বিশ্বকাপেই খেলতে পারে কৃষ্ণারা!
বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল দল গত ২৫ জুন জাপান থেকে ফিরেছে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলে। ৯ জুলাই চারটি প্রস্তুতি ম্যাচ খেলতে এবার যাচ্ছে তারা দক্ষিণ কোরিয়ায়।
প্রস্তুতি ম্যাচগুলো হবে কোরিয়া অনূর্ধ্ব-১৬ দল, দুটি স্কুল দল ও একটি মহিলা ফুটবল ক্লাবের সঙ্গে। প্রস্তুতি ম্যাচের পাশাপাশি কোরিয়ার পাজু ন্যাশনাল ফুটবল সেন্টারে হবে অনুশীলন।
কোরিয়া থেকে ফেরার পর আগস্টের শেষ সপ্তাহে প্রস্তুতি ম্যাচ খেলতে মেয়েদের যাওয়ার কথা ভিয়েতনামে। সেখান থেকে সরাসরি থাইল্যান্ডে যাবে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের মূলপর্বে খেলতে। আগামী ১০-২৩ সেপ্টেম্বর থাইল্যান্ডের চনবুরি শহরে হবে এই প্রতিযোগিতা।
মেয়েরা এর আগে দুবার প্রস্তুতি ম্যাচ খেলে এসেছে জাপানে। চীন ও সিঙ্গাপুরেও প্রস্তুতি ম্যাচ খেলে এসেছে তারা। এবার দক্ষিণ কোরিয়ায় গিয়ে সেখানকার বয়সভিত্তিক ও ক্লাব দলগুলোর সঙ্গে খেলবে। এই প্রীতি ম্যাচগুলোয় খেলে মেয়েদের আত্মবিশ্বাস বাড়বে বলে মনে করেন বাফুফের টেকনিক্যাল ও স্ট্র্যাটেজিক্যাল ডিরেক্টর পল স্মলি, ‘মেয়েদের বেশি বেশি ম্যাচ খেলাতে চাই বলেই এবার পাঠানো হচ্ছে দক্ষিণ কোরিয়ায়। এই অভিজ্ঞতা থাইল্যান্ডে কাজে লাগবে। ওদের আত্মবিশ্বাস বাড়বে।’
গত জানুয়ারি থেকে জাতীয় দলের পাশাপাশি মেয়েদের বয়সভিত্তিক এই দল নিয়েও কাজ করছেন পল স্মলি। অনূর্ধ্ব-১৬ দলের মেয়েদের মধ্যে অপার সম্ভাবনা দেখছেন এই ব্রিটিশ, ‘এই দলের কয়েকটি মেয়ে খুবই সম্ভাবনাময়। বিশেষ করে কৃষ্ণা, নার্গিস, স্বপ্না তো দারুণ ফুটবল খেলে।’
থাইল্যান্ডে চূড়ান্ত পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ উত্তর কোরিয়া, জাপান ও অস্ট্রেলিয়া। জাপান, চীন, কোরিয়ায় গিয়ে খেলাটা তাই কাজে দেবে বলেই মানছেন স্মলি, ‘হয়তো আমরা ওখানে জাতীয় দলের সঙ্গে খেলার সুযোগ পাব না। কিন্তু ওদের খেলার ধরনটা তো বুঝতে পারব। কোরিয়ায় খেলা আমাদের জন্য আরেকটি বড় সুযোগ।’
এএফসির এই অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ এক অর্থে আগামী বছরের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের বাছাইপর্ব। থাইল্যান্ড থেকে সেরা তিনটি দল খেলার সুযোগ পাবে অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপে। স্মলি স্বপ্ন দেখেন কৃষ্ণারা বিশ্বকাপে খেলবে, ‘এখান থেকে গ্রুপের সর্বোচ্চ পয়েন্ট পাওয়া তিনটি দল বিশ্বকাপে খেলতে পারবে। আমরাও স্বপ্ন দেখছি এই তিন দলের একটি হতে। ছোটন ভালো কোচ। মেয়েদের সঙ্গে ওর বোঝাপড়াটা ভালো। আশা করি, মেয়েরা ভালোই খেলবে থাইল্যান্ডে।’