বিশ্বকাপ মাতানো রোমেরো আসছেন লিভারপুলে!

আর্জেন্টিনার সবচেয়ে দুর্বল জায়গা ভাবা হয়েছিল তাঁকে। কিন্তু তিনিই শেষ পর্যন্ত প্রমাণিত হয়েছিলেন আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তিতে। ২৪ বছর পর আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে রেখেছেন বড় ভূমিকা। লিওনেল মেসির চেয়ে তাঁর অবদান কোনো অংশে কম নয়। পুরো বিশ্বকাপে মাত্র সাত মিনিটের জন্য গোল খেয়ে পিছিয়ে থাকা সেই সার্জিও রোমেরোকে চাইছে লিভারপুল। ১৬ লাখ পাউন্ড দরও হাঁকিয়েছে।
সাম্পদোরিয়ায় জায়গা ছিল না বলেই তাঁকে ধারে পাঠিয়ে দেওয়া হয়েছিল মনাকোতে। কিন্তু সেখানে গিয়েও গত মৌসুমে বেঞ্চ গরম করেছেন। বিশ্বকাপের আগে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ না পেলেও দুর্দান্ত খেলেন রোমেরো। এর পরই কি ভাগ্য বদলাতে শুরু করেছে তাঁর?
অবশ্য লিভারপুলে এলেও প্রথম পছন্দ হওয়ার সুযোগ কম। কোচ ব্রেন্ডন রজার্স তাঁকে সিমন মিগনলেটের পরই রাখছেন পছন্দের তালিকায়। আসলে গত মৌসুমে রিয়াল মাদ্রিদ দুই গোলরক্ষককে ভাগাভাগি করিয়ে খেলিয়ে দারুণ সুফল পেয়েছে। এর পর থেকে অন্য দলগুলোও রিজার্ভ গোলরক্ষক হিসেবেও ভালো কাউকেই রাখতে চাইছে দলে।
রোমেরও নাকি ইংলিশ ক্লাবটিতে আসতে ইচ্ছুক। ইতালিয়ান ক্রীড়া দৈনিক গাজেত্তা দেল্লো স্পোর্ত এক রকম পাকা খবর দিয়েছে, বদলিটা হয়েই যাচ্ছে।