বিশ্বকাপ খেলা ফুটবলারের পেনাল্টি মিসে আবাহনীর হতাশা

ম্যাড়ম্যাড়ে গোলশূন্য ড্র উপহার দিয়েছে আবাহনী ও শেখ জামালছবি: বাফুফে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিন ধরে ফুটবল পাড়ায় আলোচনা ছিল, বুধবার লিগের বড় দুটি ম্যাচ আছে। বসুন্ধরা কিংস অ্যারেনা স্টেডিয়ামে বসুন্ধরা কিংস বনাম সাইফ স্পোর্টিং ক্লাব  আর মুন্সিগঞ্জে খেলবে শেখ জামাল ধানমন্ডি ও আবাহনী লিমিটেড। নামের ভার ও পয়েন্ট টেবিলের বিচারে দুটি বড় ম্যাচই তো।

কিন্তু বসুন্ধরায় মোট ৭ গোলের রোমাঞ্চকর ম্যাচের বিপরীতে মুন্সিগঞ্জের ম্যাচটি  হলো একেবারেই সাদামাটা। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে গোলশূন্য ড্র করেছে শেখ জামাল ও আবাহনী। পেনাল্টি মিসের খেসারত দিয়েছে আকাশি-নীলেরা। স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন রাশিয়া বিশ্বকাপে কোস্টারিকার জার্সিতে খেলা আবাহনীর সবচেয়ে বড় তারকা দানিয়েল কলিনদ্রেস।

এই ড্রয়ে লিগের ৯ ম্যাচ শেষেও অপরাজিত থাকছে শেখ জামাল। বড় ক্ষতিটা হলো লিগ শিরোপার স্বপ্নে বিভোর থাকা আবাহনীর। টানা দুটি ম্যাচ ড্র করায় শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের থেকে ৬ পয়েন্ট পেছনে পড়ে গেল আকাশি-নীলেরা।

আবাহনী দলে চোটের মিছিল। একাদশ সাজাতেই মারিও লেমোসকে হিমশিম খেতে হচ্ছে। দলের সেরা প্লেমেকার ব্রাজিলিয়ান রাফায়েল আগুস্তো চোট নিয়ে মাঠের বাইরে। আজ ৪-৩-৩ ফরমেশনে খেলেছে আবাহনী। ফুলব্যাক সুশান্ত ত্রিপুরাকে হোল্ডিং মিডফিল্ডার ও ফরোয়ার্ড মেহেদী হাসানকে খেলানো হলো আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে। স্বাভাবিকভাবে আবাহনীর মাঝমাঠের খেলা সেভাবে সৌরভ ছড়াতে পারেনি।

ম্যাচের আগে আবাহনী দল
ছবি: বাফুফে

ফরোয়ার্ড দরিয়েলতন গোমেজ ও দানিয়েল কলিনদ্রেসকে বোতলবন্দি করতে পারলেই দলটাকে আটকে দেওয়া যাচ্ছে অনায়াসে। সর্বশেষ তিন ম্যাচের দুটিতে চট্টগ্রাম আবাহনী ও স্বাধীনতা ক্রীড়া সংঘ যে কৌশলে আটকে দিয়েছে লেমোসের দলকে। আজ শেখ জামালও দেখাল কৌশলটা তাদেরও জানা।

কিছুটা চোট থাকায় মূল ব্রাজিলিয়ান স্ট্রাইকার দরিয়েলতন নিজের সেরা ছন্দে নেই। তাই এই স্ট্রাইকারের ওপর নজরটা একটু কমিয়ে করা মার্কিংয়ে রাখা হলো কলিনদ্রেসের ওপর। কোস্টারিকান এই ফরোয়ার্ডের পায়ে বল গেলে নিচে নেমে এসে তাঁকে বাধা দিচ্ছিলেন জামালের ফরোয়ার্ড সুলাইমান সিল্লাহও। প্রতিপক্ষের সেই রক্ষণ কৌশল ফুঁড়ে বের হওয়া হলো না কলিনদ্রেসের।

প্রথমার্ধটা তো একেবারেই সাদামাটা। কেবল একটি গোলের সুযোগ তৈরি করেছিল শেখ জামাল। ২৩ মিনিটে চিনেদু ম্যাথিউয়ের ক্রসে বক্সের মধ্যে থেকে ঠিকঠাক শট নিতে পারেননি ভালিজনভ ওতাবেক। আবাহনীর আক্রমণ বলতে ডান প্রান্ত দিয়ে রাকিব হোসেনের কয়েকবার তেড়েফুঁড়ে বক্সে ঢোকা। কিন্তু সঠিক জায়গায় ক্রস ও কাটব্যাক করতে না পারায় গোলের সুযোগ তৈরি হয়নি।

দ্বিতীয়ার্ধে অ্যাটাকিং থার্ডে দাপট দেখিয়েছে আবাহনী। লিগে এখন পর্যন্ত ৬ গোল করা দরিয়েলতন ‘ডে অফ মুডে’ থাকায় সেগুলো পূর্ণতা পায়নি। ৪৯ মিনিটে ব্যাকহিলে তাঁকে বক্সের মধ্যে বল সাজিয়ে দিয়েছিলেন কলিনদ্রেস। কিন্তু দরিয়েলতন এমনভাবে গোলকিপার মোহাম্মদ নাঈমের হাতে বলটি মারলেন, যেন শেখ জামাল গোলকিপারকে অনুশীলন করালেন তিনি।

ম্যাচের আগে শেখ জামাল
ছবি: বাফুফে

আবার ৫৬ মিনিটে সহজ গোলের সুযোগ দরিয়েলতনের। বুকে দারুণভাবে বলের নিয়ন্ত্রণ নিতে পারলেও গোলমুখ থেকে শটটি নিলেন ক্রসবারের ওপর দিয়ে। উল্টো গোল পেতে পারত শেখ জামাল। ৬৯ মিনিটে বদলি নুরুল আবসারের শট সাইডপোস্টে লিগে ফিরে আসে।

পাল্টা আক্রমণ থেকেই পেনাল্টি পায় আবাহনী। কলিনদ্রেসের ক্রসে বল দখলের লড়াইয়ে দরিয়েলতনকে ফেলে দেন শেখ জামালের সেন্টারব্যাক রায়হান হাসান। পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। জামালের খেলোয়াড়ের এর প্রতিবাদ করলেও সেটি কর্ণপাত করেননি তিনি। কিন্তু ৯ গজ দূরের স্পট থেকে বল জালে জড়াতে ব্যর্থ হয়েছেন কলিনদ্রেস। তাঁর নেওয়া শট অনায়াসেই ঠেকিয়ে দিয়েছেন শেখ জামাল গোলকিপার।

আগের ম্যাচে স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে ড্রয়ের পর আজ শেখ জামালের বিপক্ষেও ড্র। এতে ৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আবাহনী। ১ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে শেখ জামাল।