বিশের বিষ বাইশে ভুলতে চায় ব্রাজিল

>আরও একটি বিশ্বকাপে হতাশ হতে হলো ব্রাজিলকে। ২০২২ সালে গিয়ে ট্রফি জেতার অপেক্ষাটা হয়ে যাবে ২০ বছরের। ২৪ বছরের দীর্ঘ খরার পর এটাই হবে ব্রাজিলের দ্বিতীয় সর্বোচ্চ অপেক্ষা
আরও একটা বিশ্বকাপ থেকে খালি হাতে ফেরা। আরও চার বছরের অপেক্ষা ব্রাজিলের। বেলজিয়ামের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেওয়া ব্রাজিলকে এখন পরের বিশ্বকাপ নিয়ে ভাবতে শুরু করার পরামর্শ দিয়েছিলেন কিংবদন্তি রোনালদো। তাঁর কথাই যেন প্রতিধ্বনিত হলো ফুটবলের রাজা পেলে আর আরেক কিংবদন্তি রিভালদোর কণ্ঠে। ২০২২ কাতার বিশ্বকাপ নিয়ে এখনই ব্রাজিলের পরিকল্পনা শুরু করা প্রয়োজন বলে মনে করেন তাঁরা দুজনই।
শিরোপার বড় দাবিদার হিসেবেই রাশিয়ায় এসেছিল ব্রাজিল। তিতের দল খেলেছেও দারুণ। কিন্তু পথচলাটা দুর্ভাগ্যজনকভাবে থেমে গেল শুক্রবার কাজানে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে। সব বিশ্বকাপেই ব্রাজিলকে নিয়ে প্রত্যাশাটা এত বেশি থাকে যে রানার্সআপ হওয়াটাকেও ব্যর্থতা বলেই মনে করেন ব্রাজিলিয়ানরা। সেখানে শেষ আট থেকে এই বিদায় তো খুবই খারাপ ফল বলে মনে করেন কিংবদন্তি ব্রাজিলিয়ান স্ট্রাইকার রোনালদো।
তবে এমন হারের যন্ত্রণা ভুলেই ভবিষ্যতের কথা ভাবতে শুরু করার পরামর্শ দিয়েছেন রোনালদো। কাল নিজের টুইটারে পেলেও বলেছেন প্রায় একই কথা, ‘সব পথচলাই লক্ষ্যে গিয়ে শেষ হয় না। কিন্তু প্রতিটি পথচলাই নতুন অভিজ্ঞতা নিয়ে আসে। চলুন, আমরা সেই অভিজ্ঞতা দিয়েই ভবিষ্যতের কথা ভাবতে শুরু করি।’
দুঃখ ভুলে নতুন করে শুরু করার কথা বলেছেন ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলে রোনালদোর সতীর্থ রিভালদোও। সাবেক এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ইনস্টাগ্রামে লিখেছেন, ‘প্রথমেই আমি বেলজিয়ামকে তাদের জয় ও সেমিফাইনালে পৌঁছানোর জন্য অভিনন্দন জানাব। বিশ্বকাপটা এমনই, বিশেষ করে কোয়ার্টার ফাইনালগুলো। এখান থেকেই মূলত টুর্নামেন্টটা শুরু হয়। বিশ্বকাপ কোপা আমেরিকা, বাছাই পর্ব বা প্রীতি ম্যাচের চেয়ে আলাদা।
‘এতে ভুলের কোনো সুযোগ নেই। এটা ফুটবলেরই অংশ! ৩২টি দলের মধ্যে মাত্র একটা দল জেতে এবং এবারে সেটা ব্রাজিল নয়।’ তারপরই রিভালদো যোগ করেছেন, ‘এখন সময় মাথা তুলে দাঁড়িয়ে ২০২২ সালের কাতার বিশ্বকাপ নিয়ে ভাবার।’
ব্রাজিলের বিশ্বকাপ জয়ের জন্য এর চেয়ে দীর্ঘ অপেক্ষা ছিল একবারই। ১৯৭০-এর পর ২৪ বছর অপেক্ষা শেষে তারা শিরোপা জেতে যুক্তরাষ্ট্রে আয়োজিত বিশ্বকাপে। তখন টানা তিন বছর ফাইনালে উঠে দুবার শিরোপা জিতেছিল ব্রাজিল। এরপর এটাই ব্রাজিলের দীর্ঘ অপেক্ষা। ব্রাজিল–সমর্থকেরা ভাবতে পারে, অপেক্ষার ফল হয়তো এবারও এমন মধুর হবে!