বিশ্বসেরা আগুয়েরো!

এবারের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় তাঁর নাম নেই, ছিল না কখনোই। ক্যারিয়ারে চ্যাম্পিয়নস লিগ বা বিশ্বকাপও জেতেননি কখনো। লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে এক বন্ধনীতে তাঁর নাম আসার কথাও না। কিন্তু সার্জিও আগুয়েরো এখন ম্যানচেস্টার সিটির হয়ে এমনই ফর্মে, সতীর্থ পাবলো জাবালেতা বলে ফেলছেন আগুয়েরো এ মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড়!
কথাটা প্রায় কেউই মানবেন না। আগুয়েরো এই মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকতে পারেন, ১৩ ম্যাচে ১৪ গোল করে ফেলতে পারেন, তাই বলে মেসি-রোনালদোর চেয়েও ভালো? জাবালেতার দাবি কিন্তু তাই, ‘আমার মনে হয় বর্তমান ফর্মের বিচারে সে বিশ্বের সেরা খেলোয়াড়। আমি ওকে অনেক দিন ধরে চিনি, এ মুহূর্তে সে তার ক্যারিয়ারের সেরা ফর্মে আছে। আশা করি, এটা সে ধরে রাখতে পারবে।’
জাবালেতা আগুয়েরোর ক্লাব ও জাতীয় দল সতীর্থ। তবে সিটির হয়ে আগুয়েরো যে তাঁর ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন, সেটির সঙ্গে দ্বিমত করা কঠিন। বায়ার্ন মিউনিখের সঙ্গেই চ্যাম্পিয়নস লিগের গত ম্যাচে করেছেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। সাউদাম্পটনের সঙ্গে পরের ম্যাচে গোল পাননি বটে, কিন্তু ২ গোল করিয়ে জয়ে রেখেছেন বড় অবদান। আর তিন দিন আগে সান্ডারল্যান্ডের সঙ্গে করেছেন জোড়া গোল। প্রিমিয়ার লিগের ইতিহাসে আগুয়েরোই গোলের জন্য সবচেয়ে কম সময় নিয়েছেন। আজ এভারটনের সঙ্গে ম্যাচের আগে জাবালেতার পর্যবেক্ষণ, ‘এই মুহূর্তে সে যা-ই করছে, মনে হচ্ছে এটা কত সহজ! সে ধারালো, ক্ষুধার্ত, দলের জন্যও সে বেশ খাটছে। সাধারণত স্ট্রাইকাররা বল নিয়েই খেলতে চায়, কিন্তু আগুয়েরো বল হারালেও দলের জন্য খুবই পরিশ্রম করছে। এ মুহূর্তে সে বিশ্বের সেরা স্ট্রাইকার, আমরা ভাগ্যবান যে ওকে পেয়েছি।’
আগুয়েরোর দিকে যেমন তাকিয়ে সিটি, অ্যালেক্সিস সানচেজের দিকে তেমন আর্সেনাল। আজ স্টোকের সঙ্গে ম্যাচের আগে আর্সেন ওয়েঙ্গার তো প্রশংসায় ভরিয়ে দিলেন, ‘সে দলে জয়ের মানসিকতা ফিরিয়ে এনেছে, অন্যদের মধ্যে এটা ছড়িয়েও দিয়েছে। এই পর্যায়ে ওর সমান গোল থাকলে আমি আকাশের চাঁদ হাতে পেয়ে যেতাম।’ আজ মাঠে নামছে শীর্ষস্থানে উড়তে থাকা চেলসিও, তাদের প্রতিপক্ষ নিউক্যাসল। নিজেদের মাঠে সান্ডারল্যান্ডকে আতিথ্য দেবে লিভারপুল।
লা লিগায় রিয়াল মাদ্রিদকে হাতছানি দিচ্ছে দুর্দান্ত এক রেকর্ড। আজ সেল্টা ভিগোর সঙ্গে জিতলে তারা ছুঁয়ে ফেলবে ফ্রাঙ্ক রাইকার্ডের বার্সেলোনার টানা ১৮ জয়ের রেকর্ড। গত সপ্তাহে মালাগার সঙ্গে জিতে নিজেদের টানা ১৫ ম্যাচে জয়ের রেকর্ড ভেঙে দিয়েছে রিয়াল। আজ অবশ্য কাজটা সহজ হবে না, সেল্টা ভিগো যে গত মাসে ন্যু ক্যাম্পে গিয়ে বার্সেলোনাকে হারিয়ে এসেছে! এএফপি।