বিশ্বকাপ বাদ দিয়ে মেসি গলফ খেললেই পারতেন!

লিওনেল মেসি আর আর্জেন্টিনার হয়ে খেলতে চান না—এমন একটা খবরে হাহাকার পড়ে গেছে। সেটাই স্বাভাবিক। বয়স মাত্র ২৭। মেসি তো অনায়াসে আরেকটা বিশ্বকাপ খেলতেই পারেন। আর্জেন্টিনার বিশ্বকাপ-দুঃখ ঘোচাতে পারলে মেসিই পারবেন।
কিন্তু সবাই এভাবে ভাবছে না। মেসিতে গদগদ হয়ে থাকার মতো মানুষ সবাই নয়। গত বিশ্বকাপের সেরা খেলোয়াড় হয়েছেন বটে, কিন্তু সত্যিকারের সেরা খেলোয়াড় তো তিনিই, বিশ্বকাপের আসল মঞ্চে যিনি দারুণভাবে জ্বলে উঠতে পারেন। ফাইনালে মেসি কী এমন করেছেন? এসব প্রশ্নই এখন তুলছেন কেউ কেউ। এঁদের সর্বাগ্রে আছেন ঠোঁটকাটা বলে পরিচিত আর্জেন্টাইন কোচ রিকার্দো কারুসো লমবার্দি। তিনি বলছেন, বিশ্বকাপ ফাইনালে খেলার চাপ যদি মেসি নাই নিতে পারে তো তার সেটা বাদ দিয়ে উচিত ছিল গলফ খেলা।
মেসিকে তাঁর ক্যারিয়ারে এতটা রূঢ়ভাবে কেউ সমালোচনা করেছে বলে মনে হয় না। লমবার্দি এমন সব কথা বলেছেন, যেটা শুনে মেসি অভ্যস্ত নন। মেসি আর্জেন্টিনার যে কোচদের অধীনে খেলেছেন, তাঁরা কেউই সাফল্যের মুখ দেখেননি। একমাত্র বেইজিং অলিম্পিকে সোনা জয়টা ব্যতিক্রম। কিন্তু এই কোচদের কারও দোষ দেখেন না লমবার্দি। তাঁর মতে, আসল কাজটা করা উচিত ছিল মেসির।
সাফল্য এনে দেওয়ার দায়টাও মেসিরই, ‘ফাইনালে ওর কিছু করে দেখানো উচিত ছিল। এটা পেকারম্যান (২০০৬ বিশ্বকাপে কোচের দায়িত্ব পালন করা), বাতিস্তা (২০১১ কোপা আমেরিকার কোচ), ম্যারাডোনা (২০১০ বিশ্বকাপের কোচ) বা সাবেলার (২০১৪ বিশ্বকাপের কোচ) ব্যর্থতা নয়। মেসিরই উচিত ছিল আমাদের বিশ্বচ্যাম্পিয়ন বানানো।’
এর পরই আসল তিরটা ছুড়েছেন তিনি, ‘ফাইনালে ভালো খেলতে পারবে না—এটা যদি ও বুঝতেই পারছিল, তাহলে ওর উচিত ছিল ফাইনাল না খেলে সেই সময়টা গলফ খেলে কাটিয়ে দেওয়া।’ জাতীয় দলে খেলা সহজ কম্ম নয় বলেও মেসিকে মনে করিয়ে দিয়েছেন তিনি, ‘ওকে বলতে চাই ও স্পেনে খেলছে না, যেখানে সে প্রতিপক্ষের খেলোয়াড়দের এমনভাবে কাটিয়ে বের হয়ে যাবে, যেমনটা যে অনুশীলনে কোনগুলোকে (ড্রিবল অনুশীলন করার উপকরণ) পেরিয়ে যায়।’
জাতীয় দলের নতুন কোচ জেরার্ডো মার্টিনোর ওপরও মেসির প্রভাব আছে বলে মন্তব্য করেছেন মেসির প্রথম ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজেও একদফা দায়িত্ব পালন করা লমবার্দি। মেসির ইঙ্গিতে মার্টিনো বার্সার কোচ হয়েছিলেন বলে শোনা গিয়েছিল। লমবার্দির দাবি, মেসি চেয়েছেন বলেই পেকারম্যানকে না নিয়ে মার্টিনোকেই আর্জেন্টিনার নতুন কোচ করা হয়েছে। এতেও ক্ষুব্ধ বিস্ফোরক মন্তব্যের জন্য পরিচিত লমবার্দি, ‘আপনি মনে করেন মার্টিনো মেসির অনুমোদন ছাড়া জাতীয় দলের কোচ হয়েছে? মেসি যদি না বলত, ওর কোচ হওয়াই হতো না। মেসির প্রভাব এতটাই।’