বিশ্বকাপে যেতে চান? কুইরোজকে নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপে যেতে হলে লাগবে কুইরোজকে। ছবি: এএফপি
বিশ্বকাপে যেতে হলে লাগবে কুইরোজকে। ছবি: এএফপি

কার্লোস কুইরোজ। একটা সময় কাজ করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। স্যার অ্যালেক্স ফার্গুসনের সহকারী হয়ে। কাজ করেছেন দক্ষিণ আফ্রিকা ও পর্তুগাল জাতীয় দলের হয়েও। রিয়াল মাদ্রিদেরও কোচ ছিলেন ২০০৩ সালের দিকে। তবে এই মুহূর্তে পর্তুগিজ এই কোচের দারুণ একটি খ্যাতি ছড়িয়ে পড়েছে—তিনি যেকোনো দলকেই বিশ্বকাপে নিতে পারেন।

২০১৮ বিশ্বকাপে স্বাগতিক রাশিয়ার বাইরে প্রথম দল হিসেবে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ব্রাজিল। কিন্তু বাছাইপর্বে উত্তীর্ণ হয়ে বিশ্বকাপে যোগ্যতা অর্জনকারী পরের দলটির নাম দেখে একটু চমকে যেতেই পারেন—ইরান। এশীয় ফুটবলের অন্যতম এই পরাশক্তিকে বিশ্বকাপে নিয়ে গেছেন কুইরোজ। পর্তুগিজ এই কোচ চারবার বিশ্বকাপে যাচ্ছেন তিনটি ভিন্ন দল নিয়ে!
২০০২ সালে দক্ষিণ আফ্রিকাকে বিশ্বকাপে নিয়ে গিয়েছিলেন কুইরোজ। ২০১০ বিশ্বকাপে কোচ ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের। ২০১৪-তে ব্রাজিল বিশ্বকাপে ছিলেন ইরানের কোচ। ইরানকে নিয়ে তিনি বিশ্বকাপে যাবেন ২০১৮ সালে। বিশ্বকাপের বাছাইপর্বের বাধা পেরোনো সহজ কাজ নয়। কিন্তু এই কাজটা যেন কুইরোজের চেয়ে ভালো আর কেউ জানেন না!
গর্বিত কুইরোজ নিজেও, ‘আমি সত্যিই খুব গর্বিত এই অর্জনে। অন্য কোচরা চারটি বিশ্বকাপে খেলেছেন, তবে আমার মতো ভিন্ন তিনটি দল নিয়ে নয়।’
সম্প্রতি উজবেকিস্তানকে ২-০ গোলে হারিয়ে প্রথম এশীয় দল হিসেবে ২০১৮ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ইরান। ৭২০ মিনিট গোল হজম না করাটাও কুইরোজের অধীনে ইরানের দারুণ এক অর্জন। গত বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ইরানের ম্যাচটি নিশ্চয়ই সবার মনে আছে। লিওনেল মেসির শেষ মুহূর্তের জাদুতে কোনোমতে জিতেছিল সে আসরে ফাইনালে ওঠা আর্জেন্টিনা। চার বছর ধরে ফিফা র‍্যাঙ্কিংয়ে এশিয়ার এক নম্বর জায়গাটাও কুইরোজের অধীনে দারুণভাবে ধরে রেখেছে ইরান।
চারটি বিশ্বকাপে কোচ হিসেবে কাজ করার রেকর্ড আছে ইংলিশ কোচ ওয়াল্টার উইন্টারবটম, পশ্চিম জার্মানির হেলমুট শনের পাশে। উইন্টারবটম ১৯৫০ থেকে টানা চার বিশ্বকাপে ইংল্যান্ডের কোচ ছিলেন। শন ১৯৬৬ থেকে ১৯৭৮ পর্যন্ত চারটি বিশ্বকাপে কোচ ছিলেন পশ্চিম জার্মানির। কুইরোজের পাশে বসার সুযোগ আছে অস্কার তাবারেজও। ২০১৮ বিশ্বকাপে উরুগুয়ে সুযোগ পেলে সেটি হবে লাতিন দেশটির সঙ্গে তাবারেজের চতুর্থ বিশ্বকাপ।
শুধু ভিন্ন ভিন্ন দলকে বিশ্বকাপে নিয়ে যাওয়ার মধ্যেই কুইরোজের রেকর্ড বা কীর্তি লুকিয়ে নেই; তিনি যে দলগুলোর দায়িত্ব পালন করেছেন, তারা কেউই ফুটবলের পরাশক্তি নয়।
এ কারণে তাঁকে কোচ বানাতে আগ্রহী অনেক দেশই। অস্ট্রেলিয়া তো রীতিমতো প্রলোভন দেখাচ্ছে। অস্ট্রেলিয়ার কোচ হলে কুইরোজের আরও একটি বিশ্বকাপে ভিন্ন দল নিয়ে খেলতে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তবে ৬৪ বছর বয়সী কোচ ২০২২ সাল পর্যন্ত কোচিং পেশায় থাকবেন কি না, সেটিও প্রশ্ন।
কখনো বিশ্বকাপ ট্রফির স্বাদ পাওয়া হয়নি কুইরোজের। ১৯৮৯ ও ১৯৯১ সালে অবশ্য পর্তুগাল অনূর্ধ্ব-২০ দলকে টানা দুবার যুব বিশ্বকাপ জিতিয়েছিলেন। সূত্র: এএফপি।