বিশ্বকাপের লাভ বায়ার্নে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ মানেই ফুটবলের মহাযজ্ঞ, এক মাসের অফুরান বিনোদন। তবে পৌষ মাসটা যখন ফুটবল-ভক্তদের, সর্বনাশটা তখন ফুটবল ক্লাবগুলোর। ওই এক মাসে যে বড় ক্লাবগুলোকে একরকম আঙুল চুষেই দিন কাটাতে হয়! একটা সান্ত্বনা অবশ্য আছে, ফিফা ‘ক্ষতিপূরণ’ হিসেবে ক্লাবগুলোকে বেশ কিছু টাকা দেয়। সেই টাকাটা সবচেয়ে বেশি গেছে এবার বায়ার্ন মিউনিখের কোষাগারে।
বিশ্বকাপে সবচেয়ে বেশি ধকল গেছে বায়ার্নের ওপর দিয়েই, জার্মানি দলেই সাতজন বায়ার্নের খেলোয়াড় ছিলেন। ফিফার দেওয়া ৬ কোটি ইউরোর ১৪ লাখ গেছে বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের কাছে। এরপরই আছে রিয়াল মাদ্রিদ, চ্যাম্পিয়নস লিগজয়ীদের ১২ জন খেলোয়াড় ছিলেন ব্রাজিলে। রিয়াল পেয়েছে প্রায় ১১ লাখ ইউরোর মতো। প্রায় ১০ লাখ ইউরো নিয়ে চেলসি ও বার্সেলোনা আছে কাছাকাছিই। ম্যানচেস্টার ইউনাইটেড, নাপোলি, আর্সেনাল, জুভেন্টাস ও ম্যানচেস্টার সিটি পরের সারিতে। সবসুদ্ধ দিনে ২১২০ ইউরো করে পেয়েছে ৫৭ দেশের ৩৯৬টি ভিন্ন ভিন্ন ক্লাব।
সামনের বছর ইউরোতে ক্লাবগুলোর লাভ আরও বেশি হবে, ক্লাবগুলোর জন্য উয়েফার বরাদ্দ প্রায় ১৫ কোটি ইউরো! ইএসপিএন, মার্কা।