বিশ্বকাপ? এ তো ইউরোই!

এটাই হয়তো ভবিতব্য ছিল। কাল বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে গেছে ব্রাজিল। সেলেসাওদের বিদায় দিয়ে বিশ্বকাপও লাতিন ছোঁয়া হারিয়েছে। বিশ্বকাপ এখন ইউরোপের দখলে। আরও একবার অল ইউরোপিয়ান সেমিফাইনাল দেখবে বিশ্বকাপ।
ব্রাজিলের কল্যাণেই লাতিন আমেরিকা সর্বশেষ বিশ্বকাপ ঘরে তুলেছিল ২০০২ বিশ্বকাপে। এরপর থেকে বিশ্বকাপে একাই রাজত্ব করে গেছে ইউরোপিয়ানরা। শুরুটা হয়েছিল ইতালির (২০০৬) হাত ধরে, এরপর স্পেন (২০১০) এবং সর্বশেষ জার্মানি (২০১৪) লাতিন আমেরিকার দেশগুলোকে বিশ্বকাপটা ছুঁতেই দেয়নি। এবার রাশিয়া বিশ্বকাপের লাগামটাও ইউরোপিয়ানদের দখলে।
গতকাল শেষ আটের প্রথম দুই ম্যাচে উরুগুয়ে ও ব্রাজিলকে বিদায় দিয়ে ইউরোপ দেশগুলোই এখন বিশ্বকাপে টিকে আছে। কোয়ার্টার ফাইনালের বাকি দুই ম্যাচে যা–ই হোক না কেন, সেমিফাইনালে যে–ই জিতুক আর ফাইনালে যে দলই শিরোপা উৎসবে মাতুক না কেন, কাপটা শেষমেশ ইউরোপেই থাকছে। গত বিশ্বকাপে তবু আর্জেন্টিনার সুবাদে ফাইনাল জয়ের স্বপ্ন দেখছিল লাতিন ফুটবল। এবার সেমিফাইনালেই যাওয়া হয়নি কারও।
ইউরোপিয়ানদের এমন ধারাবাহিকতায় অবাক হতে পারেন অনেকেই। একসময় ইউরোপের চেয়ে লাতিন আমেরিকানদের দাপটই ছিল বিশ্বকাপে। ১৯৩৪ ও ১৯৩৮ বিশ্বকাপ ছাড়া কখনোই একটানা বিশ্বকাপ জিততে পারেনি ইউরোপের দলগুলো। কিন্তু এখন প্রেক্ষাপটটা বরং উল্টো, ইউরোপদের দাপটে লাতিন আমেরিকার কোনো দলই জায়গা পায়নি শেষ চারে, বিশ্বকাপ জয় তো দূরের কথা।
এ নিয়ে টানা ৪ বিশ্বকাপ যাচ্ছে ইউরোপে। লাতিন আমেরিকার ছন্দ কি বিশ্বকাপে আর ফিরবে না?