বিশ্বসেরা ডিফেন্ডার? সেরা তিনেও থাকবেন না ফন ডাইক

ফন ডাইককে বিশ্বসেরা ডিফেন্ডার মানেন না রিচার্লিসন। ফাইল ছবি
ফন ডাইককে বিশ্বসেরা ডিফেন্ডার মানেন না রিচার্লিসন। ফাইল ছবি
>লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ফন ডাইককে বিশ্বের সেরা তিন ডিফেন্ডারের মধ্যেই রাখেন না এভারটনের স্ট্রাইকার রিচার্লিসন

দুদিন পর মার্সিসাইড ডার্বি। মর্যাদার লড়াইয়ে নামবে লিভারপুল শহরের দুই ক্লাব লিভারপুল ও এভারটন। এখন দুদলের শক্তির পার্থক্য যাই হোক না কেন, এটা নিশ্চিত করোনার এই সময়েও ফুটবল উত্তেজনার পারদ ওপরের দিকেই উঠছে। সেই উত্তেজনা আরেকটু বাড়িয়ে দিয়েছেন এভারটন স্ট্রাইকার রিচার্লিসন। 

লিভারপুল সমর্থকদের তাতিয়ে দিতেই কিনা, ব্রাজিল স্ট্রাইকারের দাবি লিভারপুলের ভার্জিল ফন ডাইক বিশ্বসেরা ডিফেন্ডারদের সঙ্গে এক পংক্তিতে বসার যোগ্য নন। অথচ এই সময়ে বিশ্বসেরা ডিফেন্ডারদের মধ্যে সবার ওপরেই থাকে ফন ডাইকের নাম।

ডেসিমপেডিডোস নামের এক ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারেই ফন ডাইককে নিয়ে কথা বলেছেন রিচার্লিসন। ২৩ বছর বছর বয়সী স্ট্রাইকার বললেন, 'লোকজন ওকে (ফন ডাইক) নিয়ে অনেক কথা বলে। হ্যাঁ, ও খুব ভালো ডিফেন্ডার। তবে আমি এরই মধ্যে ওকে ড্রিবলে পরাস্ত করেছি। যেহেতু মৌসুমটা ওর খুব ভালো গেছে তাই ওকে অনেকেই বিশ্বের সেরা তিনে রেখেছিল। কিন্তু আমার চোখে ওর চেয়েও ভালো ডিফেন্ডার আছে।'

কারা তাঁরা, সেই উত্তরটাও দিয়েছেন ২০১৮ সালে এভারটনে যোগ দেওয়া রিচার্লিসন, 'থিয়াগো সিলভা, মারকিনিওস ও সার্জিও রামোস।' এঁদের প্রথম দুজনই আবার রিচার্লিসনের ব্রাজিল–সতীর্থ।

রিচার্লিসন ফন ডাইকের চেয়ে সেরা তিন ডিফেন্ডার পেয়ে গেছেন। অথচ গত বছর ব্যালন ডি'অরে শুধুমাত্র লিওনেল মেসিই এগিয়ে ছিলেন ডাচ ডিফেন্ডারের থেকে।

ফন ডাইকের বিপক্ষে এ পর্যন্ত চার ম্যাচ খেলেছেন রিচার্লিসন। এর মধ্যে ব্রাজিলিয়ান স্ট্রাইকার গোল করতে পেরেছেন একটি। গত ডিসেম্বরে এবারের লিগে দুদলের প্রথম দেখায় এভারটনের ২–৫ গোলে হারের ম্যাচে দ্বিতীয় গোলটি করেছিলেন রিচার্লিসন।