বিশ্বকাপের ফাইনালের দিনেই উইম্বলডনের ফাইনাল

ফুটবল দুনিয়ার সবচেয়ে বড় আকর্ষণ এখন সগৌরবে চলছে। ফুটবলের সেরা আসর নিঃসন্দেহে বিশ্বকাপ, আর টেনিসে এই তকমা নেবে উইম্বলডন। ঘাসের মাঠে একমাত্র গ্র্যান্ড স্লাম হলো অল ইংল্যান্ড ক্লাবের এই টুর্নামেন্ট। কিন্তু এবার হিসাবে একটা গরমিল করে ফেলেছে তারা। বিশ্বকাপের ফাইনালের দিনেই ছেলে এককের ফাইনালের দিন পড়েছে!
অল ইংল্যান্ড ক্লাব তবু সূচিতে নড়চড় করবে না। বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় শুরু হবে উইম্বলডনের ফাইনাল। ইংল্যান্ডে তখন বেলা ২টা। আর তারই ২ ঘণ্টা পর শুরু হবে বিশ্বকাপের ফাইনাল। অর্থাৎ ফাইনাল ম্যাচ ২ ঘণ্টা গড়ালেই দর্শকদের একসঙ্গে দুই চ্যানেল খোলা রাখা ছাড়া উপায় থাকবে না।
অল ইংল্যান্ড ক্লাবের সামনে সুযোগ ছিল টেনিসের সবচেয়ে পুরোনো গ্র্যান্ড স্লামের সময় পরিবর্তন করার। কিন্তু তারা তা করবে না। অল ইংল্যান্ড ক্লাবের প্রেসিডেন্ট বলেছেন, ‘কয়েক বছর ধরেই ফাইনাল ম্যাচ ঠিক ২টায় হচ্ছে, এই সময়সূচি পরিবর্তন সম্ভব নয়। এমনকি ম্যাচের টিকিট পর্যন্ত বিক্রি হয়ে গেছে। সবাই এই ম্যাচ দেখার জন্য অনেক উৎসাহী।’
বিশ্বকাপ এখানে তেমন প্রভাব ফেলবে না বলেই মনে করেন রিচার্ড লুইস, ‘ইংল্যান্ডের সাফল্যে অনেকেই খুশি, ফুটবলের ব্যাপারে কেউ এখনো কিছু বলেনি। তবে আমরা বলতে পারি, এখানে বিনা মূল্যে ওয়াই–ফাই আছে, কেউ চাইলেই নির্বিঘ্নে ফুটবল ম্যাচ দেখতে পারেন।’
কাউন্টি ক্রিকেটের ইয়র্কশায়ার ও ডার্বিশায়ারের টি-টোয়েন্টি ব্লাস্ট ম্যাচের সময় পড়েছিল ইংল্যান্ড-ক্রোয়েশিয়া সেমিফাইনাল। যে কারণে সেই ম্যাচের সময় পর্যন্ত বদলানো হয়েছে।
উইম্বলডনের পুরুষ বাছাইয়ের এখন পর্যন্ত বড় তারকারা টিকে আছেন বহাল তবিয়তেই। কিন্তু নারী বাছাইয়ের শীর্ষ দশের কেউই এখনো টিকে নেই। টিকে আছেন মাতৃত্বকালীন ছুটি থেকে ফেরা সেরেনা উইলিয়ামস। ফেদেরার বিপক্ষে ফাইনালে নাদাল কিংবা জোকোভিচের মুখোমুখি হওয়ার সম্ভাবনা টিকে আছে এখনো। যদি উইম্বলডন ফাইনালে ‘বিগ থ্রি’-এর যেকোনো দুজন ফাইনালে পৌঁছায়, তবে টেনিস-ফুটবল ভক্তদের জন্য একসঙ্গে দুই টিভি খোলা রাখা ছাড়া উপায় থাকবে না।