বিশ্বকাপে 'ভুতুড়ে' গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোললাইন প্রযুক্তি আসার আগেই এমন সব ঘটনা ঘটেছে ফুটবলে। ছবি মার্কা।
গোললাইন প্রযুক্তি আসার আগেই এমন সব ঘটনা ঘটেছে ফুটবলে। ছবি মার্কা।

প্রথমবারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠেছে পানামা। কপাল পুড়েছে যুক্তরাষ্ট্রের। তবে বিতর্ক উঠেছে পানামার প্রথম গোলটি নিয়ে। ভিডিও দেখে মনে হয়েছে, বল গোললাইন অতিক্রম করেনি, অথচ গোলের বাঁশি বাজিয়েছেন রেফারি। ফুটবলে এমন ভুতুড়ে গোলের সংখ্যা কিন্তু ভূরি ভূরিই।

রুশ লাইন্সম্যানের বদান্যতা
ইংল্যান্ড তাদের একমাত্র বিশ্বকাপ জিতেছিল ১৯৬৬ সালে। ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করেছিলেন জিওফ হার্স্ট। ৪-২ গোলের ম্যাচে তৃতীয় গোলটি নিয়ে ঘোরতর সংশয় রয়েছে। ক্যামেরায় গোল মনে না হলেও রুশ লাইন্সম্যান কিন্তু সেদিন গোলের সিদ্ধান্ত দিয়েছিলেন।

ঈশ্বরের হাত
ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত-সমালোচিত ম্যাচ। ৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে জিতেছিল আর্জেন্টিনা। দুটি গোলই ছিল ম্যারাডোনার। দ্বিতীয় গোলটি ইতিহাসসেরা হলেও প্রথম গোলটি তিনি করেছিলেন হাত ছুঁয়ে। রেফারি-লাইন্সম্যানের দৃষ্টি এড়িয়ে গেলেও খোদ ম্যারাডোনা সাংবাদিকদের সেই গোল সম্পর্কে পরোক্ষ স্বীকারোক্তি দিয়েছিলেন। বলেছিলেন, গোলটি ছিল ‘ঈশ্বরের হাতে’র। দ্বিতীয় গোল করার পথে পাঁচজন ইংলিশ ফুটবলারকে বোকা বানিয়েছিলেন। শতাব্দীর সেরা গোলের খেতাব পেয়েছিল সেটি।

অঁরির হাতে মৃত আইরিশদের ভাগ্য
২০১০ বিশ্বকাপের বাছাইপর্বে ফ্রান্স-আয়ারল্যান্ড ম্যাচ গড়িয়েছিল অতিরিক্ত সময়ে। ফ্রান্সের জয়সূচক গোল করেছিলেন উইলিয়াম গালাস, ‘সহায়তা’য় থিয়েরি অঁরি। কিন্তু অঁরির সেই ‘সহায়তা’ সমালোচনার বান ডেকেছিল ফুটবল দুনিয়ায়। একটি ক্রস নিয়ন্ত্রণে নিতে গিয়ে হাত দিয়ে বল থামিয়েছিলেন অঁরি, কিন্তু রেফারি দেখতে পাননি। পরমুহূর্তেই সেই বল তিনি ঠেলেন গালাসের দিকে। গালাসের গোলে বিশ্বকাপ থেকে ছিটকে যায় রবি কিনের আয়ারল্যান্ড।

তেভেজের অফসাইড গোল
২০১০ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে মেক্সিকোর মুখোমুখি হয়েছিলেন মেসিরা। প্রথম গোল করার সময় পরিষ্কার অফসাইড ছিলেন তেভেজ। পরে সেই গোল স্টেডিয়ামের স্ক্রিনে দেখানো হয়। দর্শকেরা দুয়ো দিলেও সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ ছিল না।

জার্মানদের প্রতিশোধ
মিডফিল্ডার ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের শট গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে ফাঁকি দিয়ে লাইনের ওপারে পড়েছিল। কিন্তু রেফারি গোল দেননি। জার্মানি ম্যাচটা জিতেছিল ৪-১ ব্যবধানে। এই ঘটনাকে হার্স্টের গোলের প্রতিশোধ হিসেবে বর্ণনা করেছিল জার্মান সংবাদমাধ্যম। ২০১০ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের এই দুই ঘটনার পরই গোললাইন প্রযুক্তি ব্যবহারের দাবি জোরালো হয়। সূত্র: মার্কা।