বিশ্বকাপের স্বাগতিকদের এই হাল!

বিশ্বকাপ ফুটবলের পরবর্তী আয়োজক দেশ বলেই কিনা এবারের ইউরোয় রাশিয়ার দিকে ছিল ফুটবলবোদ্ধাদের একটু বাড়তি মনোযোগ। কিন্তু তিন ম্যাচে ১ পয়েন্ট নিয়ে সেই রাশিয়ারই ইউরো থেকে ঘটে গেছে বিদায়। ইংল্যান্ডের বিপক্ষে কোনোমতে ড্র করার পর স্লোভাকিয়ার কাছে ২-১ গোলের হার; সর্বশেষ গতরাতে ওয়েলসের কাছে ৩-০ গোলে উড়ে যাওয়ার পর প্রশ্ন উঠেছে, দুই বছর বাদে নিজ দেশে অনুষ্ঠেয় প্রথম বিশ্বকাপে কী করবে রাশানরা?
রাশিয়ার কোচ লিওনিদ স্লাতস্কি নিজেদের ব্যর্থতা স্বীকার করে নিয়ে বলেছেন, ‘এটাই আমাদের দেশের সেরা দল। দেশের সেরা ২৩ ফুটবলারকে নিয়েই তো খেলতে এসেছিলাম ইউরো।’ বিশ্বকাপের স্বাগতিক দেশ গ্রুপ পর্বে বাদ পড়লে এমনিতেই অনেকটাই রং হারিয়ে ফেলে সেই আসর। রাশিয়া নিজেদের গুছিয়ে নেওয়ার বেশি সময়ও তো পাচ্ছে না। অথচ ২০০৮ ইউরোর সেমিফাইনালে উঠে গিয়ে উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি দিচ্ছিল রাশিয়া। সেখান থেকে পরের দুটি ইউরোতে গ্রুপ পর্বেই বিদায়!
বিশ্বকাপ ফুটবলের স্বাগতিক দেশ নিজেদের মেলে ধরতে ব্যর্থ হলে স্বাভাবিকভাবেই এর একটা প্রভাব পড়ে পুরো আয়োজনের মধ্যে। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপ বাদ দিলে সর্বশেষ আটটি বিশ্বকাপের প্রতিটিতেই স্বাগতিক দল কমপক্ষে দ্বিতীয় রাউন্ড পর্যন্ত গেছে। ২০১০ সালের স্বাগতিক দেশ দক্ষিণ আফ্রিকা ফুটবল–দুনিয়ার খুব বড় শক্তি ছিল না। কিন্তু বিশ্বের অন্যতম পরাশক্তি দেশ রাশিয়ার ব্যর্থতাটা রীতিমতো চোখে বিঁধছে।
এবারের ইউরোয় রাশিয়ান ফুটবল নিয়ে যে সমস্যাটা সামনে এসেছে, সেটা হচ্ছে, এই দলের কোনো নতুন তারকার জন্ম হচ্ছে না। দলের দুই সেরা খেলোয়াড় ভাসিল বেরেজুতস্কি ও সের্গেই ইগানশেভিচের বয়স যোগ করলে হচ্ছে ৭০! কাল রাতে ওয়েলসের বিপক্ষে দলের খেলোয়াড়দের বয়স ও বড় আসরে বিশ্বসেরা ফুটবলারদের সামনে তাঁদের অক্ষমতা বাজেভাবেই উন্মোচিত হয়ে গেছে।
এমনিতেই ইউরোয় নিজেদের প্রথম ম্যাচেই দর্শক-হাঙ্গামার কারণে বেশ বিব্রতকর অবস্থায় পড়েছে রাশিয়া। রুশ ফুটবল-সমর্থকদের তাণ্ডবের রেশ কাটতে না কাটতেই নতুন একটা দৃশ্যপট রাশিয়ান ফুটবলকে বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে। কাল ওয়েলসের বিপক্ষে অধিনায়ক রোমান শিরোকভকে তুলে নেওয়ার পর অধিনায়কত্বের আর্মব্যান্ড কে নেবেন, এটা নিয়ে রীতিমতো নাটক হয়েছে মাঠের মধ্যে। প্রথমে সিনিয়র খেলোয়াড় ইগানশেভিচকে আর্মব্যান্ড দেওয়া হলে তিনি তা নিতে অস্বীকৃতি জানান। পরে অবশ্য তা পরতে হয়েছে গোলরক্ষক ইগর আকিনফিভকে। কিন্তু তিনিও যেন অধিনায়কের বাহুবন্ধনী নিতে নিমরাজি!
ম্যাচ শেষে কোচ স্লাতস্কি স্বীকার করেছেন নিজেদের ব্যর্থতা। বলেছেন, ‘সেরা ২৩ ফুটবলারকে নিয়ে ইউরো খেলতে এসেছিলাম। ফলের অবস্থা যদি এই হয়, তাহলে বুঝতে হবে রাশিয়ান ফুটবল ঠিক পথে চলছে না।’
বেরেজুতস্কি বলেছেন, ‘আমাদের নতুন নতুন ফুটবলার তৈরি করতে হবে। প্রতিভার অন্বেষণ করতে হবে। রাশিয়ান ফুটবলারদের অবশ্যই ঘরের মায়া ত্যাগ করে ইউরোপের সেরা লিগগুলোতে খেলতে যেতে হবে। রাশিয়ান ফুটবলাররা প্রায় সবাই নিজেদের লিগে খেলেই অভ্যস্ত। এর মানে আমরা নিজেদের একটা নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ করে ফেলেছি। ফলে ইউরোপের অন্য দেশের খেলোয়াড়দের তুলনায় আমাদের সামর্থ্যও একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে থাকছে।’ সূত্র: রয়টার্স।