বিশ্বকাপ জয়েরও স্বপ্ন দেখছে ওয়েলস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যারেথ বেল ছিলেন। তাঁকে সঙ্গ দিতে ছিলেন অ্যারন রামসে, জো অ্যালেন, অ্যাশলি উইলিয়ামসরা। তবু ইউরোর আগে গ্রুপ পর্ব, বড়জোর শেষ ষোলোতে ওয়েলসের বিদায় দেখছিলেন অনেকে। সেই ওয়েলসই কিনা সবাইকে চমকে দিয়ে উঠে গেল ইউরোর সেরা চারে! সেমিফাইনালে শেষ পর্যন্ত পর্তুগাল-বাধা আর টপকানো হয়নি। তবে ইউরোর অবিশ্বাস্য এই অর্জন ভেঙে দিয়েছে ওয়েলসের স্বপ্নের বাঁধ। আত্মবিশ্বাস এমনই আকাশ ছুঁয়েছে যে, এখন বিশ্বকাপ জয়েরও স্বপ্ন দেখছেন বেল-উইলিয়ামসরা!
অথচ এই ইউরোতে তারা ছিল একেবারেই নবীন। ওয়েলসের ইতিহাসে প্রথমবারের মতো মহাদেশীয় ফুটবলের স্বাদ, ১৯৫৮ বিশ্বকাপের পর প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট। সেটিতেই ইংল্যান্ড, রাশিয়া, স্লোভাকিয়ার গ্রুপে সেরা হয়ে শেষ ষোলোতে ওঠা, নকআউট পর্বে উত্তর আয়ারল্যান্ডের পর বেলজিয়ামকে রীতিমতো উড়িয়ে দেওয়া—ইউরোপের সামনে পরিচিতিপর্বটা দুর্দান্তই হলো ওয়েলসের।
দেশে ফিরে জাতীয় বীরের সম্মানও পেয়েছেন বেলরা। কার্ডিফের রাস্তায় খোলা বাসে র্যা লির সময় সিক্ত হয়েছেন হাজারও সমর্থকের ভালোবাসায়। শোনা যাচ্ছে, প্রিন্স অব ওয়েলসের কাছ থেকে রাজকীয় সংবর্ধনাও পেতে যাচ্ছেন তাঁরা। দেশের মানুষের এত ভালোবাসাই অসম্ভবকে পায়ে দলার সাহস জোগাচ্ছে ওয়েলস ফুটবলারদের।
কার্ডিফে র্যা লির সময়ই নাকি স্বপ্নটা ছুঁয়ে গেছে তাঁদের। অধিনায়ক উইলিয়ামসই বলেছেন, ‘বাসে আমরা নিজেদের মধ্যেই বলাবলি করছিলাম, ভাবো, টুর্নামেন্ট জিতলে কী হতো! কারণ রাস্তায় তাকিয়ে মনে হচ্ছিল, আমরা আসলে জিতেই গেছি। আশা করছি, রাশিয়া বিশ্বকাপের পরও উদ্যাপনটা এ রকমই হবে, তবে ট্রফিসহ।’ মিডফিল্ডার জো অ্যালেনও সুর মেলালেন অধিনায়কের সঙ্গে, ‘এই ধারাটা ধরে রাখতে চাই। যা করেছি, তাতে আমরা গর্বিত। আশা করছি, এটাই ভবিষ্যতের মানদণ্ড গড়ে দেবে। এই পথ ধরে আরও সাফল্য আসবে।’
তেমন কিছু হবে না, সেটি এখন আর কে বলবে! মাত্র পাঁচ বছরেরও কিছু কম সময়ে র্যা ঙ্কিংয়ে ১১৭ নম্বর থেকে ২৬-এ উঠে আসা, এরপর ইউরোতে এমন প্রদর্শনী—ওয়েলসের স্বপ্নের চৌহদ্দি তো জ্যামিতিক সমীকরণ মেনেই বাড়ার কথা। গোলডটকম।