বিশ্বকাপে যেতে পারবে তো হল্যান্ড?

‘আমরা সোফিয়ায় এসেছিলাম ভালো খেলতে। জয় পেতে। কিন্তু ম্যাচটা যেন শেষ হলো দুঃস্বপ্নের মধ্য দিয়ে। আমি এ নিয়ে আর কীইবা বলতে পারি।’ বিশ্বকাপ বাছাইপর্ব ইউরোপের গ্রুপ ‘এ’র ম্যাচে কাল বুলগেরিয়ার কাছে ২-০ গোলে হেরে ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে পা রাখার মিশনটা কঠিন করে তুলেছে হল্যান্ড। ম্যাচটা হেরে এতটাই বিধ্বস্ত আরিয়েন রোবেন যে প্রতিক্রিয়াটা সারলেন খুব সরল উক্তিতে। আসলেই দুঃস্বপ্ন। নির্দিষ্ট করে বলতে গেলে খেলা শুরুর ২০ মিনিটের দুঃস্বপ্নেই এলোমেলো কমলা-বাহিনী। দুই গোল খেয়ে ম্যাচের বাকিটা সময় যখন তারা গা ঝাড়া দিয়ে উঠতে চাইল, তখন দেরি হয়ে গেছে অনেকটাই।
১৯৩১ সালের পর সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে হল্যান্ডের জার্সিতে অভিষেক হয়েছিল ১৭ বছরের ম্যাথিস ডি লিটের। কিন্তু অভিষেকটা তাঁর হয়ে রইল দুঃস্বপ্ন ঘেরা। তাঁর ভুলেই বল পেয়ে বুলগেরিয়াকে এগিয়ে দেন স্পাস দেলেভ। দেলেভই হল্যান্ডের দুঃস্বপ্নটাকে ভৌতিক রূপ দেন তাঁর দ্বিতীয় গোলে।
দুই গোলে পিছিয়ে ডাচ বাহিনী আধিপত্য বিস্তারের চেষ্টা করেছিল। কিন্তু বুলগেরীয় গোলকিপার নিকোলাই মিহাইলভ যেন চীনের প্রাচীরকে সোভিয়ায় এনে দাঁড় করিয়েছিলেন। হল্যান্ডের একের পর এক প্রচেষ্টা দারুণভাবে প্রতিহত করেন এই মিহাইলভ। ড্যাভি ক্লাসেনের একটি তীব্র শট যে মিহাইলভ কী দক্ষতায় ঠেকালেন, তা অবাক করেছে সবাইকে।
ম্যাচ শেষে অবশ্য তরুণ ম্যাথিজিসকে একেবারেই কাঠগড়ায় দাঁড় করাতে চাইলেন না রোবেন, ‘আমরা সবাই ভুল করেছি। পুরো খেলায় ছিল ভুলের ছড়াছড়ি। কেবল ম্যাথিজিসকে দোষ দিয়ে কী লাভ। একে অন্যকে দোষারোপ করে কোনো লাভ নেই। আমরা ম্যাচটা হেরেছি। এটাই সত্য। এটাই বাস্তবতা।
এই ম্যাচ হেরে গ্রুপে চতুর্থ স্থানে হল্যান্ড। শীর্ষে থাকা ফ্রান্সের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ৭। দ্বিতীয় স্থানে আছে সুইডেন। সুইডিশদের চেয়ে হল্যান্ড পিছিয়ে ৩ পয়েন্টে। বুলগেরিয়া ৯ পয়েন্ট নিয়ে আছে গ্রুপের তৃতীয় স্থানে। সূত্র: এএফপি, গোল ডটকম।