বিশ্বকাপের চেয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা কঠিন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অশ্রু বিসর্জনে বুফনকে চাপা দিতে হলো চ্যাম্পিয়নস লিগের শিরোপা হাতছাড়ার কষ্ট। ছবি: এএফপি
অশ্রু বিসর্জনে বুফনকে চাপা দিতে হলো চ্যাম্পিয়নস লিগের শিরোপা হাতছাড়ার কষ্ট। ছবি: এএফপি

ইকার ক্যাসিয়াস প্রথম বলেছিলেন কথাটা। এই মুহূর্তে ক্যাসিয়াসের সেই মন্তব্য অন্তর দিয়ে অনুধাবন করছেন জিয়ানলুইজি বুফন।

স্প্যানিশ গোলরক্ষকের মন্তব্য ছিল, বিশ্বকাপের চেয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা কঠিন। অনায়াসে আন্তর্জাতিক ফুটবলের সব অর্জন ধরা দিচ্ছিল হাতে। স্পেনের অধিনায়ক হিসেবে একবার বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেছিলেন, দুবার ইউরো। কিন্তু রিয়াল মাদ্রিদ অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়নস লিগ ট্রফিটা উঁচিয়ে ধরার সৌভাগ্য হচ্ছিল না কিছুতেই। সেই দুঃখেই ক্যাসিয়াস অমনটা বলেছিলেন। অপেক্ষার বয়সটা যে ১২ বছর।
ক্যাসিয়াস তবু চ্যা​ম্পিয়নস লিগ জিতেছেন। ১৯৯৯ সালে ক্যারিয়ার শুরুর সুবাদে ট্রফির সংখ্যাটাও তিন। কিন্তু বুফন? সর্বকালের অন্যতম সেরাদের একজন হিসেবেই ইতিহাস মনে রাখবে তাঁকে। একজন খেলোয়াড়ের পক্ষে সম্ভব প্রায় সব কিছুই জিতেছেন। কিন্তু এখনো চ্যাম্পিয়নস লি​গ জেতা হয়নি তাঁর। দুবার ফাইনপালে উঠেও ফিরলেন খালি হাতে। বয়স ৩৮ চলছে। ১২ বছর পর ফাইনালে উঠেছিলেন। আবারও কবে ফাইনালে উঠবেন, সেই নিশ্চয়তা আছে?
২০০৬ বিশ্বকাপে যে বার্লিন অলিম্পিক স্টেডিয়ামে অ​ধিনায়ক হিসেবে বিশ্বকাপ ট্রফিটা উঁচিয়ে ধরেছিলেন, গত শনিবার রাতে সেই স্টেডিয়ামে একটুর জন্য আবার ধরা হলো না ক্লাব ফুটবলের সবচেয়ে গৌরবের ট্রফিটা। ২০০৩ সালে এসি মিলানের কাছে টাইব্রেকারে হারা ওই ফাইনালে খেলা একজন সদস্যই ছিলেন পরশুর ফাইনালে—বুফন। জুভেন্টাস অধিনায়কের সে আক্ষেপ বাড়ল আরও অনেকখানি। বুফন তাই বলতেই পারেন, বিশ্বকাপ জেতাই তো সহজ!
ফুটবল-জীবনটা জুভেন্টাসেই কাটিয়ে দিলেন। ২০০১ সালে পারমা থেকে যোগ দিয়েছিলেন ইতালির অন্যতম সেরা এই ক্লাবে। এরপর এই ক্লাবেই ঘরবসতি। যে বছর বিশ্বকাপ ট্রফিতে চুমু খেয়েছিলেন, সেবার অর্থাৎ ২০০৫-০৬ মৌসুমে ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে জুভেন্টাস রীতিমতো এলোমেলো। জুভদের নামিয়ে দেওয়া হয় দ্বিতীয় বিভাগে, কেড়ে নেওয়া হয় শিরোপা। বুফন ওই দুঃসময়েও অনেক প্রলোভন উপেক্ষা করে থেকে গিয়েছিলেন ক্লাবে। এরপর সিরি ‘বি’ থেকে আবার উত্তরণ, সর্বশেষ টানা চার বছর সিরি ‘আ’র রাজ্যপাটে একচ্ছত্র অধিষ্ঠান। এ মৌসুমেও ডাবল জিতে বার্লিনে এসেছিলেন ট্রেবল জয়ের স্বপ্ন নিয়ে। কিন্তু শেষ পর্যন্ত অপূর্ণতার আক্ষেপ!
আবারও উপলব্ধি করলেন, চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতা আসলেই অনেক কঠিন। কতটা কঠিন? বিশ্বকাপ হয় চার বছর পরপর। তবুও টানা দুবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড আছে ইতালি ও ব্রাজিলের। কিন্তু চ্যাম্পিয়নস লিগ প্রতি বছর হলেও ১৯৯০ সালের পর পরপর দুবার জেতেনি কোনো দল। তা-ই নয়, গত ২৫ বছরে একই দেশের দুই ক্লাবও টানা দুবার শিরোপা জেতেনি। গতবার রিয়াল জেতার পর এবার বার্সা জেতায় রেকর্ডটি নতুন করে লেখা হলো।
তবে বুফন মরিয়া। এখনো হাল ছাড়তে রাজি নন। এখনো স্বপ্ন দেখেন চ্যাম্পিয়নস লিগের ট্রফিটা ছুঁয়ে দেখার। বললেন, ‘এখনো কিছু স্বপ্ন পূরণ করার আছে। তাই আরও তিন বছর চাই।’হয়তো জুভেন্টাসের কিংবদন্তি গোলরক্ষক দিনো জফকেই আদর্শ মানছেন। ৪০ বছর বয়সেও ইতালির হয়ে বিশ্বকাপ খেলেছিলেন জফ।
তবে বুফন চাইলে সান্ত্বনাও খুঁজতে পারেন। জিজ্ঞেস করতে পারেন মেসিকে। ২৭ বছর বয়সেই চার চারটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। পঞ্চম ব্যালন ডি’অর ট্রফিটা হাতে তুলতে চলেছেন। কিন্তু বিশ্বকাপ? উত্তর: দীর্ঘশ্বাস!