বিশ্ব চ্যাম্পিয়নদের হারাল যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিন আগেই হল্যান্ডের মাঠে গিয়ে তাদের হারিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। পরশুরটা আরও বড় চমক, এবার বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে তাদের মাঠে গিয়ে হারাল ২-১ গোলে। সামনের মাসের গোল্ডকাপের আগে প্রস্তুতিটা দারুণ হলো যুক্তরাষ্ট্রের, আগামীকাল ফারো আইল্যান্ডের সঙ্গে ইউরোর বাছাইপর্বের ম্যাচের আগে জার্মানির আত্মবিশ্বাস এতে খানিকটা ধাক্কাই খেল।
মারিও গোটশের ১২ মিনিটের গোলে এগিয়ে গিয়েছিল জার্মানি, ৪১ মিনিটে সমতা আনেন যুক্তরাষ্ট্রের মিকেল ডিসকেরুড। শেষ বাঁশি বাজার খানিক আগে গোল করেন জার্মানিরই তৃতীয় বিভাগের ক্লাব এজরেবিরগের ববি উড। যুক্তরাষ্ট্র কোচ ইয়ুর্গেন ক্লিন্সমানের কাছে এই জয়ের তাৎপর্য অন্য রকম, ‘এই সাফল্য আমেরিকা ফুটবলকে আরও বেশি পাদপ্রদীপে নিয়ে আসবে। জয়টা আমাদের প্রাপ্য ছিল।’ আর জার্মানি কোচ জোয়াকিম লো দুষছেন নিজেদেরই, ‘শুরুতে সুযোগগুলো কাজে লাগাতে পারলে ওরা দুই বা তিন গোলের ব্যবধান ঘোচাতে পারত না।’ এএফপি।