বিশ্বকাপের ট্রফি-পদক নিলামে তুলছেন পেলে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেলোয়াড়ি জীবনের মূল্যবান এই জিনিসগুলোই নিলামে তুলবেন পেলে। ছবি: স্কাই স্পোর্টস।
খেলোয়াড়ি জীবনের মূল্যবান এই জিনিসগুলোই নিলামে তুলবেন পেলে। ছবি: স্কাই স্পোর্টস।

ফুটবলের বিভিন্ন ঐতিহাসিক সামগ্রী সংগ্রহের অভ্যাস আছে যাঁদের, তাঁরা টাকাপয়সা জোগাড় করে প্রস্তুত হন। ফুটবল–ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা তারকা পেলে নিলামে তুলছেন তাঁর খেলোয়াড়ি জীবনের সব স্মারক!

ব্রাজিলের হয়ে জেতা জুলে রিমে ট্রফির রেপ্লিকা থেকে শুরু করে ‘এসকেপ টু ভিক্টরি’ ছবিতে ব্যবহৃত বুট; খেলোয়াড়ি জীবনের মূল্যবান প্রায় সব পুরস্কারই থাকছে এ মাসে লন্ডনে অনুষ্ঠেয় এই স্মারকে।

এগুলো কেন নিলামে তুলছেন পেলে? নিজের অবর্তমানে এসব সামগ্রীর ভবিষ্যৎ নিয়ে পেলের মধ্যে তৈরি হওয়া শঙ্কাই নাকি বাধ্য করছে এই নিলামের!

নিলাম সংস্থা জানিয়েছে, এই নিলামের বেশ কিছু কারণ আছে। তবে বেশির ভাগই কারণই পেলের ব্যক্তিগত।

এ ব্যাপারে ক্রীড়া বিশেষজ্ঞ ড্যান নেলেস বলেছেন, পেলে ঠিক নিশ্চিত নন, তাঁর অবর্তমানে তাঁর পরিবারের সদস্যরা এই সামগ্রীগুলো ঠিকঠাক রাখবে কি না। পেলে চান, এই সামগ্রীগুলো ছড়িয়ে-ছিটিয়ে থাকুক। তিনি এই সামগ্রীগুলো নিলামে বিক্রি করে এর একটি অংশ ব্রাজিলের একটি শিশু হাসপাতালকে দিতে চান।

নিলামে যেসব সামগ্রী ওঠানো হবে, তার প্রায় সব কটিই ক্রীড়া রোমান্টিকদের ব্যাপক আকর্ষণের বিষয় হবে বলে মনে করা হচ্ছে। জুলে রিমে ট্রফির রেপ্লিকা, ব্রাজিলের হয়ে জেতা বিশ্বকাপ পদক, জার্সি, বুট, ক্যারিয়ারের ১০০০ গোল করার বল—লোভনীয় এসব সামগ্রী বিক্রি করে প্রায় ৪১ লাখ ইউরো উঠবে বলে ধারণা করা হচ্ছে। তবে অনেক সময় নিলামে ঐতিহাসিক সামগ্রী ধারণার চেয়ে অনেক বেশি দামে বিক্রি হয়ে থাকে। সূত্র: স্কাই স্পোর্টস।