বিশ্বকাপ থেকে বাদ ইতালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্ব থেকে বাদ পড়ল ইতালি। ছবি: রয়টার্স
রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্ব থেকে বাদ পড়ল ইতালি। ছবি: রয়টার্স

প্লে অফের প্রথম লেগে হারটাই কাল হলো ইতালির। স্টকহোমে ১-০ গোলে হেরে যাওয়ায় বিশ্বকাপে খেলতে মিলানে একাধিক গোলে জিততে হতো ইতালিকে। কিন্তু ম্যাচটা গোলশূন্য ড্র হওয়ায় ৬০ বছর পর বিশ্বকাপের চূড়ান্তপর্বে খেলা যোগ্যতা হারিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
১৯৩০ সালে উরুগুয়ের প্রথম বিশ্বকাপে খেলেনি ইতালি। এরপর থেকে প্রতিটি বিশ্বকাপেরই অংশ হয়ে ছিল তারা। মাঝে খেলেনি কেবল ১৯৫৮ বিশ্বকাপেই। ১৯৫৮ সালের পর ১৩টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে। ইতালি খেলেছে প্রতিবারই। দুবার বিশ্বকাপ জিতেছে, দুবার ফাইনালে খেলেছে। একবারের আয়োজক। এর আগেও দুবারের চ্যাম্পিয়ন তারা (১৯৩৪, ১৯৩৮)। এমন একটি দলের বিশ্বকাপ থেকে বাদ পড়া ফুটবল-রোমান্টিকদের জন্য বড় এক ধাক্কাই।
কাল ইতালির সঙ্গে গোলশূন্য ড্র করে সুইডেন চলে গেছে বিশ্বকাপে। ২০০৬ সালের পর এই প্রথম বিশ্বকাপে খেলবে তারা। গোটা ম্যাচে ভালো খেলেও গোলের দেখা পায়নি ‘আজ্জুরি’রা। সুইডেন খেলেছে কৌশলী ফুটবলই—যেকোনো মূল্যে ইতালিকে ঠেকিয়ে রাখা। সে লক্ষ্যে দারুণভাবেই সফল তারা।
ইতালির কোচ ভেনতুরা এই ম্যাচে চারটি পরিবর্তন এনেছিলেন। প্রথম লেগে সুইডেনের বিপক্ষে হারের ম্যাচের চারজনকে বসিয়ে বেশ সমালোচনসার মুখেই পড়েছিলেন তিনি। মার্কো ভেরাত্তির অনুপস্থিতিতে জরগিনহোকে খেলিয়েছেন মধ্যমাঠে। এর আগে একটিও বড় পর্যায়ের ম্যাচ না খেলা ব্রাজিলীয় বংশোদ্ভূত জরগিনহোকে পুরো ম্যাচেই মনে হয়েছে অসহায়। তাঁর কাছ থেকে বড় কিছুর প্রত্যাশাও ছিল বাড়াবাড়ি।
প্রথম ২০ মিনিট ইতালির খেলা ছিল ছন্নছাড়া। পরে অবশ্য মাত্তেও দারমিয়ান ও অ্যান্তনীয় কানদ্রেভা দুই উইং দিয়ে গোলের উৎস তৈরি করেছিলেন বেশ কয়েকটি।
ইম্মোবিলের কাটব্যাক থেকে কানদ্রেভা প্রথম সুযোগ পেয়েছিলেন। কিন্তু পোস্টের ওপর দিয়ে মেরে তিনি সুযোগটা নষ্ট করেন। এরপর ইম্মোবিলে নিজেই একটি গোলের সুযোগ নষ্ট করেন। জরগিনহোর ক্রস থেকে ইম্মোবিলের শট প্রথমে সুইডেনের ডিফেন্ডার ওলসেনের পায়ে লাগে। পরে বলটি ক্লিয়ার করেন ভিক্টর লিন্ডেলফ।
এরপর দুটি গোলের সুযোগ নষ্ট করেন মানোলো গাব্বিয়াদিনি ও আলেসান্দ্রো ফ্লোরেঞ্জি। গাব্বিয়াদিনিকে বাধা দেন আন্দ্রেস গ্র্যাঙ্কভিস্ট। মিকায়েল লুস্টিগ প্রতিহত করেন ফ্লোরেঞ্জিকে।
দ্বিতীয়ার্ধেও প্রেসিং অব্যাহত রেখেছিল ইতালি। কিন্তু গোলটাই কেবল পায়নি তারা।
ইতালির ফুটবল ইতিহাসে এত বড় একটা ব্যর্থতার পরে কোচ ভেনতুরা সকলের কাছে ক্ষমাই চেয়েছেন, ‘আমি ফলের জন্য ক্ষমা চাইছি। কিন্তু আমরা কিন্তু খুব বাজে ফুটবল খেলিনি। আমরা চেষ্টা করেছি। কিন্তু সফল হইনি।’
তবে বিশ্বকাপে তাঁর দল থাকবে না—এটা মেনে নিতে পারছেন না ইতালির কোচ, ‘খেলার দৃষ্টিকোণ থেকে এটা খুবই বাজে ফল। মেনে নেওয়ার মতো নয়। আমি হতাশ ও দুঃখিত। তবে আমি মিলানের সানসিরোর দর্শকদের শেষ পর্যন্ত আমাদের সমর্থন দিয়ে যাওয়ার জন্য কৃতজ্ঞতা জানাই।’ সূত্র: রয়টার্স