বিশ্বকাপে 'ইতালি-কোটা' চান লিপ্পি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ জেতা কোচ লিপ্পি বুফনদের ছাড়া বিশ্বকাপের কথা ভাবতেই পারছেন না। ফাইল ছবি
বিশ্বকাপ জেতা কোচ লিপ্পি বুফনদের ছাড়া বিশ্বকাপের কথা ভাবতেই পারছেন না। ফাইল ছবি

গতকাল রাতে হয়ে গেল বিশ্বকাপ ফুটবলের জমকালো ড্র। অনেকেই হয়তো আনমনে খুঁজেছেন একটি নাম—ইতালি। কিন্তু আটটি গ্রুপের ৩২টি দলের মধ্যে কোথাও ছিল না চারবারের বিশ্বকাপজয়ী দেশটির নাম। সুইডেনের কাছে প্লে-অফে হেরে যাওয়ায় ৬০ বছর পর বিশ্বকাপে থাকছে না ইতালি।

বিশ্বকাপের আকাশে দেখা যাবে না নীল রং, যা ফুটবলপ্রেমীদের মেনে নেওয়া কষ্টের। ৬০ বছর পর বিশ্বকাপে ইতালির না থাকাটা মেনে নিতে পারছেন না আজ্জুরিদের সাবেক কোচ মার্সেলো লিপ্পি। ৬৯ বছর বয়সী এই ইতালিয়ান সরাসরি বলে দিয়েছেন, ‘বিশ্বকাপে ইতালির কোটা থাকা উচিত।’ বর্তমানে চীন জাতীয় দলের দায়িত্ব পালন করা লিপ্পি ২০০৬ বিশ্বকাপ জেতা ইতালি দলের কোচ ছিলেন।

ইতালির সঙ্গে বাছাইপর্ব থেকে ছিটকে গিয়েছে শেষ আসরের তৃতীয় হওয়া নেদারল্যান্ডসও। এমন শক্তিশালী দলগুলোর জন্য ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার বিশেষ বিবেচনা থাকা উচিত বলে মনে করেন লিপ্পি, ‘শক্তিশালী দলগুলো ছাড়া ফুটবল বিশ্বকাপ পরিপূর্ণ নয়। বিশ্বকাপের ইতিহাসসমৃদ্ধ দলগুলোকে স্বাগতিক দেশের মতো সম্মান জানানো উচিত।’ এ ছাড়া ইউরোপ ও দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে আটটি করে দলের সরাসরি খেলা উচিত বলে মনে করেন তিনি।

২০০৬ বিশ্বকাপজয়ী কোচ আর্জেন্টিনার প্রসঙ্গ টেনে বলেন,‌ ‘আর্জেন্টিনা শেষ মুহূর্তে বিশ্বকাপ নিশ্চিত করেছে। একবার ভেবে দেখুন, আর্জেন্টিনা বাছাইপর্ব উতরাতে না পারলে মেসিকে ছাড়া বিশ্বকাপ হতো, যা কখনোই সঠিক হতো না।’ সূত্র: গোলডটকম।