজুর কাদের তো ভীষণ আনন্দিত, ‘অসাধারণ খেলেছে আমাদের দল। দারুণ...দারুণ।’
প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয়, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা এখন আরও জোরালো শেখ জামালের। সিএসএসএ বেনফিকাকে ২-০ গোলে হারানো কিরগিজ দল এএফসি আলগার সঙ্গে আগামীকাল ড্র করলেই চলবে শেখ জামালের। তবে শেখ জামাল ধানমন্ডির কোচ-কর্মকর্তা এমনই আশাবাদী, দ্বিতীয় ও শেষ ম্যাচে জয়ই দেখছেন।