বিশ্বজয়ীরা রুপালি পর্দায়

মারাকানায় মারিও গোটশের বাঁ পায়ের সেই শটটা আর্জেন্টিনার জালে যাওয়ার পর মাস চারেক পেরিয়ে গেছে। অথচ বেশির ভাগ জার্মানের কাছে সেটা যেন গতকালের ঘটনা! বিশ্বজয়ের স্মৃতি এখনো এতটাই টাটকা! ভুলোমনা সমর্থকদের কারও কারও স্মৃতির ফ্রেমে যদি একটু-আধটু ধুলো পড়েও থাকে, সেটা ঝেড়েমুছে আবার ঝকঝকে করে দিতে আসছে ডি মানশাফট। বিশ্বজয়ী জার্মানি দলকে নিয়ে বানানো প্রামাণ্যচিত্র, যেটির প্রিমিয়ার হচ্ছে আগামীকাল বার্লিনে।
২০১৪ বিশ্বকাপের প্রস্তুতির সময় থেকে শুরু করে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল পর্যন্ত বিভিন্ন সময়ের ফুটেজ নিয়ে একটা ভিডিওচিত্র বানিয়েছিল জার্মান ফুটবল ফেডারেশন। প্রাথমিক উদ্দেশ্য ছিল নতুন প্রজন্মের জার্মান ফুটবলারদের এ ভিডিওর মাধ্যমে উৎসাহিত করা। কিন্তু বিশ্বকাপ জয়ের পর সেই ফুটেজগুলো সম্পাদনা করে এবং এর সঙ্গে আরও কিছু সাক্ষাৎকার জোড়া দিয়ে বানানো হলো ডি মানশাফট।
প্রামাণ্যচিত্রের শুরুটাও হয়েছে বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানি ব্রাজিলকে ৭-১ গোলে হারানোর পর তখনকার ইংল্যান্ড অধিনায়ক স্টিভেন জেরার্ডের একটা কথা দিয়ে, ‘ব্রাজিলের নেইমার আছে, আর্জেন্টিনার আছে মেসি, পর্তুগালের রোনালদো। কিন্তু জার্মানির আছে একটা দল।’ প্রামাণ্যচিত্রের গল্পটাও জার্মানির এই ‘একটা দল’ হয়ে ওঠা নিয়ে। প্রস্তুতি এবং বিশ্বকাপের সময়ে সেই ভিডিওগুলো ধারণ করার অভিজ্ঞতা শোনাতে গিয়ে জার্মানির ম্যানেজার অলিভার বিয়েরহফ বলেছেন, ‘বিশ্বকাপের সময়ে আমরা যেসব অনুভূতির মধ্য দিয়ে গেছি তার সবই আছে এ সিনেমায়। আমি তো ওদের বলে রেখেছিলাম, আমরা বিশ্বচ্যাম্পিয়ন হব এটা ধরে নিয়েই যেন ভিডিও করা হয়। কীভাবে বিশ্বচ্যাম্পিয়ন হলাম, সেটা জার্মান সমর্থকেরা এ সিনেমা দেখেই বুঝবে। আর কিছু দারুণ গোল তো আছেই।’
একই দিনে জোয়াকিম লো ও তাঁর দল পাচ্ছে জার্মানির সর্বোচ্চ ক্রীড়া সম্মাননা সিলভার লরেল লিফ। বার্লিনের শ্লস বেলভুতে জার্মান প্রেসিডেন্ট জোয়াকিম গউকের বাসভবনে সেই সম্মাননার পাশাপাশি চতুর্থবারের মতো বিশ্বকাপ জয়ের স্মারক হিসেবে ফিফার কাছ থেকে বিশ্বজয়ীর ব্যাজও পাবে জার্মান দল। এ মাসে ইউরোর বাছাইপর্বে জিব্রাল্টার ও স্পেনের সঙ্গে প্রীতি ম্যাচে জার্মানি খেলবে ওই ব্যাজ পরেই। এএফপি।