বিশ্বকাপ ৪৮ দলেরই?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে ফর্মুলাতে জিতে চলেছেন, সেটি নাকি বদলাতে নেই। চিরাচরিত নিয়ম। তবে ফিফা সম্ভবত এই নিয়মটাকে ভাঙতে যাচ্ছে। ৩২ দলের বিশ্বকাপ ফুটবলের ও বাণিজ্যিক দিক থেকে যথেষ্ট সফল, বিশ্বজুড়ে সমাদৃতও। কিন্তু ৪০ বা ৪৮ দলের বিশ্বকাপ করার ব্যাপারটি নিয়ে অনেক এগিয়ে গেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

এখনো চূড়ান্ত হয়নি, আগামী মঙ্গলবার ৩৭ সদস্যের ফিফা কাউন্সিলের ভোটে হবে সিদ্ধান্ত। আদৌ বদল হবে কি না, হলেও বিশ্বকাপ ৪০ না ৪৮ দলের হবে, সব সিদ্ধান্তই হবে কাউন্সিলে। আর বদল যা-ই হোক, সেটি কার্যকর হবে ২০২৬ বিশ্বকাপ থেকে।

নতুন চেহারার বিশ্বকাপ নিয়ে আলোচনা অবশ্য নতুন নয়। গত ফেব্রুয়ারিতে ফিফা সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই বিশ্বকাপে দলের সংখ্যা বাড়ানোর কথা বলে আসছেন জিয়ান্নি ইনফান্তিনো। অনেকে বলছেন, এটি আসলে ফিফা সভাপতির নির্বাচনী প্রতিশ্রুতি। ফিফার ২১১ সদস্যের মধ্যে কদাচিৎ বিশ্বকাপে আসা বা কখনোই খেলতে না পারা দেশগুলোর সমর্থন পেতেই নির্বাচনের সময় প্রতিশ্রুতিটা দিয়েছিলেন এই সুইস। এখন চেষ্টা করছেন সেটি রাখার। গত মাসের শেষ দিকেও ফিফা সভাপতি দাবি করেন, ‘অবিশ্বাস্য সমর্থন’ তিনি এখনো পাচ্ছেন ৪০-৪৮ দলের বিশ্বকাপের প্রস্তাবে।

তবে আগামী পরশু ফিফা কাউন্সিলে ইউরোপের যে নয়জন প্রতিনিধি থাকবেন, তাঁরা প্রস্তাবটির বিপক্ষে। লম্বা লিগ মৌসুম শেষে বর্তমান ৩২ দলের বিশ্বকাপেই খেলোয়াড়দের ঝরঝরে রাখতে হিমশিম খাচ্ছে ইউরোপের দেশগুলো, সেখানে ৪০ বা ৪৮ দলের বর্ধিত বিশ্বকাপ তো ‘মড়ার উপর খাঁড়ার ঘা’! এখানে বরং ফুটবলের বাইরের কিছুর আঁচ পেয়ে গত মাসে ইনফান্তিনোকে উয়েফা লিখেছে, ‘রাজনীতি ও বাণিজ্য কখনোই ফুটবলে প্রধানতম বিবেচ্য হতে পারে না।’

রাজনীতি, বাণিজ্য, নির্বাচনী স্বার্থ—এসব তো মাঠের বাইরের ব্যাপার। বর্ধিত কলেবরের বিশ্বকাপ মাঠের ফুটবলেরও মান কমিয়ে দেবে, এমন আশঙ্কা অনেকের। উদাহরণ হিসেবে টেনে আনা হচ্ছে ২০১৪ বিশ্বকাপকেও। ব্রাজিলে ৩২ দলের বিশ্বকাপে ফুটবল হয়েছে দুর্দান্ত, কিছু কিছু ম্যাচ দেখেছে অবিশ্বাস্য ফল, একপাক্ষিক ম্যাচ হয়েছে হাতে গোনা। বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির ফুটবল ফেডারেশনের প্রধান রেইনহার্ড গ্রিনডেল বলেছেন, ফিফার উচিত ‘অনেক দুর্বলতা আছে এমন’ ফরম্যাটের পেছনে না ছুটে বর্তমানের ‘পরীক্ষিত’ ফরম্যাটই রেখে দেওয়া।

তা কেমন হতে পারে ৪৮ দলের এই বিশ্বকাপের সূচি? ইনফান্তিনো সেটিরও একটা প্রস্তাব আগেই করেছেন—তিনটি করে দল নিয়ে ১৬টি গ্রুপ, প্রতি গ্রুপ থেকে দুটি দল যাবে শেষ ৩২-এ; অথবা প্রাথমিক পর্বে ১৬টি নকআউট ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট, তাতে জয়ী ১৬ দল যোগ দেবে আগে বাছাই করা ১৬ দলের সঙ্গে। আর বিশ্বকাপ ৪০ দলের হলে, প্রথম পর্বে পাঁচ দলের ৮টি গ্রুপ হবে। অথবা চার দলের ১০টি। সেক্ষেত্রে গ্রুপসেরা ১০ দল ও সেরা ছয়টি গ্রুপ রানার্সআপ দল উঠবে শেষ ষোলোয়।

তবে তিনটি প্রস্তাবের ক্ষেত্রেই টুর্নামেন্টের দৈর্ঘ্য ও খেলার মান নিয়ে প্রশ্ন উঠছে। গ্রিনডেলও তাই বলেছেন, ‘আগের বিশ্বকাপগুলো সব সময়ই খেলোয়াড়দের কাছে রোমাঞ্চকর ছিল। দর্শক ও স্পনসরদের কাছেও। তাহলে সেটিকে বদলানো কেন?’ রয়টার্স।