বিশ্বকাপের মতো ঘন ঘন রং বদলাচ্ছে নেইমারের চুল

বিশ্বকাপ যত এগোচ্ছে, নেইমারের চুলের ছাঁট নিয়ে আলোচনাও তত বাড়ছে। ব্রাজিল তারকা নিজেই তার রসদ জুগিয়ে যাচ্ছেন। প্রথমে লম্বা সোনালি চুল নিয়ে হাজির হয়েছিলেন, সেটা অবশ্য নুডলস নামেই পরিচিতি বেশি পেয়েছে। পরে সেটা একটু ছোট হয়েছে, নুডলস রূপ নিয়েছিল হালকা সোনালি ঘাসে। আর আজ মেক্সিকো ম্যাচের আগে সোনালি রংটা ঢেকে গেছে কালো রঙে।
বিশ্বকাপের শুরুতে সুইজারল্যান্ডের বিপক্ষে নতুন চুলের ছাঁটে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু নুডলসের মতো চুলগুলো তাঁর জন্য সৌভাগ্য বয়ে আনতে পারছিল না। তাই এক ম্যাচ যেতে না–যেতেই কোস্টারিকার বিপক্ষে চুলের নতুন ছাঁট নিয়ে হাজির হন নেইমার। চুলের রং আগের মতোই রেখেছিলেন, কেবল আকৃতিটা একটু ছোট ছিল। তবে সেই সোনালি-হলুদ ছোট চুলের ছাঁটেও বেশি দিন স্থির থাকেননি এই স্ট্রাইকার।
আজ মেক্সিকোর বিপক্ষে নতুন চুলের ছাঁটে দেখা যাবে নেইমারকে। এবার আর আকৃতির কোনো পরিবর্তন আসেনি, এবার পরিবর্তনটা এসেছে রঙে। হলদে সোনালির বদলে আজ কালো চুলেই দেখা যাবে নেইমারকে।
ওদিকে নেইমারের চুল কালো হতেই উল্টো দিকে রং লাগানোর উৎসব নেমেছে। এর মধ্যেই ব্রাজিল ম্যাচের প্রস্তুতি হিসেবে চুল সাদা করেছেন হাভিয়ের হার্নান্দেজ। মেক্সিকোর সর্বোচ্চ গোলদাতা নেইমারকে খোঁচা দিতেই এ কাজ করেছেন কি না কে জানে!