বিশ্বকাপে বাজে খেলেছে আর্জেন্টিনা!

২৪ বছর পর ফাইনালে। শেষ বাঁশি বাজার মাত্র সাত মিনিট আগে গোল খেয়ে ফাইনালে হার। তবুও বিশ্বকাপে আর্জেন্টিনা ভালো খেলেনি বলেই দাবি করছেন ডিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টিনার চিরপরিচিত আক্রমণাত্মক পাসিং ফুটবল এবার দেখা যায়নি। এর বদলে কোচ আলেসান্দ্রো সাবেলা দুর্বল রক্ষণে বেশি মনোযোগ দিয়েছিলেন। হয়তো এ কারণেই তৃতীয় বিশ্বকাপ শিরোপা থেকে এত কাছে গিয়ে ফিরে আসার পরও আর্জেন্টিনা বিশ্বকাপে বাজে খেলেছে বলেই রায় দিলেন ছিয়াশির মহানায়ক।
সাংবাদিকদের ম্যারাডোনা বলেছেন, ‘আর্জেন্টিনা বাজে খেলেছে। এখানে আমরা যারা (সাংবাদিকেরা) উপস্থিত আছি, তারা মিলেও একটা দল বানালে এবারের গ্রুপ পর্ব পেরোতে পারতাম, এতটাই সহজ গ্রুপ ছিল।’
২০১০ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা। ক্যারিয়ারের সবচেয়ে ভালো ফর্মে থেকেও একটি গোলও করতে পারেননি লিওনেল মেসি। এই বিশ্বকাপে মেসি চার গোল করেছেন। বিশ্বকাপের সেরা খেলোয়াড়ও হয়েছেন।
তবে ওই বিশ্বকাপে আর্জেন্টিনা কোচের দায়িত্ব পালন করা ম্যারাডোনার দাবি, ‘সাবেলার চেয়ে মেসি আমার সময়েই বেশি ভালো খেলেছে। ও আমাদের অনেকবারই উল্লসিত করেছে। কিন্তু ব্রাজিল বিশ্বকাপটা ওর ভালো কাটেনি। সাবেলার তুলনায় ও আমার সময় পাঁচ গুণ বেশি ভালো খেলেছিল। সাবেলা অবশ্য দাবি করেছে দলের প্রয়োজনেই মেসি অনেকটা ছাড় দিয়ে খেলেছে, কিন্তু এই দাবি সত্য নয়।’
ম্যারাডোনার মতে, তাঁর সময় আর্জেন্টিনা খেলেছে সুন্দর ফুটবল। আর সাবেলার অধীনে খেলেছে ফল-নির্ভর রক্ষণাত্মক ফুটবল। যেটি আর্জেন্টিনার ফুটবল দর্শনের সঙ্গে যায় না। এ কারণে সাবেলা দলকে রানার্স আপ বানানোর পরও তিনি কোচ পাল্টানোর পক্ষে।
কিন্তু নতুন কোচ হিসেবে কাকে পছন্দ ম্যারাডোনার? ১৯৭৮ বিশ্বকাপজয়ী সিজার লুইস মেনত্তির কাছে ফিরে যেতে বলেছেন। কিন্তু আর্জেন্টিনা ফুটবল সংস্থা (এএফএ) তাঁকে কোচ বানাবে বলে মনে হয় না ম্যারাডোনার। কারণ তাঁর ভাষায়, মেনত্তিও এএফএর ‘গুণ্ডা’র (সভাপতি হুলিও গ্রন্ডোনা) সঙ্গে লড়াই করে বিরাগভাজন হয়েছেন।’ সূত্র: বুয়েনস এইরেস হেরাল্ড।