বিশ্বকাপ ফাইনালের দুই দেশই যখন ইউরোপের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>আজ রাতে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল। আজই ঠিক হয়ে যাবে ফুটবল দুনিয়ার নতুন বিশ্ব চ্যাম্পিয়নের নাম। ফুটবল ইতিহাসের পাতায় উঠে যাবে বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরা নতুন এক অধিনায়কের ছবি। ফ্রান্স-ক্রোয়েশিয়ার মধ্যকার আজকের ‘অল ইউরোপিয়ান’ ফাইনাল ইতিহাসে এই প্রথম নয়। পেছনে তাকিয়ে আগের ‘ইউরোপীয়’ ফাইনালগুলো কেমন ছিল, তা জানার আগ্রহ আজ তো হতেই পারে...


বিশ্ব ফুটবল মানেই তো ইউরোপ আর লাতিন আমেরিকার লড়াই। ইউরোপের পাওয়ার ফুটবলের সঙ্গে লাতিন দেশগুলোর ‘ধীরে খেলো’ ফুটবলের এই লড়াই বরাবরই আগ্রহ ছড়িয়েছে খেলাপ্রেমীদের মধ্যে। বিশ্বকাপ ফুটবলের ইতিহাস ঘাঁটলেও এ ব্যাপারটাই স্পষ্ট হয়ে ওঠে। একবার ইউরোপ কাপ জিতেছে তো পরেরবার কোনো লাতিন দেশ। কিন্তু ফুটবলের সবচেয়ে বড় মঞ্চের শ্রেষ্ঠত্ব পাওয়ার লড়াই অনেক সময়ই ইউরোপেই সীমাবদ্ধ থেকেছে। এবারের বিশ্বকাপের ফাইনালে ইউরোপের ফ্রান্স আর ক্রোয়েশিয়ার মুখোমুখি হওয়ায় ‘ইউরোপীয়’ ফাইনালের তালিকাটা আরও একটু বড়ই হচ্ছে

প্রথম ইউরোপীয় দেশ হিসেবে বিশ্বকাপ জিতল ইতালি। ছবি: সংগৃহীত
প্রথম ইউরোপীয় দেশ হিসেবে বিশ্বকাপ জিতল ইতালি। ছবি: সংগৃহীত

ইতালি-চেকোস্লোভাকিয়া, ১৯৩৪ বিশ্বকাপ ফাইনাল
দ্বিতীয় বিশ্বকাপের ফাইনালেই দেখা হয়ে গিয়েছিল দুই ইউরোপীয় দেশের। ইতালি ও চেকোস্লোভাকিয়া। সেবার চেকোস্লোভাকিয়াকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছিল ইতালি।

ইতালি টানা দ্বিতীয়বারের মতো দখলে রাখল বিশ্বকাপের মুকুট। ছবি: সংগৃহীত
ইতালি টানা দ্বিতীয়বারের মতো দখলে রাখল বিশ্বকাপের মুকুট। ছবি: সংগৃহীত

ইতালি-হাঙ্গেরি, ১৯৩৮ বিশ্বকাপ ফাইনাল
তৃতীয় বিশ্বকাপেও ফাইনালে মুখোমুখি হয়েছিল ইউরোপের দুটি দল, আর সেবারও অন্যতম দল ছিল ইতালি। প্রতিপক্ষ হাঙ্গেরি। ৪-২ গোলে জিতে সেবারও শিরোপাটা নিজেদের করে নিয়েছিল ইতালিয়ানরা।

হাঙ্গেরির সেরা প্রজন্মের স্বপ্নভঙ্গ হয়েছিল পশ্চিম জার্মানির হাতে। ছবি: সংগৃহীত
হাঙ্গেরির সেরা প্রজন্মের স্বপ্নভঙ্গ হয়েছিল পশ্চিম জার্মানির হাতে। ছবি: সংগৃহীত

হাঙ্গেরি-পশ্চিম জার্মানি, ১৯৫৪ বিশ্বকাপ ফাইনাল
হাঙ্গেরিয়ান ফুটবলে তখন সোনালি প্রজন্মের দাপট। ফেরেঙ্ক পুসকাস, স্যান্দর ককসিস, ন্যান্দর হিদেকুটি, জোলতান জিবোরদের হাঙ্গেরি দলটা সামনে যাদের পাচ্ছিল তাদেরকেই বিধ্বস্ত করছিল। কিন্তু ফাইনালে কৌশলী পশ্চিম জার্মানির কাছে হার মানতে হয় তারা। ৩-২ গোলে হেরে যায় হাঙ্গেরি। দশ মিনিটের মধ্যে দুই গোলে এগিয়ে গেলেও পরে তিন গোল দিয়ে ম্যাচ জিতে নিয়েছিল জার্মানরা।

ইংল্যান্ডের প্রথম ও এখনো পর্যন্ত একমাত্র বিশ্বকাপ-গৌরবের সেই ফাইনাল। ছবি: সংগৃহীত
ইংল্যান্ডের প্রথম ও এখনো পর্যন্ত একমাত্র বিশ্বকাপ-গৌরবের সেই ফাইনাল। ছবি: সংগৃহীত

ইংল্যান্ড-পশ্চিম জার্মানি, ১৯৬৬ বিশ্বকাপ ফাইনাল
পশ্চিম জার্মানিকে ৪-২ গোলে হারিয়ে সেবার নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতে নেয় ইংলিশরা। সে ম্যাচে ইংলিশদের একটি গোল তো এখনো বিতর্কের জন্ম দেয়। তৃতীয় গোলে স্ট্রাইকার জিওফ হার্স্টের শটটা পোস্টে লেগে গোললাইন অতিক্রম করেছিল কি না, সে বিষয়ে নিশ্চিত না হয়েই গোলের বাঁশি বাজিয়ে দিয়েছিলেন রেফারি। সেই বিতর্কিত গোলের ওপর ভর করেই শিরোপা জিতে নিয়েছিলেন হার্স্ট, মুর, চার্লটনরা।

হল্যান্ডের সোনালি প্রজন্ম জিততে পারেনি চুয়াত্তরের ফাইনাল । ছবি: সংগৃহীত
হল্যান্ডের সোনালি প্রজন্ম জিততে পারেনি চুয়াত্তরের ফাইনাল । ছবি: সংগৃহীত

পশ্চিম জার্মানি-হল্যান্ড, ১৯৭৪ বিশ্বকাপ ফাইনাল
চুয়ান্নর হাঙ্গেরির মতো চুয়াত্তরের হল্যান্ডকেও বলা হচ্ছিল সে দেশের সোনালি প্রজন্ম। কিন্তু যাদের হাতে হাঙ্গেরির স্বপ্ন ভেঙে চুরমার হয়েছিল, সেই পশ্চিম জার্মানির হাতেই সেবার হল্যান্ডের স্বপ্নও গুঁড়িয়ে যায়। ইয়োহান ক্রুইফের হল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে দেয় ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের পশ্চিম জার্মানি। ইয়োহান নিসকেন্সের দুই মিনিটের গোল কোনো কাজে আসেনি ব্রাইটনার আর জার্ড মুলারের দুই গোলে।

পশ্চিম জার্মানিকে বিরাশির ফাইনালে রীতিমতো নাস্তানাবুদ করেছিল ইতালি। ছবি: সংগৃহীত
পশ্চিম জার্মানিকে বিরাশির ফাইনালে রীতিমতো নাস্তানাবুদ করেছিল ইতালি। ছবি: সংগৃহীত

ইতালি-পশ্চিম জার্মানি, ১৯৮২ বিশ্বকাপ ফাইনাল
বিরাশিতে জার্মানিকে ৩-১ গোলে হারিয়ে নিজেদের তৃতীয় শিরোপা জিতে নেয় ইতালি। পুরো টুর্নামেন্টেই বিতর্কিত আর নেতিবাচক খেলার জন্য আলোচনায় আসা পশ্চিম জার্মানি সেবার ট্রফি নিতে পারেনি। সেবারও পশ্চিম জার্মানির হয়ে ফাইনালে গোল করেছিলেন ব্রাইটনার, কিন্তু এবার শেষরক্ষা হয়নি জার্মানদের।

মার্কো মাতারাজ্জিকে মারা জিদানের সেই কুখ্যাত ঢুঁস। ছবি: এএফপি
মার্কো মাতারাজ্জিকে মারা জিদানের সেই কুখ্যাত ঢুঁস। ছবি: এএফপি

ফ্রান্স-ইতালি, ২০০৬ বিশ্বকাপ ফাইনাল
মাঝের ২৪ বছর বিশ্বকাপের ফাইনালে দুটি ইউরোপী দল একই সঙ্গে উঠতে পারেনি। এই ধারা পরে ভেঙে যায় ২০০৬ বিশ্বকাপের ফাইনালে। ইতালি মুখোমুখি হয় ফ্রান্সের। নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হওয়া ম্যাচটা টাইব্রেকারে গড়ায়, টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে চতুর্থবারের মতো শিরোপা জিতে নেয় ইতালি। তবে এই বিশ্বকাপ ফাইনাল স্মরণীয় হয়ে আছে জিদানের ঢুস-কাণ্ডের জন্য। ইতালির ডিফেন্ডার মার্কো মাতেরাজ্জির কাছ থেকে নিজের মা-বোন সম্পর্কে অপ্রীতিকর কথা শুনে মেজাজ হারিয়ে হয়ে তার বুকে মাথা দিয়ে ঢুস মেরে বসেন জিদান। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় বিশ্বমঞ্চ থেকে বিদায় নেন লাল কার্ড দেখে।

হল্যান্ডের বিপক্ষে ২০১০ বিশ্বকাপের ফাইনালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই গোলের মুহূর্ত। ছবি: এএফপি
হল্যান্ডের বিপক্ষে ২০১০ বিশ্বকাপের ফাইনালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই গোলের মুহূর্ত। ছবি: এএফপি

স্পেন-হল্যান্ড, ২০১০ বিশ্বকাপ ফাইনাল
স্পেনের সোনালি প্রজন্ম সেবার হল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো জিতে নেয় বিশ্বকাপ। ইনিয়েস্তা, জাভি, ক্যাসিয়াস, পুয়োল, ভিয়া, তোরেসদের স্পেনের সেই জয়টা যেন অনেক অপেক্ষার অবসানও। ফুটবল কখনোই দুহাত ভরে দেয়নি দেশটিকে। ২০১০ বিশ্বকাপ জিতে সেই অপ্রাপ্তিকে অতীত বানায় তারা। আর অপেক্ষা বাড়ে হল্যান্ডের। ‘টোটাল ফুটবলে’র দেশটি তৃতীয়বারের মতো ফাইনালে উঠে ব্যর্থ হয় বিশ্বকাপ জিততে। সে ম্যাচে স্পেন জয় পেয়েছিল অতিরিক্ত সময়ে ইনিয়েস্তার গোলে।